পর্দা নামল সিইএসের 

ওয়ালটনের পণ্যে আগ্রহ বিদেশি প্রতিষ্ঠানের 

প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে এবারের মেলায় অংশ নিয়েছে ওয়ালটন
প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে এবারের মেলায় অংশ নিয়েছে ওয়ালটন

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আয়োজিত বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তিপণ্যের প্রদর্শনী কনজ্যুমার ইলেকট্রনিক শোর (সিইএস) পর্দা নেমেছে গতকাল রোববার। চার দিনের এ মেলা শুরু হয়েছিল ৫ জানুয়ারি। সিইএসে বিশ্বখ্যাত প্রায় সব প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এই আয়োজন থেকে ধারণা মিলেছে চলতি বছর কোন ধরনের প্রযুক্তিপণ্যের প্রতি মানুষের আগ্রহ বেশি।

এবারের সিইএস বাংলাদেশের জন্য স্মরণীয় হয়ে থাকবে। কারণ, প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে এবারের মেলায় অংশ নিয়েছে ওয়ালটন। বিশ্বের দাপুটে সব ইলেকট্রনিক ও ঘর-গেরস্থালির প্রযুক্তিপণ্য (হোম অ্যাপ্লায়েন্স) প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে দ্যুতি ছড়িয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান ওয়ালটনও। গত শনি ও রোববার সিইএসে ওয়ালটনের প্যাভিলিয়নে ছিল দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। ওয়ালটনের স্টলে দর্শক আর সম্ভাব্য ক্রেতাদের বড় অংশই ছিল ব্রাজিল, পেরু, মেক্সিকো, জ্যামাইকা, চিলিসহ দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশের। দ্বিপক্ষীয় ব্যবসায়িক আলোচনা হয়েছে লাইবেরিয়া, ওমান ও যুক্তরাষ্ট্রের কিছু প্রতিষ্ঠানের সঙ্গে। 

ওয়ালটনের টেলিভিশন, রেফ্রিজারেটর আর ইন্টারনেট অব থিংস বা আইওটি-নির্ভর স্মার্ট গৃহস্থালিসামগ্রীর প্রতি নানান দেশের দর্শনার্থীরা বেশ আগ্রহ দেখিয়েছেন।

প্রদর্শনীর প্রথম তিন দিনে নানান দেশের শতাধিক প্রতিষ্ঠানের সঙ্গে প্রাথমিক ব্যবসায়িক আলোচনা করেছে ওয়ালটন। এই আগ্রহ কাজে লাগিয়ে বিশ্ববাজারে নিজেদের পথচলা জোরালো করতে চান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম মুর্শেদ। তিনি জানান, আগে যুক্তরাষ্ট্রের বাজারে স্বল্পপরিসরে ওয়ালটন পণ্য সরবরাহ করলেও শিগগিরই এটি ব্যাপক আকারে শুরু হবে। 

গোলাম মুর্শেদ আরও বলেন, ‘সিইএসের মতো আয়োজনে আমরা আমাদের ব্র্যান্ডকে প্রযুক্তি বিশ্বের সামনে তুলে ধরার সুযোগ পেয়েছি। একই সঙ্গে পৃথিবীর কোথায় প্রযুক্তির কেমন অগ্রগতি হচ্ছে, সে সম্পর্কে ধারণাও পেয়েছি। আর বৈশ্বিক বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে যোগাযোগ তৈরি হয়েছে আমাদের। ওয়ালটনের আইওটি-নির্ভর বিদ্যুৎ সাশ্রয়ী পণ্যগুলো বিশ্বমানের। তবে আমাদের পণ্য ও প্রযুক্তির ক্রমাগত উন্নয়নের জন্য গবেষণা ও জ্ঞান বিনিময়ের ক্ষেত্রেও বেশি জোর দিচ্ছি আমরা।’ 

লাস ভেগাস কনভেনশন সেন্টারের সেন্ট্রাল হলে স্যামসাং, এলজি, প্যানাসনিক, সনি আর হাইসেন্সের প্যাভিলিয়নের সঙ্গে ১৭৯২৮ নম্বর প্যাভিলিয়নটি ছিল ওয়ালটনের।

প্রযুক্তি ও পণ্যের সম্ভার নিয়ে নান্দনিকভাবে সেজেছিল সিইএসে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান ওয়ালটনের প্যাভিলিয়নটি।