
বর্তমান বিশ্বে আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি মিলিয়নিয়ার রয়েছেন, যাঁদের ব্যাংক হিসাবে ১ মিলিয়ন (১০ লাখ) বা এর বেশি পরিমাণ ডলার বা পাউন্ডের সম্পদ আছে। এর মধ্যে এক যুক্তরাষ্ট্রেই মিলিয়নিয়ারের সংখ্যা হলো ২ কোটি ৪৫ লাখ, যা বিশ্বের যেকোনো দেশের চেয়ে বেশি। মিলিয়নিয়ারদের মোটামুটি ধনী বলা হলেও তাঁরাও এখন উচ্চ মূল্যস্ফীতি ও বাজারের চরম অস্থিরতা তথা ওঠানামার কারণে আর্থিকভাবে তেমন নিরাপদ বোধ করছেন না।
ন্যাটিক্সিস সেন্টার ফর ইনভেস্টর ইনসাইটের নির্বাহী পরিচালক ডেভ গুডসেল বলেছেন, ‘মিলিয়ন ডলার থাকলে কোনো কিছু পাওয়া সহজ হয় বটে, তবে আমরা যেভাবে আশা করি, সেভাবে পাওয়া যাচ্ছে না৷’
ক্রেডিট সুইস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ গ্লোবাল ওয়েলথ রিপোর্ট বা বৈশ্বিক সম্পদ প্রতিবেদনে মিলিয়নিয়ারদের আর্থিকভাবে অনিরাপদ মনে করার তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, আজকাল যুক্তরাষ্ট্রের কমসংখ্যক মিলিয়নিয়ারই নিজেদের আর্থিক অবস্থান সম্পর্কে আত্মবিশ্বাসী।
১০ লাখে ১ মিলিয়ন। যাঁদের ১ মিলিয়ন বা ১০ লাখ ডলার থেকে আরও বেশি মূল্যমানের সম্পদের মালিক তাঁদেরই বলা হয় মিলিয়নিয়ার, যাঁরা মোটামুটি ধনী হিসেবেই পরিচিত। যুক্তরাষ্ট্রের এ রকম ধনী তথা উচ্চ সম্পদশালী ব্যক্তিদের মধ্যে ৫৮ শতাংশ মনে করেন, তাঁরা নিজেদের সঞ্চিত অর্থ দিয়ে দীর্ঘকাল চলতে পারবেন। কিন্তু ৩৬ শতাংশ মার্কিন মিলিয়নিয়ার উদ্বেগে আছেন বলে জানান। তাঁরা মনে করেন, নিজেরা মিলিয়ন ডলারের মালিক হলেও এই অর্থের ভরসায় অবসর নেওয়াটা ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। ৩৫ শতাংশ মিলিয়নিয়ার বা কোটিপতি মনে করেন, তাঁরা মিলিয়ন ডলার মূল্যের সম্পদের মালিক হলেও অবসর নেওয়ার পর আর্থিকভাবে সুরক্ষিত থাকাটা হবে ‘একটি অলৌকিক ঘটনা।’
যুক্তরাষ্ট্রের সাড়ে আট হাজারের বেশি ব্যক্তিগত বিনিয়োগকারীর ওপর ন্যাটিক্সিস সেন্টার ফর ইনভেস্টর ইনসাইটের পরিচালিত ওই সমীক্ষায় বলা হয়েছে, ৫৮ শতাংশ মিলিয়নিয়ার জানিয়েছেন যে তাঁরা প্রচুর অর্থের হলেও আগেভাগে অবসর না নিয়ে দীর্ঘ সময় কাজ চালিয়ে যেতে চান, যাতে ভবিষ্যৎ নিরাপদ থাকে।
এদিকে নর্থওয়েস্টার্ন মিউচুয়াল নামের একটি সংস্থার জরিপে বলা হয়েছে, আমেরিকার মিলিয়নিয়াররা এখন আশা করছেন যে অবসরের পরে আরামদায়কভাবে থাকতে হলে তাঁদের অন্তত সাড়ে ১২ লাখ ডলারের প্রয়োজন। গত বছরে তাঁদের এই চাওয়ার পরিমাণ ছিল ১০ লাখ ৫০ হাজার ডলার। অর্থাৎ এবার তাঁরা ভবিষ্যৎ আর্থিক নিশ্চয়তার আশায় গত বছরের তুলনায় ২০ শতাংশ বেশি সম্পদ থাকা উচিত বলে মনে করছেন।
ব্যাংকরেট ডটকম নামের অন্য এক সংস্থার এক আরেকটি সমীক্ষায় দেখা গেছে যে যুক্তরাষ্ট্রের ৫৫ শতাংশ কর্মজীবী মানুষ এখন মনে করেন যে তাঁরা ক্রমাগত উচ্চ মূল্যস্ফীতি ও বাজারের অস্থিরতার মধ্যে অবসরকালীন সঞ্চয়ে পিছিয়ে আছেন।
ন্যাটিক্সিস সেন্টার ফর ইনভেস্টর ইনসাইটের নির্বাহী পরিচালক ডেভ গুডসেল বলেন, ‘লোকদের এখন অঙ্ক কষে দেখতে হবে যে তাঁদের হাতে কী পরিমাণ অর্থ আছে এবং তা দিয়ে কত সময় চলা যাবে। এই খেলার নাম হলো সঞ্চয়।’ সূত্র: সিএনবিসি।