
২০১৮ সালে সিরিল রামাফোসা দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নির্বাচিত হলে ব্যবসায়ী নেতারা উল্লসিত হয়েছিলেন, ভেবেছিলেন শেষ পর্যন্ত বুঝি জ্যাকব জুমার অদক্ষ শাসনব্যবস্থার অবসান হতে চলেছে। জ্যাকব জুমার শাসনামল ছিল ক্লিপটোক্র্যাটিক, অর্থাৎ ধনী ও রাজনীতিকেরা জনতার সম্পদ লুণ্ঠন করেছেন। রামাফোসা নিজেও ব্যবসায়ী, সে জন্য ব্যবসায়ীরা আশান্বিত ছিলেন, আগের জমানার ইতি ঘটবে।
দ্য ইকোনমিস্টের সংবাদে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীদের সেই আশার গুড়ে সম্ভবত বালি পড়েছে। দেশটির বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা এখন বলছেন, পরিস্থিতি যে পর্যায়ে গেছে, তাতে দক্ষিণ আফ্রিকা বরং ব্যর্থ রাষ্ট্র হতে পারে। প্রধান নির্বাহীদের তালিকায় আছেন সিবানি স্টিলওয়াটারের প্রধান নির্বাহী নিয়াল ফ্রোনম্যান, নেডব্যাংকের ভাবি চেয়ারম্যান ড্যানিয়েল এমমিনিয়েল এবং টেলিকম ফার্ম এমটিএনের রালফ মুপিটা।
২০২২ সাল ছিল বিদ্যুৎ উৎপাদনের দিক থেকে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে খারাপ বছর। ২০২৩ সালে লোডশেডিং ইতিমধ্যে আরও খারাপ অবস্থায় পৌঁছেছে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, পুরো বিদ্যুৎ গ্রিডব্যবস্থা ধসে পড়বে। দেশটির খুচরা ব্যবসায়ী নেতারা প্রেসিডেন্টের কাছে এক চিঠিতে লিখেছেন, ‘এই সংকট চলতে থাকলে খাদ্য, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করা যাবে, এমন নিশ্চয়তা আমরা দিতে পারব না।’
অন্যদিকে দক্ষিণ আফ্রিকার মুদ্রার রেকর্ড দরপতন হয়েছে। দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত চলতি মাসের শুরুতে অভিযোগ করেন, দক্ষিণ আফ্রিকা গোপনে রাশিয়ায় অস্ত্র পাঠাচ্ছে। তার পর থেকেই স্থানীয় মুদ্রার দরপতন শুরু হয়।
এই পরিস্থিতিতে দেশটির বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহীরা রামাফোসার ওপর আশা ছেড়ে দিয়েছেন। তাঁরা নিজেরাই এখন নিজেদের মতো করে সমস্যা সমাধানের পথ খুঁজছেন। একদম দক্ষিণ আফ্রিকার নিজস্ব কায়দায় তাঁরা নিজেদের নির্বাহীদের সরকারি দপ্তরে পাঠাচ্ছেন, এমনকি প্রেসিডেন্টের দপ্তরেও। যাঁদের সামর্থ্য আছে, তাঁরা বিকল্প সমাধান বের করে নিচ্ছেন। তাঁরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, ছেলেমেয়েদের বেসরকারি স্কুল-কলেজে পাঠাচ্ছেন এবং ছাদে সৌর প্যানেল বসিয়ে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করছেন।
১৯৯৪ সালে নেলসন ম্যান্ডেলা ক্ষমতায় আসার আগেই দক্ষিণ আফ্রিকায় বড় ব্যবসায়ীদের সঙ্গে সরকারের সম্পর্ক স্থাপিত হয়। আশির দশকে দেশটি থেকে বহুজাতিক কোম্পানি ও আন্তর্জাতিক পুঁজি বিদায় নেয়। ফলে দেশটির স্থানীয় প্রভাবশালী কোম্পানিগুলো আরও বড় হয়। তখন থেকেই দেশটিতে সম্পদ কেন্দ্রীভূত হতে শুরু করে। এ ছাড়া রাজনৈতিকভাবে সিদ্ধান্ত হয়, কালোদের মধ্য থেকে বড় ব্যবসায়ী তৈরি করা হবে, রামাফোসা সেই সিদ্ধান্তের ফসল। আর এসবই হয়েছে নেলসন ম্যান্ডেলার আফ্রিকার ন্যাশনাল কংগ্রেসের পৌরহিত্যে।
জ্যাকব জুমার আমলে পরিস্থিতির অবনতি হতে শুরু করে। জুমা তখন দেশটির সর্বজনশ্রদ্ধেয় অর্থমন্ত্রীকে সরিয়ে দিয়ে এক অখ্যাত ব্যক্তিকে অর্থমন্ত্রী নিয়োগ দেন। এরপর দেশটির মুদ্রা র্যান্ডের দরপতন শুরু হয়। সেই অর্থমন্ত্রী মূলত রাশিয়ার সঙ্গে শত শত কোটি ডলারের এক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি রুখে দিয়েছিলেন। এরপর দেশটির ব্যবসায়ী নেতারা এএনসির বড় নেতাদের সঙ্গে বৈঠক করেন, যেখানে রামাফোসাও ছিলেন। এরপর জ্যাকব জুমা কৌশল পরিবর্তন করেন।
দেশটির ব্যবসায়ী নেতাদের মতে, এখনকার সংকট মূলত তিনটি খাতে—বিদ্যুৎ, লজিস্টিকস ও অপরাধ। গত বছর বিদ্যুতের উৎপাদন কমে যাওয়ার কারণে জিডিপির ৭ থেকে ৮ শতাংশ ক্ষতি হয়ে থাকতে পারে। তবে মনে করা হচ্ছে, ২০২৩ সালের অবস্থা তার চেয়ে খারাপ হতে পারে। দেশটির বড় বড় সুপারমার্কেটের কর্তৃপক্ষ বলছে, ডিজেল জেনারেটর দিয়ে বিদ্যুৎ উৎপাদনের কারণে তাদের মুনাফা ৭ শতাংশ কমেছে।
রাষ্ট্রীয় মালগাড়ি পরিচালন সংস্থা ট্রান্সনেট দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে জর্জরিত। সে কারণে গত বছর দেশটির খনির মালিকদের ১ হাজার ৬০০ কোটি ডলার ক্ষতি হয়েছে, যা তাঁদের রপ্তানির এক-তৃতীয়াংশ। ১৯৪০ সালের পর গত বছর ট্রান্সনেট সবচেয়ে কম মালগাড়ি পরিচালনা করেছে।
সেই সঙ্গে দেশটিতে অপরাধমূলক কর্মকাণ্ড ব্যাপক মাথাচাড়া দিয়ে উঠেছে। ২০১৯ সালে নির্মাণ খাতের মাফিয়াদের চাকরি ও ঘুষের দাবির কারণে ১৮৩টি অবকাঠামো প্রকল্প ব্যাহত হয়েছে। বিদ্যুৎ, রেলওয়ে ও টেলিযোগাযোগ কোম্পানিগুলোর তার চুরি হওয়ার কারণে বিপুল ক্ষতি হয়েছে, যার পরিমাণ দেশটির ওয়াইনশিল্পের মোট রাজস্বের সমপরিমাণ। বিদ্যুৎ কোম্পানি এসকমের সাবেক প্রধান আন্দ্রে ডি রুইটার সাহসিকতার সঙ্গে ঘুষ-দুর্নীতি বন্ধের চেষ্টা করলে তাঁকে বিষ দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়।
বাস্তবতা এমন পর্যায়ে পৌঁছেছে যে পশ্চিমের বিনিয়োগকারীরা এখন বলছেন, সিলিকন ভ্যালি ও ভেঞ্চার ক্যাপিটাল যেমন সমার্থক, তেমনি দক্ষিণ আফ্রিকা ও দুর্নীতি সমার্থক। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বৈশ্বিক সংস্থা ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স দক্ষিণ আফ্রিকাকে ধূসর তালিকায় অন্তর্ভুক্ত করেছে, যার অর্থ হলো, দক্ষিণ আফ্রিকার ব্যাংক ও অন্যান্য খাত বৃহত্তর নিরীক্ষার আওতায় আসবে।
রামাফোসা এসব নিয়ন্ত্রণের অঙ্গীকার করেছেন বারবার, কিন্তু ব্যর্থ হয়েছেন। রামাফোসা ও জুমার পার্থক্য হলো, জুমা একই সঙ্গে ছিলেন অনৈতিক ও অদক্ষ; রামাফাসো নৈতিক কিন্তু অদক্ষ। সে কারণে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন যখন চলতি বছরের প্রথমার্ধে দক্ষিণ আফ্রিকা সফর করেন, তখন দেশটির প্রধান নির্বাহীরা তাঁর কাছে আরজি জানান, তিনি যেন প্রেসিডেন্টকে কিছু বাস্তব বুদ্ধি দেন।