আংশিক হিসাব বলছে, চলতি নভেম্বর মাসে পৌনে ২ বিলিয়ন ডলারের একটু বেশি রেমিট্যান্স পাওয়া যাবে। তাতে বছরে ২১-২২ বিলিয়ন ডলারের বেশি জুটবে না, যা বৈদেশিক মুদ্রার মজুতের অবক্ষয় ঠেকাতে পর্যাপ্ত নয়।
মূল চ্যালেঞ্জ হচ্ছে ওই হুন্ডির টাকাটা ফরমাল প্রণালিতে অর্থাৎ হিসাবি ধারায় টেনে আনা, পুলিশ দিয়ে বা গোয়েন্দা দিয়ে নয়।
হুন্ডি বা কালোবাজার যখন প্রকট হয়, তখন রাজনীতিকদের উচিত পুলিশের কাছে না গিয়ে অর্থনীতিবিদের কাছে আসা।
গভর্নরের কাজ হবে অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত আড়াই ভাগ প্রণোদনা বিতাড়িত করে সেটি বিনিময় হারের ন্যায্য হিসাবের সঙ্গে যুক্ত করা।
আমার শিশুকন্যার অসুস্থতার কারণে বাড়ি থেকে শতাধিক মাইল দূরে রচেস্টার নামক শহরে থাকতে হয়েছিল মাসখানেক। হাসপাতালের পশ্চিমা খাবারে রুচি হারিয়ে অগত্যা এক ভারতীয় দোকান খুঁজে বের করি। ওই দোকানের কয়েকটি জায়গায় চোখে পড়ল ভারতে মুদ্রা প্রেরণের বিজ্ঞাপন। কীভাবে কত দ্রুত মার্কিন ডলার চলতি বাজারমূল্যে ভারতের যেকোনো জায়গায় পাঠানো যায় তার আকর্ষণীয় আমন্ত্রণ।
ব্যাপারটা প্রযুক্তির ভাষায় ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, যা করতে প্রয়োজন ল্যাপটপ, কম্পিউটার বা স্মার্টফোনে কয়েকটা খোঁচা বা ক্লিক। কিছুক্ষণের মধ্যেই টাকা জমা হয়ে যাবে রেমিট্যান্স গ্রহীতার ব্যাংক অ্যাকাউন্টে। কয়েকটা অ্যাপস দাবি করছে, ওরা কয়েক মিনিটের মধ্যে গ্রহীতার অ্যাকাউন্টে টাকা জমা করে দেবে। ডিজিটাল বাংলাদেশ নিয়ে গর্বিত হওয়ার পরও আমরা যে সেখানে এখনো পৌঁছাতে পারিনি, প্রবাসী আয় বা রেমিট্যান্স না বাড়ার এটা প্রধান কারণ।
চলতি নভেম্বর মাসের আংশিক হিসাব থেকে বোঝা যাচ্ছে, এ মাসে পৌনে ২ বিলিয়ন ডলারের (পৌনে ২০০ কোটি ডলার) একটু বেশি রেমিট্যান্স পাওয়া যাবে। তাতে বছরে ২১ থেকে ২২ বিলিয়ন (এক বিলিয়নে ১০০ কোটি) ডলারের বেশি জুটবে না। এটি বৈদেশিক মুদ্রার মজুতের অবক্ষয় ঠেকাতে পর্যাপ্ত নয়, যা এখন নিট হিসাবে প্রায় ২৬ বিলিয়ন (২ হাজার ৬০০ কোটি) ডলারে ঠেকেছে।
এ মজুত মাত্র সোয়া তিন মাসের আমদানি ব্যয় মেটাতে পারে। স্বস্তির জন্য প্রায় ছয় মাসের আমদানি ব্যয় নির্বাহের মজুত থাকা দরকার। সেই লক্ষ্যে প্রতি মাসে প্রায় আড়াই বিলিয়ন ডলার (প্রায় ২৫০ কোটি ডলার) দেশে প্রবাহিত হওয়া উচিত। পৌনে ২ বিলিয়নকে আড়াই বিলিয়নে টেনে তোলা খুব কঠিন কাজ নয়।
আসলে আড়াই বিলিয়ন প্রতি মাসে ঠিকই আসছে। কিন্তু ইনফরমাল বা হুন্ডি চ্যানেলে পৌনে ২ বিলিয়নের বাড়তি যে টাকাটা দেশে প্রবেশ করে, সেটি তো আর কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে জমা পড়ে না। তাই মুদ্রার মজুত কমতেই থাকে এবং অর্থনীতি বিপদের কালো মেঘ দেখতে পায়।
মূল চ্যালেঞ্জ হচ্ছে ওই হুন্ডির টাকাটা ফরমাল প্রণালিতে অর্থাৎ হিসাবী ধারায় টেনে আনা। পুলিশ দিয়ে বা গোয়েন্দা দিয়ে নয়। চটপটে নীতি দিয়ে। দ্রুত প্রযুক্তি খাটিয়ে। যোগ্য বিনিময় হার বজায় রেখে। সর্বোপরি রেমিট্যান্স প্রেরক কিংবা গ্রহীতাকে নানা ঘোরপ্যাঁচের মধ্যে না ফেলে। আঙুলের দাগ গুনে দেখানো যাবে যে এর প্রত্যেক জায়গায় বাংলাদেশ ব্যাংকের ব্যর্থতা আছে এবং তা এখনো চলছে। এর ওপর যুক্ত হয়েছে সরকারের অর্থ মন্ত্রণালয়ের অ-বাজারীয় নীতি গোঁয়ার্তুমি, যা কেন্দ্রীয় ব্যাংককে আরও অথর্ব বানিয়ে এর সমস্যাকে দিন দিন প্রকট করে দিচ্ছে।
হুন্ডি বা কালোবাজার যখন প্রকট হয়, তখন রাজনীতিকদের উচিত পুলিশের কাছে না গিয়ে অর্থনীতিবিদের কাছে আসা। হার্ভার্ডের অধ্যাপক গ্রেগরি ম্যাংকিউ তাঁর লেখা অর্থনীতির পাঠ্যবইয়ে দেখিয়েছেন যে ভ্রান্ত মূল্য নির্ধারণ থেকে কালোবাজারের উৎপত্তি হয়। কোনো কিছুর সঠিক চাহিদা না বুঝে তার কম মূল্য নির্ধারণ করা অথবা ওই বস্তুর কম জোগান দেওয়া—এ দুই কারণে চোরাপথ বা চোরাদামের সৃষ্টি হয়। হুন্ডির বেলায়ও তা সত্যি। ডলারের অপেক্ষাকৃত ভালো দাম পায় বলেই লোকে হুন্ডির পথে যায়। আরও পায় দ্রুততম সময়ে টাকা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি, যা বারবার নীতি নির্ধারকেরা বুঝতে ব্যর্থ হচ্ছেন এবং নানা ভাষায় হুন্ডিতে জড়িত ব্যক্তিদের ধমকাচ্ছেন। এ ধমকের একাংশও যদি মুদ্রা পাচারকারী বা খেলাপিদের কানে পৌঁছানো যেত, তবে তা হতো অধিক মঙ্গলকর।
পৃথিবীর উন্নত দেশগুলোতেও কালোবাজারে টিকিট বিক্রি হয়। তখন অর্থনীতিবিদেরা অঙ্গুলিনির্দেশ করে বলেন যে ওই টিকিটের মূল্য নির্ধারণে গন্ডগোল আছে। এ জন্য কালোবাজারকে সঠিক দামে পৌঁছানোর এক বাজারীয় ইঙ্গিত বলে ধরা হয়। প্রেসিডেন্ট ওবামার প্রধান অর্থ উপদেষ্টা অ্যালান ক্রুগার বলেন, দাম কৃত্রিমভাবে কমিয়ে রাখলে দ্বিতীয় বাজারের উৎপত্তি হবেই। ডলারের দাম কৃত্রিমভাবে কমিয়ে রেখেও সম্প্রতি হুন্ডির রমরমা ব্যবসার পথ করে দেওয়া হয়েছে। পুলিশ লাগিয়েও কাজ হচ্ছে না।
অর্থনীতিবিদ উইলিয়াম পিটারসন মনে করেন, কালোবাজার হচ্ছে প্রচলিত বাজার দুর্বলতায় গড়ে ওঠা এক বিনিময় পন্থা, যা সময় বাঁচিয়ে মানুষের পয়সা নেয়। তিনি প্রশ্ন করেন, সরকার এদের বিপক্ষ নেয় কেন। জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ট্রেসি মিলার মনে করেন, কালোবাজারি ত্রুটিপূর্ণ দামের সংশোধন ঘটায় বলে এটি কোনো জালিয়াতি নয়। কংগ্রেসম্যান চাক শুমার কালোবাজারিদের সফটওয়্যার বন্ধে আইনের প্রস্তাব করলে অধ্যাপক মিলার একে অপ্রয়োজনীয় বলে আখ্যায়িত করেন। ক্ষমতাবান রাজনীতিকের বিরুদ্ধে অর্থনীতিবিদেরা এ রকম উচ্চবাক হলে আমাদের সমাজে বিপদে পড়ে যেতেন।
আমাদের নীতিনির্ধারকেরা হুন্ডিকে নীতি ত্রুটির পার্শ্বফল হিসেবে মেনে নিয়ে হুন্ডির গুণগুলো আহরণের চেষ্টা করলে বেশি উপকার হতো। এতে হুন্ডির ব্যাপক কার্যক্রম দুর্বল বা অপ্রয়োজনীয় হয়ে পড়ত। শুধু পুলিশের ওপর ভরসা করা এক নির্বুদ্ধিতা। গোয়েন্দা বা পুলিশের তো আরও কাজ আছে। হুন্ডির পেছনে তাদের সময় ও কার্যদক্ষতা ব্যয় করলে দাগি আসামি ও জঙ্গিরা বড়ই আনন্দিত হবে। তবে সন্ত্রাস বা জঙ্গিবাদের অর্থায়নে হুন্ডির ব্যবহারকে ধরা অবশ্যই পুলিশ করবে।
কিন্তু ব্যাংকের অদক্ষতা ও ভ্রান্ত দাম নির্ধারণের ফলে যে হুন্ডিচক্র রেমিট্যান্সের মধ্যে ভাগ বসাচ্ছে, তাকে নিয়ন্ত্রণ করা কঠিন। দ্বাদশ শতকে হুন্ডি ভারতে প্রবেশ করে। ব্রিটিশরাও এর নিয়ন্ত্রণ করতে পারেনি। বরং হুন্ডির মাধ্যমে সৃষ্ট ‘বিল অব এক্সচেঞ্জ’-কে স্বীকৃতি দিয়ে গেছে অনেক লেনদেনের বেলায়। কারণ, তারা এর পেছনের অর্থনীতি বুঝতে পেরেছে। বুঝতে পারছি না আমরা। তাই ভাবছি পুলিশ দাবড়িয়ে একে বাগে আনা যাবে।
২০০ বছর আগে অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডো দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে যে ‘তুলনামূলক সুবিধাতত্ত্ব’ দিয়ে গেছেন, আজ হুন্ডির বেলায়ও সেটি কার্যকর। তিনি দেখিয়েছিলেন যে বাণিজ্য দুই পক্ষকেই অপেক্ষাকৃত ভালো অবস্থানে নিয়ে যায়। তা না হলে বাণিজ্য হতো না। হুন্ডির সেবাদাতা ও গ্রহীতার মধ্যেও এরূপ একটা অলিখিত ‘প্রেমচুক্তি’ বিদ্যমান। আমাদের ব্যাংকাররা যদি এই প্রেমচুক্তির বিকল্প সুবিধা দিতে পারেন, তাহলে হুন্ডিওয়ালারা ক্রমান্বয়ে ‘ডাইনোসর’ হয়ে যাবে। কিংবা বেঁচে থাকলেও অতি ক্ষুদ্র সম্প্রদায় হিসেবে টুকটাক ব্যবসা করবে, শুধু কাগজপত্রহীন প্রবাসী শ্রমিকদের অন্নপুষ্ট হয়ে।
হুন্ডিওয়ালাদের তুলনামূলক অগ্রসরতা তিন জায়গায়: ১. ওরা দ্রুত টাকা পৌঁছে দেয় ২. বিদেশি মুদ্রা বা ডলারের বাজারভিত্তিক ভালো দাম দেয়, এবং ৩. ওদের নেটওয়ার্ক গ্রাম–গঞ্জের প্রায় সর্বত্র। রেমিট্যান্স বাড়ানোর জন্য এই তিন গুণ অর্জন মোটেই দুঃসাধ্য নয়। শুধু চাই সদিচ্ছা, আধুনিক প্রযুক্তি ও নেটওয়ার্ক সম্প্রসারণের কিছু পদক্ষেপ। তৃতীয় ধারায় অবদানের জন্য বাংলাদেশ ব্যাংকের প্রচেষ্টা ধন্যবাদের দাবিদার। এর নেতৃত্বেও আজ ‘এজেন্ট ব্যাংকিং’-এর গ্রাহক প্রায় ১৭ লাখ।
সম্প্রতি দেখা গেছে যে অজস্র এজেন্ট ব্যাংক গ্রামে–গঞ্জে ছড়িয়ে পড়েছে এবং তাদের মাধ্যমে রেমিট্যান্স বিতরণে এক বড় প্রবৃদ্ধি হয়েছে। এজেন্ট ব্যাংকের সম্প্রসারণকে একটা বিপ্লবের পর্যায়ে নিয়ে যেতে হবে। গভর্নর আতিউর রহমানের সময় তৎকালীন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু জয়দেবপুরের এক গ্রামে গিয়ে এজেন্ট ব্যাংকিং দেখে মুগ্ধ হয়েছিলেন এবং এর সম্প্রসারণের সুপারিশ করে গেছেন।
সমস্যা হচ্ছে প্রথম ও দ্বিতীয় গুণের ক্ষেত্রে ব্যাংক হুন্ডিওয়ালাদের চেয়ে পেছনে পড়ে আছে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংককে আরও আন্তরিক হতে হবে। গভর্নর আব্দুর রউফ তালুকদারের সাম্প্রতিক কার্যক্রম দেখে মনে হচ্ছে তাঁর পক্ষে ডলারের ন্যায্য দাম ও দ্রুতি নিশ্চিতকরণ—এই দুটো জায়গায় পরিবর্তন আনা কঠিন হবে না। একটা সংকটের মধ্যে দায়িত্ব গ্রহণ করলেও গভর্নরকে বেশ গতিশীল বলেই মনে হচ্ছে। আগের নেতৃত্বের সময় আমরা নড়াচড়া দেখিনি—একমাত্র ব্যবসায়ীদের চাপ ছাড়া। ব্যাংকের ভেতরেও প্রাক্-ব্রিটিশ মানসিকতার উপদেষ্টাদের দাপট ছিল। সর্বদা মন্ত্রণালয়কে সন্তুষ্ট করার কসরত ছিল প্রবল।
তারই ফলে টাকার অতিমূল্যায়ন অ-বাজারীয়ভাবে ধরে রাখা হয়েছিল অর্ধযুগ, যার ফলে আজ টাকার মানে ধস, চলতি হিসাবে ঘাটতি এবং শেষতক বিদেশি মুদ্রার মজুতে দ্রুত অবক্ষয়। সম্প্রতি নতুন গভর্নর রেমিট্যান্সের সব ফি বাতিল করেছেন। কয়েক দফা বাজারীয় দামের কাছাকাছি ডলারের দাম তুলেছেন। আমদানিতে নিয়ন্ত্রণ এনেছেন। কিন্তু পত্রিকার রিপোর্টমতে, হুন্ডিতে ডলারের দাম এখনো ব্যাংক প্রদত্ত ১০৭ টাকার চেয়ে ৫–৬ টাকা বেশি। এটি খেটে খাওয়া প্রবাসী শ্রমিক তো বটেই, যেকোনো মানুষের কাছে এখনো বড় ব্যবধান। হুন্ডিকে দুর্বল করতে হলে ‘ফুটপাত দাম’-এর কাছাকাছি যেতে হবে। তা না করে চিলের পেছনে কানের জন্য ধাওয়া করে কাজ হবে না। আপাতত মুদ্রা মজুতের ভীতিকর ক্ষয় ঠেকাতে হলে এ পথে হাঁটতেই হবে।
গভর্নরের পরবর্তী কাজ হবে অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সেই আড়াই ভাগ প্রণোদনা বিতাড়িত করে সেটি বিনিময় হারের ন্যায্য হিসাবের সঙ্গে যুক্ত করা। ব্যাংক দিচ্ছে ১ ডলারে ১০৭ টাকা। এর সঙ্গে আড়াই ভাগ ভর্তুকি যুক্ত হলে ডলারের কার্যকর দাম দাঁড়ায় ১০৯ দশমিক ৬৭৫ টাকা। মন্ত্রণালয়ের কর্তারা কি সব রেমিট্যান্স প্রেরক ও গ্রহীতাকে ফাইন্যান্স বা অ্যাকাউন্টিংয়ের ছাত্র ভাবেন? মানুষের তো এত সময় নেই যে ক্যালকুলেটর হাতে নিয়ে সারাক্ষণ ‘ইফেক্টিভ রেট’ হিসাব করবে এবং তারপর হুন্ডি রেটের সঙ্গে তুলনা করবে।
এ প্রণোদনা নামক বস্তুটি আদৌ কোনো প্রণোদনার কাজ করেছে কি না, তার কোনো জরিপ বা গবেষণা নেই। সবটাই মনগড়া। ঠিক একইভাবে ‘প্রণোদনা দিলে পাচার হওয়া অর্থ ফিরে আসবে’—এ মনগড়া তত্ত্বে ভর করে বাজেটে ছাড় দেওয়া হলো। কিন্তু এক টাকাও ফিরে এল না। মাঝখান থেকে মুদ্রা পাচারকারীকে দেওয়া হলো বৈধতার রাজসম্মান আর নবাগত পাচারকারী উৎপাদনের সূক্ষ্ম প্রণোদনা। নীতি প্রণয়নের একটা আদর্শিক মাপকাঠি থাকা উচিত। এটা অ্যাডাম স্মিথসহ সব বাজারবাদী অর্থনীতিবিদও জোর দিয়ে বলেছেন।
এরপর গভর্নরের কাজ হবে দ্রুততম রেমিট্যান্সের জন্য প্রতিটি এক্সচেঞ্জ হাউসকে বিভিন্ন ‘অ্যাপস’ প্রবর্তনে উদ্বুদ্ধ বা বাধ্য করা। কিছু কিছু অ্যাপস মাত্র কয়েক মিনিটের মধ্যে রেমিট্যান্স পাঠায় এবং এগুলো আমাদের পার্শ্ববর্তী ভারতসহ পৃথিবীর বহু দেশে প্রচলিত। আজ থেকে ২০ বছর আগে আমি অস্ট্রেলিয়া থেকে কম্পিউটারে মাত্র কয়েকটা ক্লিক করে আমার যৎসামান্য সঞ্চয় আমেরিকায় পাঠিয়েছিলাম।
এখন আমি বাংলাদেশে রেমিট্যান্স পাঠাই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সেই ‘ডাক হরকরা’ গল্পের স্টাইলে। মনে হয় কবি সুকান্তের ‘রানার’ আমার ডলার নিয়ে ঢাকায় পৌঁছে দেয়। ফরম পূরণ করি, চেকের পাতা খরচ করি, খামে ভরে টিকিট লাগাই, সময় করে চিঠি বাক্সে ফেলি।
তার ছয়–সাত দিন পর বাংলাদেশে ফোন করে জানতে পারি টাকা জমা হয়েছে। কী শাস্তি! পাশের সহকর্মীকে দেখি মেক্সিকোতে টাকা পাঠান কয়েকটা ক্লিক করে। যদি তিনি জানতে চান আমাদেরটা এত দেরি হয় কেন, আমি বলি আমাদের দেশে নিরাপত্তার পরীক্ষা–নিরীক্ষা অতি উন্নত। তাই এত দেরি হয়। মাত্র তিন জায়গা—দ্রুতি, নেটওয়ার্ক বিস্তৃতি ও সর্বোপরি ডলারের বাজারতুল্য ন্যায্য দাম নিশ্চিত করলে রেমিট্যান্স না বেড়ে উপায় নেই।
ড. বিরূপাক্ষ পাল যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক অ্যাট কোর্টল্যান্ডে অর্থনীতির অধ্যাপক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ