বিশ্ব বাণিজ্য

ধনীরা এখন যেভাবে অর্থ ব্যয় করছেন

ধনীদের খেয়ালের শেষ নেই। একেক সময় একেক খেয়ালে মেতে ওঠেন তাঁরা, কখনো দামি পণ্যের দিকে ঝোঁকেন তাঁরা, আবার কখনো প্রমোদতরিতে বিহার করতে যান। এখন নাকি ধনীরা পণ্য না কিনে সেবার দিকে ঝুঁকছেন, এমন তথ্য দিয়েছে বিজনেস ইনসাইডার।

এ বছর ধনীরা রোলেক্স ঘড়ির মতো দামি জিনিস কিনছেন না। এর মানে কিন্তু এমন নয় যে ধনীদের ব্যয় করার মতো আয় কমে গেছে, বরং কোভিড মহামারির আগের সময়ের তুলনায় ধনীদের হাতে এখন অনেক বেশি অর্থ রয়েছে। আসলে বিষয়টা হচ্ছে, তাঁদের অগ্রাধিকার বদলে গেছে। সে জন্য আপাতদৃষ্টে মনে হচ্ছে, ধনীরা যেহেতু দামি পণ্য কিনছেন না, তার মানে তাঁদের আয় কমে গেছে।

ঋণমান নির্ণয়কারী সংস্থা মুডিস–এর প্রধান অর্থনীতিবিদ মার্ক জান্ডি মনে করেন, অর্থনৈতিক পরিসংখ্যানের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। বিশ্বে উচ্চ আয়ের পরিবারগুলোর সঞ্চয়ের মোট পরিমাণ এখন লাখ কোটি ডলার ছাড়িয়ে গেছে। শীর্ষ ১ শতাংশ ধনীর হাতে এখন জাতীয় আয়ের ৩০ শতাংশের বেশি অর্থ রয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের তথ্য বলছে, ১৯৮৯ সালে সে দেশের ধনীদের হাতে এত সম্পদ ছিল না, এখন যতটা আছে।

বিষয়টি হচ্ছে, যুক্তরাষ্ট্রের ধনীরা রোলেক্স ঘড়ি না কিনে এখন টেইলর সুইফটের গান শুনতে দেদার ব্যয় করছেন। মার্ক জান্ডি বলেন, মহামারির সময় মানুষের মধ্যে পণ্যের যে চাহিদা বেড়েছিল, তা এখন ফুরিয়ে গেছে; এখন বরং তাঁদের মধ্যে সেবার চাহিদা তৈরি হয়েছে। টেইলর সুইফটের পপ গানের কনসার্ট দেখতে ধনী মার্কিন নাগরিকেরা দুই হাজার ডলার পর্যন্ত ব্যয় করছেন, অর্থাৎ এই পরিমাণ অর্থ দিয়ে টিকিট কিনছেন তাঁরা। রোলেক্স ঘড়ি কিনছেন না তাঁরা।

ধনীদের ব্যয় বৃদ্ধির আরেক কারণ হলো, কোভিড মহামারির পর মানুষের মনে এই প্রত্যয় জন্মেছে যে জীবন তো একটাই—উপভোগ করতে হবে। ফলে ভালো লাগার জন্য অনেক কিছুই তাঁরা করতে পারেন। বেইন অ্যান্ড কোম্পানির হিসাব অনুসারে, গত ২০২২ সালে বিশ্বে বিলাসবহুল পণ্য ও সেবা বাবদ মানুষের ব্যয় দাঁড়িয়েছিল দেড় লাখ কোটি ডলার, ২০১৯ সালে এসব বাবদ কোম্পানিগুলোর যে মুনাফা হয়েছিল, তার চেয়ে ১০ শতাংশ বেশি।

বিশেষ করে বিলাসবহুল সেবার প্রতি মানুষের আকর্ষণ বেড়েছে। ভ্রমণ বেড়েছে মানুষের, ফলে গত বছর বিলাসবহুল হোটেল-রিসোর্টে থাকা বাবদ মানুষের ব্যয় দ্বিগুণ হয়েছে, যা পরিমাণে ২১১ বিলিয়ন বা ২১ হাজার ১০০ কোটি ডলার।

বিলাসবহুল অবকাশযাপনের প্রবণতা বাড়ছে। ট্যুর অপারেটর ব্রিজেট ল্যাকির উত্তর আমেরিকা অঞ্চলের মহাব্যবস্থাপক স্কট ডান বলেন, চলতি বছরের প্রথম ছয় মাসে বিলাসবহুল অবকাশ যাপনের জন্য আগাম কক্ষ ভাড়ার পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ বেড়েছে।

অবকাশযাপনে আগাম কক্ষ সংরক্ষণের গড় ব্যয় ৩৫ হাজার ডলার। ধনীরা কী করছেন, এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, ধনীরা উত্তর মেরুতে যাচ্ছেন বা ভ্যাটিকান সিটিতে একদম ব্যক্তিগত সময় যাপনে অবকাশযাপনের মূল সময়ের পরও যাচ্ছেন অথবা এমন জায়গায় যাচ্ছেন, যেখানে কেবল হেলিকপ্টার নিয়ে যাওয়া যায়।

ব্রিজেট ল্যাকি আরও বলেন, ‘মহামারির কারণে আমাদের অতিথিদের ভ্রমণবিষয়ক দৃষ্টিভঙ্গি বদলে গেছে। অধিকাংশ অতিথি মনে করছেন, মাঝে অনেক সময় নষ্ট হয়েছে, এখন তা পুষিয়ে নিতে হবে।’

এ বছর সেবা নেওয়ার ব্যাপারে ধনীদের আকর্ষণ বেড়েছে বটে, তবে পণ্য কেনায়ও তাঁরা একদম পিছিয়ে নেই। গত বছর ধনীদের দামি পণ্য কেনার ক্ষেত্রে প্রবৃদ্ধি দেখা গেছে। গত বছর বিলাসবহুল গাড়ি বিক্রি ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে নতুন রেকর্ড উচ্চতায় উঠেছিল। তখন মোট ৬২৭ বিলিয়ন ৬২ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার মূল্যের বিলাসবহুল গাড়ি বিক্রি হয়। ব্যক্তিগত প্রমোদতরি (সুপার ইয়ট) ও জেট বিমান বিক্রিতে প্রবৃদ্ধি হয়েছে ১৮ শতাংশ, যা পরিমাণে ২৮ বিলিয়ন বা ২ হাজার ৮০০ কোটি ডলারের সমপরিমাণ।