এবার ভারতে কর ফাঁকির অভিযোগে পড়েছে চীনা কোম্পানি

চীনের সবচেয়ে বড় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডি। সাংহাইয়ের একটি প্রদশর্নীতে আসা মানুষ বিওয়াইডির তৈরি গাড়ি দেখছে
ছবি রয়টার্স

যন্ত্রাংশ আমদানি করে খুব কম কর দিয়েছে, এমন একটি অভিযোগে চীনের গাড়ি নির্মাতা কোম্পানি বিওয়াইডির বিরুদ্ধে তদন্ত চলছে। বিষয়টি সম্পর্কে জানে, এমন দুটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ খবর দিয়েছে। অভিযোগে বলা হয়, বিওয়াইডি ভারতে তাদের গাড়ি সংযোজন কারখানার জন্য যন্ত্রাংশ আমদানি করার ক্ষেত্রে কম কর দিয়েছে।

চীনের সবচেয়ে বড় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডি। এ কোম্পানি ভারতে তাদের বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছিল। তবে দিল্লি ও বেইজিংয়ের মধ্যে সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে তা বাধার মুখোমুখি হয়েছে। ভারতের রাজস্ব গোয়েন্দা বিভাগ (ডিআরআই) এখন অভিযোগ করছে যে বিওয়াইডি ৯০ লাখ ডলারের সমপরিমাণ ৭৩ কোটি রুপি কম কর দিয়েছে।

ডিআরআইয়ের প্রাথমিক তদন্তের পর বিওয়াইডি ইতিমধ্যে ওই অর্থ জমা দিয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে। তবে পূর্ণ তদন্ত এখনো চলছে। ফলে চীনা এ কোম্পানিকে আরও বেশি কর ও জরিমানা দিতে হতে পারে। ডিআরআই এখনো বিওয়াইডির ওপর চূড়ান্ত নোটিশ জারি করেনি। বিওয়াইডি অবশ্য তদন্তের ফলাফল চ্যালেঞ্জ করার অধিকার রাখে।

রয়টার্স মন্তব্যের জন্য ভারত ও চীনে বিওয়াইডির সঙ্গে যোগাযোগ করলেও তারা সাড়া দেয়নি। ভারতের অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে ই–মেইল ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলেও তারা জবাব দেয়নি।

বিওয়াইডি ভারতে ১০০ কোটি ডলার বিনিয়োগে গাড়ি উৎপাদনের একটি প্রকল্পের প্রস্তাব করেছিল। কিন্তু এখন তাকে অতিরিক্ত নিরীক্ষার ভেতর দিয়ে যেতে হচ্ছে। চীনসহ ভারতের প্রতিবেশী দেশগুলো থেকে আসা বিনিয়োগের ক্ষেত্রে ভারতে কঠোর নীতিমালা রয়েছে। বিওয়াইডি তার ভারতীয় অংশীদারকে বলেছে যে তারা বিনিয়োগ প্রস্তাব বাতিল করার চিন্তাভাবনা করছে।

২০২০ সালে দুই প্রতিবেশী দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষের পর চীন থেকে আসা কোম্পানিগুলো ভারতে বিশেষ নজরদারির মুখোমুখি হচ্ছে।

স্মার্টফোন নির্মাতা শাওমির বিরুদ্ধে সম্প্রতি অভিযোগ আনা হয়েছে যে তারা রয়াল্টি দেওয়ার নামে বিদেশি প্রতিষ্ঠানে অর্থ পাচার করেছে। চীনা কোম্পানিটি এ অভিযোগ অস্বীকার করে এর বিরুদ্ধে আদালতে গেছে।

দামের ওপর ভিত্তি করে ভারত সম্পূর্ণ তৈরি বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে ৭০ অথবা ১০০ শতাংশ কর আরোপ করে। কিন্তু যদি যন্ত্রাংশ আমদানি করে ভারতে বৈদ্যুতিক গাড়ি সংযোজন করা হয়, তাহলে এসব যন্ত্রাংশ আমদানিতে ১৫ কিংবা ৩৫ শতাংশ কর আরোপ করা হয়।

সবচেয়ে কম হারে কর আরোপ করা হয় ব্যাটারি ও মোটরের মতো যন্ত্রাংশের ক্ষেত্রে। তবে এ ক্ষেত্রে শর্ত হলো, এসব যন্ত্রাংশ চেসিসের সঙ্গে সংযোজিত অবস্থায় আসতে পারবে না।
একটি সূত্র রয়টার্সকে বলেছে, বিওয়াইডি এসব শর্ত পূরণ করেনি। ফলে তাদেরকে ৭০ কিংবা ১০০ শতাংশ কর দিতে হবে। এই হার নির্ভর করবে মূল্যমানের ওপর।

কোন সময়ে এটা ঘটেছে কিংবা কতগুলো গাড়ির ক্ষেত্রে এটা ঘটেছে, তা তাৎক্ষিকভাবে জানা যায়নি।

বিওয়াইডি ইতিমধ্যে ভারতে ২০ কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে। কোম্পানিটি সে দেশে অ্যাটো ৩ মডেলের স্পোর্ট ইউটিলিটি ভেহিকেল ও ই৬ মডেলের বৈদ্যুতিক গাড়ি বাজারজাত করে। তাদের পরিকল্পনা আছে, চলতি বছরের মধ্যে সিল মডেলের বৈদ্যুতিক সেডান গাড়ি ভারতের বাজারে ছাড়বে।

সরকারের গাড়ি রেজিস্ট্রেশন পরিসংখ্যানে বলা হয়েছে, ২০২২ সালে ভারতের বাজারে গাড়ি বিক্রি শুরুর পর বিওয়াইডি সব মিলিয়ে ১ হাজার ৯৬০টি গাড়ি বিক্রি করেছে।