ইলন মাস্ক, গুগলের প্রতিষ্ঠান ল্যারি পেজ, অ্যামাজনের মালিক জেফ বেজোস, গুগলের আরেক প্রতিষ্ঠান সের্গেই ব্রিন ও মেটা (ফেসবুক) প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ
ইলন মাস্ক, গুগলের প্রতিষ্ঠান ল্যারি পেজ, অ্যামাজনের মালিক জেফ বেজোস, গুগলের আরেক প্রতিষ্ঠান সের্গেই ব্রিন ও মেটা (ফেসবুক) প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ

যুদ্ধের প্রভাবে এক মাসে ইলন মাস্কসহ শীর্ষ ৫ ধনীর সম্পদ কমেছে ৮৮ বিলিয়ন ডলার

ছবি—ইলন মাস্ক, গুগলের প্রতিষ্ঠান ল্যারি পেজ, অ্যামাজনের মালিক জেফ বেজোস, গুগলের আরেক প্রতিষ্ঠান সের্গেই ব্রিন ও মেটা (ফেসবুক) প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ছবি দিয়ে পাবলিশ

বিশ্বের সেরা ধনী ইলন মাস্কের সম্পদের পরিমাণ এক মাসের ব্যবধানে ২২ বিলিয়ন ডলার কমেছে। এখন তাঁর সম্পদের পরিমাণ ৮১৭ বিলিয়ন বা ৮১ হাজার ৭০০ কোটি ডলার।

আজ বুধবার ফোর্বস সাময়িকী এপ্রিল মাসের শীর্ষ ১০ ধনীর সম্পদের পরিমাণ প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, শুধু ইলন মাস্ক নন, এক মাসের ব্যবধান শীর্ষ পাঁচ ধনীর সবার সম্পদ কমেছে। তাঁদের সম্পদ কমেছে মোট ৮৮ বিলিয়ন ডলার।

এই তালিকার অন্যরা হলেন গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ, অ্যামাজনের জেফ বেজোস, গুগলের আরেক সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন ও মেটার (ফেসবুক) প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

শীর্ষ ৫ ধনীর যে সম্পদ কমেছে, বর্তমান বাজারদরে টাকার অঙ্কে এর পরিমাণ ১০ লাখ ৭৩ হাজার ৬০০ কোটি টাকা। এই টাকা বাংলাদেশের বাজেটের চেয়েও বেশি। চলতি অর্থবছরের বাজেটের আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে শেয়ারবাজারের সূচকের নিম্নমুখিতা, তেলের মূল্যবৃদ্ধিসহ নানা কারণে শীর্ষ ধনীদের সম্পদ কমেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের শেয়ারবাজার অনিশ্চয়তার মুখে পড়েছে। প্রথম ধাক্কায় বিনিয়োগকারীরা ঝুঁকি এড়িয়ে শেয়ার বিক্রি শুরু করেন। ফলে ফেব্রুয়ারির শেষ থেকে মার্চজুড়ে এসঅ্যান্ডপি ৫০০ প্রায় ৮ শতাংশ, ডাও জোন্স ৭ শতাংশের মতো পড়ে যায়। নাসডাক সূচকেরও উল্লেখযোগ্য পতন হয়েছে। প্রযুক্তি ও ভোক্তা খাত সবচেয়ে বেশি চাপে পড়ে। খবর রয়টার্স।

মূলত শেয়ারের দাম কমে যাওয়ায় বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদের মূল্য কমে গেছে।

কার কত সম্পদ

ফোর্বস সাময়িকী অনুসারে, গত ৩ ফেব্রুয়ারি ইলন মাস্ক ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ৮০০ বিলিয়ন বা ৮০ হাজার কোটি ডলার বা তার চেয়ে বেশি সম্পদের মালিক হন। তাঁর রকেট কোম্পানি স্পেসএক্স তাঁর-ই কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি এক্সএআই অধিগ্রহণ করার পর এই মাইলফলক অর্জিত হয়। ফোর্বসের হিসাবে, এই চুক্তিতে কোম্পানির সম্মিলিত মূল্য দাঁড়ায় ১ দশমিক ২৫ ট্রিলিয়ন ডলার। ফলে মাস্কের সম্পদ ৮৪ বিলিয়ন ডলার বেড়ে রেকর্ড ৮৫২ বিলিয়ন বা ৮৫ হাজার ২০০ কোটি ডলারে ওঠে।

এরপর আজ ফোর্বসের দেওয়া সম্পদের হিসাব অনুসারে, ইলন মাস্কের সম্পদ কমে দাঁড়িয়েছে ৮১৭ বিলিয়ন বা ৮১ হাজার ৭০০ কোটি ডলার। দ্বিতীয় শীর্ষ ধনী গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজের সম্পদের পরিমাণ এখন ২৩৭ বিলিয়ন বা ২৩ হাজার ৭০০ কোটি ডলার। তাঁর সম্পদ কমেছে ২০ বিলিয়ন বা ২ হাজার কোটি ডলার।

অন্যদিকে তৃতীয় স্থানে থাকা অ্যামাজনের মালিক জেফ বেজোসের সম্পদ কমেছে মাত্র ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলার। তাঁর এখন সম্পদের পরিমাণ ২২৩ বিলিয়ন বা ২২ হাজার ৩০০ কোটি ডলার। চতুর্থ শীর্ষ ধনী গুগলের আরেক প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনের সম্পদের পরিমাণ এখন ২১৯ বিলিয়ন বা ২১ হাজার ৯০০ কোটি ডলার। তাঁর সম্পদ কমেছে ১৮ বিলিয়ন বা ১ হাজার ৮০০ কোটি ডলার।

বিশ্বের পঞ্চম ধনী এখন সামাজিক যোগাযোগমাধ্যম মেটার (ফেসবুক) প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। অবশ্য এক মাসের ব্যবধানে শীর্ষ ৫ ধনীর মধ্যে মার্ক জাকারবার্গের সবচেয়ে বেশি বা ২৭ বিলিয়ন বা ২ হাজার ৭০০ কোটি ডলার কমেছে। এখন তাঁর সম্পদের পরিমাণ ২১৯ বিলিয়ন বা ২১ হাজার ৯০০ কোটি ডলার।

পুঁজিবাজারের ওঠানামার সঙ্গে এই অতিধনীদের সম্পদের পরিমাণও প্রতিদিনই বদলে যায়। এই হিসাব প্রতিদিন বা সুনির্দিষ্টভাবে বললে, প্রতিক্ষণেই পরিবর্তিত হয়। সে জন্য ফোর্বস ম্যাগাজিনের রিয়েলটাইম বা তাৎক্ষণিক তালিকাও আছে।