ন্যাশনাল ব্যাংক অব ইউক্রেনের (এনবিইউ) গভর্নর আন্দ্রে পিশনি
ন্যাশনাল ব্যাংক অব ইউক্রেনের (এনবিইউ) গভর্নর আন্দ্রে পিশনি

গভর্নর আন্দ্রে পিশনি

ইউক্রেনের অর্থনীতি যুদ্ধের সঙ্গে খাপ খাইয়ে চলছে

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ইউক্রেন এই অভিযানের বিপরীতে প্রতিরোধ গড়ে তুললে তা রূপ নেয় যুদ্ধে। এতে ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক দুর্ভোগ সৃষ্টি হয়েছে দেশটিতে। যুদ্ধকালীন পরিস্থিতিতে কেমন চলছে ইউক্রেন অর্থনীতি, তা নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে কথা বলেছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংক ন্যাশনাল ব্যাংক অব ইউক্রেনের (এনবিইউ) গভর্নর আন্দ্রে পিশনি।

প্রশ্ন

আইএমএফ: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রায় ১০ মাস পার হয়েছে। এই সময়ে ইউক্রেনের অর্থনীতিতে যুদ্ধের কী প্রভাব পড়েছে?

আন্দ্রে পিশনি: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এখন সবচেয়ে বড় সামরিক আগ্রাসন চলছে। গত ১০ মাস ধরে সফলতার সঙ্গে এই আগ্রাসন প্রতিরোধ করে আসছে ইউক্রেন। সার্বিকভাবে যুদ্ধের প্রভাব যাচাই করা কঠিন। তবে আমাদের অনুমান, যুদ্ধের কারণে ২০২২ সালে ইউক্রেনের জিডিপি অন্তত এক-তৃতীয়াংশ সংকুচিত হবে।

যুদ্ধ শুরুর সময় যে পরিস্থিতি ছিল, এখন তা অনেকটাই বদলে গেছে। শুরুতে আমরা কঠিন সময় পার করেছি। কিন্তু কয়েক মাসের ব্যবধানে ইউক্রেনের ব্যবসা-বাণিজ্য যুদ্ধের প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠতে শুরু করে। বাস্তুচ্যুত অনেক মানুষও ইতিমধ্যে ফিরে এসেছে। ফলে বলা যায়, ইউক্রেনের অর্থনীতি যুদ্ধের সঙ্গে খাপ খাইয়ে চলছে।
খুব বড় ধরনের স্থল ও বিমান হামলা ছাড়া বাকি সময়ে দেশের ব্যাংকিং ব্যবস্থা ভালোভাবে পরিচালিত হয়েছে। দেশের সব ব্যাংক যুদ্ধের পুরোটা সময় তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। অর্থনৈতিক স্থিতিশীল রাখতে এই সময়ে আমরা পুঁজির বহির্গমন বন্ধ করে দিয়েছি। একই সঙ্গে বিনিময় হার নির্দিষ্ট করে দেওয়াসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।  

গত ১০ মাসে দেশের রাজস্ব আদায় কার্যক্রম অব্যাহত ছিল। পাশাপাশি বিপুল পরিমাণে আন্তর্জাতিক সহায়তাও এসেছে এই সময়ে। রাশিয়ার বিরুদ্ধে সশস্ত্র বাহিনীকে সহায়তা করার জন্য শতকোটি ডলারের বিশেষ তহবিলও সংগ্রহ করতে পেরেছি আমরা।

প্রশ্ন

আইএমএফ: আপনি আড়াই মাস ধরে ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন। যুদ্ধের মধ্যে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ার চ্যালেঞ্জগুলো কী ছিল?

আন্দ্রে পিশনি: অক্টোবর মাস থেকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলাসহ বড় হামলা চালাচ্ছে রাশিয়া। প্রতিপক্ষের লক্ষ্য, জ্বালানি, বিদ্যুৎ, পানিসহ আমাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো ধ্বংস করা। এই পরিস্থিতিতে দেশের ব্যাংকিং কার্যক্রম যাতে ঠিকভাবে চলতে পারে, তা নিশ্চিত করার দিকেই আমি সবচেয়ে মনোযোগ দিয়েছি।

এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে, দেশের ভেতরে শক্তিশালী ব্যাংকিং নেটওয়ার্ক তৈরি করা। আমাদের ২০০টি গুরুত্বপূর্ণ শহর ও গ্রামে এক হাজারের বেশি শাখা আছে। এসব শাখায় আমরা আপৎকালীন বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য কাজ করছি, যাতে হামলার মুখে পড়লেও ব্যাংকিং নেটওয়ার্ক সচল রাখা যায়।

একই সঙ্গে আমরা বেশ কিছু বিশেষ কেন্দ্র তৈরি করেছি, যেখান থেকে ইউক্রেনীয় নাগরিকেরা বিদ্যুৎ না থাকলেও ফোন চার্জ করতে ও গরম খাবার নিতে পারবেন। এসব স্থানে এটিএমসহ প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধা দেওয়া হবে।

আমাদের পরবর্তী অগ্রাধিকার হলো, দেশের ব্যাংকিং ব্যবস্থার সার্বিক মূল্যায়ন করে সংকটকালে বাস্তবায়িত বিধিনিষেধগুলো পর্যালোচনা করা। এই মুহূর্তে ইউক্রেনের ব্যাংকিং ব্যবস্থা কিছু বিধিনিষেধের মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধের কারণে দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীল বজায় রাখতে এসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে

প্রশ্ন

আইএমএফ: আইএমএফের কর্মসূচির মাধ্যমে ইউক্রেন কীভাবে উপকৃত হতে পারে বলে আশা করছেন?

আন্দ্রে পিশনি: আইএমএফ সম্প্রতি ইউক্রেনের জন্য পর্যবেক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে। পদক্ষেপ হিসেবে এটি গুরুত্বপূর্ণ। ফলে দেশের রাজস্ব, আর্থিক ও অন্যান্য নীতি সমন্বয় করা এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা সহজ হবে।

আমাদের সার্বিক ঋণ কার্যক্রম ও বাজেট ঘাটতি পূরণের জন্য বিপুল পরিমাণে বাহ্যিক তহবিল প্রয়োজন। আমাদের হিসাবে, কমপক্ষে ৩ হাজার ৮০০ কোটি মার্কিন ডলারের বাহ্যিক অর্থায়ন প্রয়োজন হবে। তবে এই বাজেট ঘাটতি পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় অর্থায়ন ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংক করবে না। কারণ, এতে দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা অতিরিক্ত ঝুঁকির মুখে পড়বে। এ জন্য আমরা অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করছি, যাতে আইএমএফসহ দেশের বাইরে থেকে অর্থায়ন জোগাড় করা যায়।

এ ক্ষেত্রে আইএমএফের সাম্প্রতিক পর্যবেক্ষণ কর্মসূচি আমাদের অনেক উপকারে আসবে বলে আশা করছি। আমরা বিশ্বাস করি, এর মাধ্যমে আন্তর্জাতিক অংশীদারদের কাছ থেকে অর্থায়ন পাওয়া সহজ হবে।