
দেশের সবচেয়ে পুরোনো মিষ্টির ব্র্যান্ড বলে খ্যাত ‘আলাউদ্দিন সুইটমিট’। প্রতিষ্ঠানটির বয়স দেড় শ বছরের মতো। তবে মাঝে কয়েক বছর প্রতিষ্ঠানটির ব্যবসা বন্ধ ছিল। পুরান ঢাকার চকবাজারে প্রতিষ্ঠানটির প্রধান শাখা। দেড় শ বছরেও এটির স্থান বদল হয়নি। এর মধ্যে ব্যবসায় যুক্ত হয়েছে কয়েক প্রজন্ম। বর্তমানে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে চতুর্থ প্রজন্মের হাতে। প্রজন্মের পালাবদলের সঙ্গে ব্যবসার ধরনও কিছুটা বদলেছে। মিষ্টির সঙ্গে এখন বেকারি ও ফাস্ট ফুডের ব্যবসাও করছে প্রতিষ্ঠানটি। প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে নেওয়া হয়েছে নানা কৌশল। আলাউদ্দিন সুইটমিটের যাত্রা শুরু হয় ১৮৬৪ সালে।
সম্প্রতি পুরান ঢাকার চকবাজারে আলাউদ্দিন সুইটমিটের প্রধান শাখা ঘুরে দেখা গেছে, বাড়তি কোনো চাকচিক্য নেই। সাদামাটা দোকানে থরে থরে সাজানো হরেক পদের মিষ্টি। এর মধ্যে লালমোহন, রসগোল্লা, কালোজাম ও ছানা অন্যতম। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, একসময় আলাউদ্দিনের মনসুর নামের মিষ্টি ও আমৃতি খুব ভালো বিক্রি হতো। এখন এসব মিষ্টির বিক্রি কমে গেছে। তবে সময়ের পরিক্রমায় মিষ্টির পদে অনেক বৈচিত্র্যও এনেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে প্রতিষ্ঠানটির বিভিন্ন ধরনের বরফি, মতিচুর লাড্ডু, মাওয়া লাড্ডু এবং এমনকি কাপকেকের আদলে তৈরি বিশেষ মিষ্টি বেশ জনপ্রিয়। সব মিলিয়ে প্রতিষ্ঠানটি ৪০ থেকে ৫০ পদের মিষ্টি তৈরি করে। বেকারি পণ্য মেলে ৫০ থেকে ৬০ পদের। এসব বেকারি পণ্যের বিদেশে বেশ চাহিদা রয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
ভারতীয় বংশোদ্ভূত আলাউদ্দিন হালওয়াই ভারতের লক্ষ্ণৌতে মিষ্টির ব্যবসায় সাফল্য পাওয়ার পর পুরান ঢাকায়ও এ ব্যবসা শুরু করেন, সেটি ১৮৬৪ সালে। এরপর বিভিন্ন সময় অনেক চড়াই-উতরাই পার করতে হয় প্রতিষ্ঠানটিকে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আলাউদ্দিনের দোকান ভাঙচুর করা হয়। ১৯৯৯ সালে এসে নানা জটিলতায় আলাউদ্দিন সুইটমিটের ব্যবসা কমতে থাকে। এই মন্দাভাব ছিল ২০০৯ সাল পর্যন্ত। এর মধ্যে ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির ব্যবসা বন্ধ ছিল। ২০১০ সাল থেকে প্রতিষ্ঠানটি আবারও ঘুরে দাঁড়াতে শুরু করে। ব্যবসার হাল ধরেন প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মারুফ আহমেদ। আলাউদ্দিন হালওয়াইয়ের নাতির মেয়েকে বিয়ে করে এই পরিবারের সঙ্গে যুক্ত হন মারুফ আহমেদ। এখন তাঁর হাতেই ঐতিহ্যবাহী এ ব্যবসাপ্রতিষ্ঠানের হাল। বাংলাদেশ মিষ্টি প্রস্তুতকারক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন তিনি।
আলাপকালে মারুফ আহমেদ বলেন, ‘আমরা এখন ব্যবসা বিকেন্দ্রীকরণের চেষ্টা চালাচ্ছি। নতুন করে বাজারে নিয়ে আসতে যাচ্ছি বিভিন্ন পণ্য। তবে শুরু থেকে এখন পর্যন্ত আমরা মিষ্টির মানের ব্যাপারে কোনো আপস করিনি। দেশের মানুষ মিষ্টির জন্যই আমাদের চেনে। সেই ঐতিহ্য ধরে রাখতে চেষ্টা করে যাচ্ছি।’
এখন পুরান ঢাকার চকবাজার ছাড়াও মৌচাক, ওয়ারী, নাজিমুদ্দিন রোড, নাজিরা বাজারসহ রাজধানীতে আলাউদ্দিন সুইটমিটের মোট আটটি শাখা রয়েছে। প্রতিষ্ঠানটির সব শাখা মিলে এখন মাসিক বিক্রি ৭০–৮০ লাখ টাকা। দেশের বাইরে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রেও প্রতিষ্ঠানটির শাখা ছিল, তবে এখন তা বন্ধ। নতুন করে বিদেশে শাখা চালুর পরিকল্পনা করছেন বলে জানান মারুফ আহমেদ। তবে তার আগে দেশে ব্যবসা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সুনামের সঙ্গে দেড় শ বছর ব্যবসা করে এলেও ঢাকার বাইরে প্রতিষ্ঠানটির কোনো শাখা নেই। তাই ঢাকার বাইরে নতুন করে শাখা খোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
ময়মনসিংহ শহরে হবে আলাউদ্দিন সুইটমিটের নতুন শাখা। প্রতিষ্ঠানটির এখন কারখানা আছে মাত্র তিনটি। তার মধ্যে ঢাকার চকবাজারের প্রধান শাখাসংলগ্ন এলাকায় আছে দুটি কারখানা। আর নাজিমুদ্দিন রোডে আছে আরেকটি কারখানা। সব মিলিয়ে এই প্রতিষ্ঠানে এখন ৭০ থেকে ৮০ জনের কর্মসংস্থান হয়েছে।
শুধু মিষ্টির ব্যবসা নয়, আলাউদ্দিন সুইটমিটের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের ইতিহাসও। প্রতিষ্ঠানটির লোগো বা ব্র্যান্ডিং নকশাটি করেছেন শিল্পী রফিকুন নবী। বায়ান্নর ভাষা আন্দোলনের প্রেক্ষাপট থেকেই থিম হিসেবে বেছে নেওয়া হয় ‘অ’-কে। পরিচিত সেই রং ও নকশা ধারণ করে তৈরি হয়েছে প্রতিষ্ঠানটির লোগো।
প্রতিষ্ঠানটি সেই আদি আমল থেকে কয়েক পদের বাহারি মিষ্টি পুরোনো সেই নীল-লালের মিশ্রণে তৈরি বাক্স দিয়ে মিষ্টির প্যাকেজও তৈরি করে থাকে। ২০০ থেকে ৬০০ টাকার মধ্যে পাওয়া যায় এসব প্যাকেজ। এতে একের ভেতর অনেকগুলো মিষ্টির স্বাদ নিতে পারেন ক্রেতারা। যাত্রার শুরুতে আলাউদ্দিনের রসগোল্লা, গোলাপজাম ও সন্দেশ অনেক জনপ্রিয় ছিল। বাজারে আলাউদ্দিনের বিভিন্ন পণ্য এখনো মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার মধ্যেই আছে। প্রতি কেজি বিভিন্ন পদের মিষ্টি ৪০০ থেকে ৭০০ টাকার মধ্যে মেলে। মুখরোচক এসব মিষ্টি চাইলে ক্রেতারা একটা কিনেও স্বাদ নিতে পারেন ঐতিহ্যবাহী এই দোকানে বসেই।