ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া বা ব্রেক্সিটের প্রভাবে সবচেয়ে খারাপ অবস্থায় পড়েছে দেশটির মুদ্রা পাউন্ড। প্রতি মার্কিন ডলারের বিপরীতে গতকাল মঙ্গলবার পাউন্ডের বিনিময় মূল্য নেমে এসেছে ১ দশমিক ২৭৭৮ ডলারে, যা গত ৩১ বছরের মধ্যে সর্বনিম্ন।
ব্রেক্সিটের সিদ্ধান্ত কার্যকর করার প্রক্রিয়া শিগগির শুরু হবে—যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে সম্প্রতি এমন ঘোষণা দেওয়ার পরই পাউন্ডের বিনিময় মূল্যে এ নেতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। ডলারের বিপরীতে শুধু গতকালই পাউন্ড দর হারিয়েছে ১ দশমিক ২ শতাংশ। পাউন্ডের বিনিময় হারে প্রথম ধাক্কা লাগে গত জুনে। ব্রেক্সিটের পক্ষে গণভোটের রায় আসার পর সে সময়ে পাউন্ডের ব্যাপক দরপতন হয়েছিল। এর আগে ১৮৯৫ সালে ১ পাউন্ডের বিপরীতে ডলারের মূল্য দাঁড়িয়েছিল ১ দশমিক ২৭৯৬ ডলার।
ডলারের পাশাপাশি ইইউ অঞ্চলের অভিন্ন মুদ্রা ইউরোর বিপরীতেও দর হারিয়েছে পাউন্ড। গতকাল ইউরোর বিপরীতে পাউন্ডের বিনিময় মূল্য কমেছে দশমিক ৯ শতাংশ।
সূত্র: গার্ডিয়ান, ফাইন্যান্সিয়াল টাইমস, বিবিসি