বাংলাদেশে কৃত্রিম তন্তু বা ম্যান মেড ফাইবার দিয়ে তৈরি বস্ত্রের অবস্থান শক্ত করতে চায় ভারত। সেই লক্ষ্যে ঢাকায় সোনারগাঁও হোটেলে আজ সোমবার শুরু হচ্ছে ‘ইনটেক্সপো বাংলাদেশ-২০১৬’ নামে ভারতীয় সিনথেটিক টেক্সটাইল বা বস্ত্রপণ্যের দুই দিনব্যাপী এক প্রদর্শনী।
এই প্রদর্শনীতে ভারতের গ্রাসিম ইন্ডাস্ট্রিজ, সংগম ইন্ডিয়াসহ ৩০টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশ নেবে। প্রতিষ্ঠানগুলো কৃত্রিম তন্তু দিয়ে তৈরি কাপড়ের শার্টিং-স্যুটিং, পোশাকসামগ্রী, এমব্রয়ডারির কাপড়, হাইফ্যাশন ফেব্রিক, হোম টেক্সটাইল, শাল, লেইস, কৃত্রিম ও ব্লেন্ড সুতা ইত্যাদি পণ্য প্রদর্শন করবে।
নবমবারের মতো প্রদর্শনীটি আয়োজন করছে ভারতের দ্য সিনথেটিক অ্যান্ড রেয়ন টেক্সটাইলস এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (এসআরটিইপিসি) ও ঢাকার ভারতীয় হাইকমিশন।
সোনারগাঁও হোটেলে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে বক্তব্য দেন ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি বিজয় সেলভারাজ, এসআরটিইপিসির ভাইস চেয়ারম্যান শ্রীনারাইন আগারওয়াল প্রমুখ।