
কয়েক দিন ধরে ভারতের বিভিন্ন বাণিজ্য সংগঠনগুলো আরবিআইয়ের কাছে আরজি জানিয়ে আসছিল, নীতি সুদহার যেন আর বাড়ানো না হয়। কারণ, ঋণের সুদহার আরও বাড়লে ব্যবসা করাই কঠিন হয়ে যাবে।
কিন্তু ব্যবসায়ীদের কথায় সায় না দিয়ে নিজের পথেই অটল থাকল ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। দুই মাসের মাথায় আজ আবারও রেপো হার বাড়াল আরবিআই। আজ বুধবার আরবিআইয়ের ঋণনীতি কমিটির বৈঠকের পর গভর্নর শক্তিকান্ত দাস বলেন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের রেপো হার আরও ৩৫ ভিত্তি পয়েন্ট বাড়ানো হচ্ছে। ফলে নতুন রেপো হার বেড়ে দাঁড়াল ৬ দশমিক ২৫ শতাংশ। সূত্র ইকোনমিক টাইমস
বাণিজ্য সংগঠনগুলোর উদ্বেগ হলো, নীতি সুদহার বৃদ্ধি করা হলে প্রবৃদ্ধির হার কমে যাবে। বিষয়টি হচ্ছে, করোনার ধাক্কা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি ভারত। বলা যায়, করোনার প্রভাব কাটতে না কাটতেই শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যার প্রভাব পড়েছে মূল্যস্ফীতিতে। এই পরিস্থিতিতে নীতি সুদহার বাড়ানো হলে ঋণ আরও ব্যয়বহুল হবে এবং সমাজে অর্থের প্রবাহ কমে যাবে, এই আশঙ্কা থেকেই বাণিজ্য সংগঠনগুলো নীতি সুদহার বাড়ানোর বিপক্ষে ছিল বাণিজ্য সংগঠনগুলো।
তবে এ পরিস্থিতিতেও ভারতের জিডিপি প্রবৃদ্ধিতে ‘ইতিবাচক সম্ভাবনা’ দেখছে বিশ্বব্যাংক। মঙ্গলবার প্রকাশিত ‘ইন্ডিয়া ডেভেলপমেন্ট আপডেট’-এর পূর্বাভাস, চলতি ২০২২-২৩ অর্থবছরে ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে ৬ দশমিক ৯ শতাংশ। গত অক্টোবর মাসের পূর্বাভাসে বলা হয়েছিল, প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে ৬ দশমিক ৫ শতাংশ।
রিজার্ভ ব্যাংক যে সুদহারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে স্বল্পমেয়াদি ঋণ দেয়, তাকে রেপো হার বলা হয়। রেপো হার বেড়ে যাওয়ায় ভারতে ব্যাংকঋণের সুদের হারও বাড়তে পারে বলে আশঙ্কা। সে ক্ষেত্রে সাধারণ মানুষের ওপর ঋণের কিস্তির বোঝাও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ঋণনীতি কমিটির বৈঠকে ভোটাভুটির মাধ্যমে রেপো হার বাড়ানোর সিদ্ধান্ত হয়।
প্রায় দেড় বছর পর গত ৪ মে রেপো হার বৃদ্ধির ধারা শুরু করে আরবিআই। ৪০ ভিত্তি পয়েন্ট বৃদ্ধি করে রেপো হার নির্ধারণ করা হয় ৪ দশমিক ৪ শতাংশ। তারপর থেকে ধারাবাহিকভাবে বাড়ানো হচ্ছে রেপো হার। চলতি বছর এ নিয়ে পঞ্চমবার নীতি সুদহার বাড়ানো হলো। এর আগে গত ৩০ সেপ্টেম্বর রেপো হার ৫০ ভিত্তি পয়েন্ট বাড়িয়ে ৫ দশমিক ৯০ শতাংশ করেছিল আরবিআই। তার আগে গত ৫ আগস্ট সুদহার ৫০ ভিত্তি পয়েন্ট বাড়ানো হয়েছিল।