সম্পর্কের টানাপোড়েনের জেরে চীনে কার্যক্রম সীমিত করছে তাইওয়ানের সেমিকন্ডাক্টর কোম্পানিগুলো। চীন ছেড়ে এসব কোম্পানি এখন জাপানে কার্যক্রম বাড়াচ্ছে। তাতে জাপানের সেমিকন্ডাক্টর খাতের পুনরুজ্জীবন ও সম্প্রসারণ ঘটছে। খবর রয়টার্সের।
সেমিকন্ডাক্টর–শিল্পে জাপান ঐতিহাসিকভাবে শক্তিশালী। বিশেষ করে নতুন উদ্ভাবন ও উচ্চমানের পণ্য তৈরির ক্ষেত্রে দেশটির সুনাম আছে। তবে সাম্প্রতিক বছরগুলোয় অন্যান্য সেমিকন্ডাক্টর উৎপাদনকারী দেশের সঙ্গে প্রতিযোগিতা ও প্রযুক্তিগত অগ্রগতির মতো কিছু চ্যালেঞ্জের মুখে পড়েছে জাপান। সেই অবস্থা থেকে উত্তরণেরও চেষ্টা করছে দেশটি। পালে হাওয়া দিচ্ছে তাইওয়ানের চিপ কোম্পানিগুলো।
বিশ্বের শীর্ষস্থানীয় সেমিকন্ডাক্টর প্রস্তুতকারকদের মধ্যে একটি হলো তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা টিএসএমসি। কোম্পানিটি এত দিন তাইওয়ানে বসেই কার্যক্রম চালাত। আগামীকাল শনিবার টিএসএমসি জাপানে তাদের নতুন কারখানার নির্মাণকাজ শুরু করতে চলেছে।
শুধু টিএসএমসি নয়, তাইওয়ানের আরও কিছু চিপ কোম্পানি জাপানে কার্যক্রম বাড়াচ্ছে, যদিও চীনে কার্যক্রম সীমিত করছে। এর পেছনে অবশ্য ভূরাজনৈতিক কারণ আছে। সেমিকন্ডাক্টর খাতে চীনের অগ্রগতি সীমিত করতে চায় যুক্তরাষ্ট্র। সে জন্য মিত্র দেশগুলোর মধ্যে অংশীদারত্ব বাড়ানো ও চীনের সঙ্গে সম্পর্ক হ্রাস করতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র, তাতে ভালো সাড়াও মিলছে।
এমনই একটি উদাহরণ হলো তাইওয়ানের আলচিপ টেকনোলজিস। কোম্পানিটি ইন্টিগ্রেটেড সার্কিট (চিপস) নকশা ও বাজারজাত করে। তবে সেগুলো তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে তৈরি (আউটসোর্স) করিয়ে নেয়। ২০২২ সালে আলচিপের বেশির ভাগ গবেষণা ও উন্নয়ন প্রকৌশলী ছিলেন চীনভিত্তিক। তবে গত বছর সেই ধারা থেকে বেরিয়ে এসেছে আলচিপ। কোম্পানিটি বর্তমানে যুক্তরাষ্ট্র, জাপান ও তাইওয়ানে তাদের আউটসোর্স বাড়িয়েছে। আলচিপ জাপানের মহাব্যবস্থাপক হিরোইউকি ফুরুজোনো বলেন, ‘আমরা জাপানের সেমিকন্ডাক্টর বাজারে অবস্থান শক্তিশালী করার আশা করছি।’
রয়টার্স জানিয়েছে, গত দুই বছরে তাইওয়ানের অন্তত নয়টি চিপ কোম্পানি জাপানে কার্যক্রম শুরু করেছে বা ব্যবসা সম্প্রসারণ করেছে, যেমন তাইওয়ানের চিপ নকশাকারী কোম্পানি ইমেমোরি টেকনোলজি দুই বছর আগে টোকিওর ইয়োকোহামায় কার্যালয় খুলেছে। ইমেমোরি টেকনোলজি জাপানের একসময়ের প্রভাবশালী চিপ কোম্পানির ১১ জন কর্মী নিয়োগও দিয়েছে।
ইমেমোরির প্রেসিডেন্ট মাইকেল হো বলেন, ‘আমরা ইয়োকোহামায় অফিস খোলার পর থেকে গ্রাহকদের ব্যাপক সাড়া পাচ্ছি। তবে তাঁরা জাপানি ভাষায় কথা বলতে পছন্দ করেন। আমাদের প্রতিষ্ঠানে স্থানীয় (জাপানি) লোক থাকায় ব্যবসায় সুবিধা হয়েছে।’
বিশেষজ্ঞদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তাইওয়ানের চিপ কোম্পানিগুলো বিদেশে কার্যক্রম সম্প্রসারণের ক্ষেত্রে জাপানকে প্রথম অগ্রাধিকার দিচ্ছে। ভৌগোলিক নৈকট্য ছাড়াও দুর্বল জাপানি মুদ্রা এর আরেকটি কারণ। বর্তমানে মার্কিন ডলারের বিপরীতে জাপানের মুদ্রা ইয়েনের মান অনেক কমেছে। সাধারণত মুদ্রা দুর্বল হলে তা সংশ্লিষ্ট দেশের সম্পদ, শেয়ার ও ব্যবসার খরচ কমিয়ে দেয়। এ কারণে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ বা এফডিআই বাড়ে। জাপানের ক্ষেত্রেও তা–ই ঘটছে।
১৯৮০-এর দশকে সেমিকন্ডাক্টর উপাদান ও সরঞ্জাম তৈরিতে নেতৃত্বস্থানীয় ছিল জাপান। পরবর্তীকালে যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপানের বাণিজ্য উত্তেজনা এবং দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতায় না পেরে অবস্থান হারায় জাপান। একসময়ের বৈশ্বিক চিপের বাজারে জাপানের ৫০ শতাংশ হিস্যা কমে ১০ শতাংশে নেমেছে। গত দুই দশকে জাপানের চিপ–সম্পর্কিত কর্মসংস্থান কমেছে প্রায় এক-পঞ্চমাংশ।
সাম্প্রতিক বছরগুলোয় হারানো সেই অবস্থান পুনরুদ্ধারের চেষ্টা করছে জাপান। বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এ বিষয়ে পড়াশোনা করতে উৎসাহিত করা হচ্ছে। সম্প্রতি তাইওয়ানের কোম্পনিগুলো আসতে থাকায় সেই চেষ্টায় গতি এসেছে। তাইওয়ানের টিএসএমসি জাপানে নতুন কারখানা স্থাপনে বিনিয়োগ করবে প্রায় দুই হাজার কোটি ডলার। ধারণা করা হচ্ছে যে টিএসএমসির এই কারখানা জাপানের সেমিকন্ডাক্টর খাতের সরবরাহ–শৃঙ্খল ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে অবদান রাখবে। টিএসএমসি জানিয়েছে, জাপানে একটি কর্মসংস্কৃতিতে পরিশ্রমের বিষয়টি আছে, সেখানে স্থিতিশীল সরকার আছে। সেখানে ব্যবসা করা সহজ; পাশাপাশি সেখানে ভর্তুকিও ভালো পাওয়া যায়।
সম্পদ ব্যবস্থাপনা ফার্ম হোয়াইট ওক ক্যাপিটালের বিনিয়োগ পরিচালক নরি চিউ বলেন, একটি দেশের শক্তিশালী সেমিকন্ডাক্টর শিল্প গড়ে ওঠার পেছনে শুধু নেতৃস্থানীয় কোম্পানি নয়, শক্তিশালী বাস্তুতন্ত্রেরও প্রয়োজন আছে। জাপানে সে ধরনের পরিবেশ আছে।