
নিম্ন আয়ের ভোক্তাদের কাছে সাশ্রয়ী দামে বিক্রি করতে ৮০ লাখ কেজি মসুর ডাল ও ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনছে সরকার। এতে ২৭৪ কোটি ১৭ লাখ টাকা ব্যয় হবে।
পণ্য বিক্রয়কারী সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে বাজারদরের চেয়ে কমে এ দুটি পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে মসুর ডাল ৯২ টাকা ৪৬ পয়সা ও সয়াবিন তেল ১৮২ টাকা লিটার দরে কেনা হচ্ছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৃহস্পতিবার ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের এ দুটি আলাদা প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এসব তথ্য জানান।
সাঈদ মাহবুব খান বলেন, উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্র পদ্ধতিতে ৮০ লাখ কেজি মসুর ডাল কেনা হবে ভারতের ইটিসি অ্যাগ্রো প্রসেসিং প্রাইভেট লিমিটেড নামক কোম্পানির কাছ থেকে। ভারতীয় কোম্পানিটির ঢাকার এজেন্ট হচ্ছে এক্সপোর্ট ট্রেডিং বিডি লিমিটেড। মসুর ডাল কিনতে মোট খরচ হবে ৭৩ কোটি ৯৭ লাখ টাকা।
এ ছাড়া সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে দেশের শুন শিং এডিবল অয়েল লিমিটেডের কাছ থেকে। ২০০ কোটি ২০ লাখ টাকায় কেনা হবে এ তেল। সাঈদ মাহবুব খানের দেওয়া তথ্য অনুযায়ী সয়াবিন তেল কেনার ক্ষেত্রে কোনো দরপত্র আহ্বান করা হয়নি।
এদিকে টিসিবির ওয়েবসাইটে দেওয়া বৃহস্পতিবারের বাজারদর অনুযায়ী মানভেদে মসুর ডাল বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৪০ টাকা কেজি দরে। আর বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৮৫ টাকা লিটার দরে। প্রতি লিটার খোলা সয়াবিনের দাম অবশ্য ১৬৮ থেকে ১৭০ টাকা।
ফ্যামিলি কার্ডের আওতায় দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা এবং প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা ও পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি করছে।
অবশ্য পেঁয়াজ বিক্রি করা হচ্ছে শুধু সিটি করপোরেশন এলাকা ও টিসিবির আঞ্চলিক কার্যালয়ের সঙ্গে সম্পর্কযুক্ত জেলাগুলোতে।