
বঙ্গোপসাগর পৃথিবীর বৃহত্তম উপসাগর; এর আশপাশে পাঁচটি দেশের অবস্থান। এই দেশগুলোর মধ্যে বৃহত্তম দেশ ভারত; জনসংখ্যার দিক থেকেও তারা বিশ্বের বৃহত্তম। আছে বিশ্বের অষ্টম জনবহুল দেশ বাংলাদেশ। ভৌগোলিক এই অবস্থানে কারণে স্বাভাবিকভাবেই বঙ্গোপসাগরের গতিশীল অর্থনৈতিক অঞ্চল হওয়ার কথা, যার একদিকে আছে দক্ষিণ এশিয়া, আরেক দিকে গতিশীল দক্ষিণ-পূর্ব এশিয়া। বঙ্গোপসাগরে এ দুই অঞ্চলকে একসূত্রে বেঁধে রাখবে, স্বাভাবিকভাবে এটাই হওয়া উচিত ছিল।
কিন্তু বঙ্গোপসাগর অঞ্চল এখন পর্যন্ত তুলনামূলকভাবে অন্যান্য এলাকার তুলনায় পিছিয়ে আছে, যদিও এ পরিস্থিতি পরিবর্তনের উচ্চাকাঙ্ক্ষা দেখা যাচ্ছে।
দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, যেসব দেশ ভৌগোলিকভাবে কাছাকাছি, সেই দেশগুলো বিশ্বের অন্যান্য স্থানে স্বাভাবিকভাবেই আঞ্চলিক সংহতির ভিত্তিতে শক্তিশালী ব্লকে পরিণত হয়েছে। উদাহরণ হিসেবে সবার আগে থাকবে ইউরোপ, তার সঙ্গে আছে উত্তর আমেরিকা বা এমনকি দক্ষিণ–পূর্ব এশিয়া, যে দেশগুলো অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস বা আসিয়ান নামে বেশ কার্যকর জোট গঠন করেছে।
কিন্তু ১৯৪০-এর দশকের শেষভাগে ভারতীয় উপমহাদেশের দেশগুলো স্বাধীনতা লাভের পর পরস্পরের সঙ্গে সম্পর্কিত হওয়ার বদলে বরং অন্তর্মুখী হয়েছে। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মিয়ানমার—সবার ক্ষেত্রে এ কথা প্রযোজ্য। বাণিজ্যের ক্ষেত্রে তাদের মধ্যে সুরক্ষাবাদী নীতি আছে; এমনকি পরস্পরের সঙ্গে তাদের শত্রুতা বাড়ছে।
অন্যান্য জোট বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যে পরিমাণ বাণিজ্য করে, সে তুলনায় বঙ্গোপসাগরের আশপাশের দেশগুলোর বাণিজ্য তুলনামূলকভাবে কম। যদিও এই অঞ্চল বিশ্বের সমুদ্র–বাণিজ্যের অন্যতম ব্যস্ত পথ। এর চেয়েও খারাপ বিষয় হলো, এই দেশগুলোর আন্তবাণিজ্য আরও কম। তারা মোট যে বাণিজ্য করে, তার মাত্র ৬ শতাংশ নিজেদের মধ্যে করে। এই অঞ্চলের অভ্যন্তরীণ সংযোগ খুবই কম; তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন।
তবে পরিবর্তনের সূচনা হয়েছে বলে দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে। দিল্লিভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক প্রোগ্রেসের অর্থনীতিবিদ কনস্ট্যানটিনো জেভিয়ার বলেন, এই বিচ্ছিন্ন পরিস্থিতি কাটিয়ে ওঠার সংগ্রাম শুরু হয়েছে।
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরি বলেছেন, সংযোগের তাগিদ আসছে ভারতের পক্ষ থেকে। এটা যে শুধু আঞ্চলিক সংযোগ বৃদ্ধির তাগিদ থেকে আসছে, তা নয়, বরং চীন যে ভারতের আশপাশে উপস্থিতি বৃদ্ধি করে তার ঘাড়ে নিশ্বাস ফেলছে, সেই বাস্তবতা থেকেই মূলত ভারতের এই তাগিদ।
এর সঙ্গে বঙ্গোপসাগরের তীরবর্তী দেশগুলোর মধ্যে এই বোধ তৈরি হয়েছে যে সমৃদ্ধি অর্জনে সংযোগ গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে এই বোধোদয় যে হয়েছে, তার বেশ কিছু লক্ষণ দৃশ্যমান, যেমন এই অঞ্চলের দেশগুলো সমুদ্রবন্দরসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে বিপুল বিনিয়োগ করছে। বাংলাদেশ মাতারবাড়ীতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করছে; সেই সঙ্গে কলম্বো বন্দরের বড় ধরনের সম্প্রসারণ হচ্ছে। মাতারবাড়ী বন্দর প্রকল্পে ঋণ দিচ্ছে জাইকা। কলম্বো বন্দরের একাংশের উন্নয়ন করছে চীন; আরেক অংশ করছে ভারতের আদানি গোষ্ঠী, সেখানে আবার যুক্তরাষ্ট্রের অর্থায়ন আছে।
এ ছাড়া ভারত সরকার বিমসটেককে সক্রিয় করার কাজে নেতৃত্ব দিচ্ছে। এই জোটে বঙ্গোপসাগরের তীরবর্তী পাঁচটি দেশসহ আছে ভুটান ও নেপাল। কিন্তু বিমসটেকের সেই সক্ষমতা নেই। সংস্থাটিতে যেমন কর্মীর স্বল্পতা আছে, তেমনি তাকে সক্রিয় করার ক্ষেত্রে দেশগুলোর ঐকমত্য ও এমনকি স্বার্থেরও অভাব আছে।
অতি সম্প্রতি বিমসটেকের মৌলিক সনদ গৃহীত হয়েছে। তবে আশাবাদ তৈরি হয়েছে যে আগামী সেপ্টেম্বর মাসে থাইল্যান্ডে যে বিমসটেকের শীর্ষ সম্মেলন হবে, সেখানে বৃহত্তর সহযোগিতার পরিস্থিতি সৃষ্টি হবে।
কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন চোখে পড়ছে। জাইকা বাংলাদেশ দপ্তরের প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদে দি ইকোনমিস্টকে বলেন, বাংলাদেশের পরিবহনব্যবস্থার মূল সমস্যাগুলো আগামী কয়েক বছরের মধ্যে সমাধান হয়ে যাবে। বাংলাদেশের পাশাপাশি জাইকা ভুটান ও নেপালের মতো ভূমিবেষ্টিত দেশগুলোর যোগাযোগব্যবস্থার উন্নয়নে কাজ করছে। এখন পর্যন্ত আঞ্চলিক পর্যায়ে বিদ্যুৎ–বাণিজ্য বেড়েছে। এর সুবিধা অনেকে পাচ্ছে। উদাহরণ হিসেবে বলা হয়েছে, বাংলাদেশে ভারতের বিদ্যুৎ বিক্রি বাড়ছে এবং ভুটান ও নেপাল ভারতের কাছে জলবিদ্যুৎ বিক্রি শুরু করেছে। এই দেশ দুটিতে জলবিদ্যুতের অভাব নেই।
এরপরও সন্দেহের অবকাশ থেকে যায় বলে মনে করছে ইকোনমিস্ট। ২০০৭ সালে এশীয় উন্নয়ন ব্যাংক আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধিতে সড়ক, রেল ও বন্দর সংযোগের বিস্তারিত পরিকল্পনা তৈরি করে। কিন্তু বছরের পর বছর ধরে সেই পরিকল্পনার গায়ে ধুলা জমছে। দেশগুলো সহযোগিতা দূরে থাক, অবকাঠামোগত প্রকল্পের তথ্যও পরস্পরের সঙ্গে ভাগাভাগি করতে রাজি নয়। বাণিজ্যের বাধা সরানো আরেক সমস্যা। এসব দেশ যে শুধু আমদানি শুল্ক থেকে বড় অঙ্কের রাজস্ব আদায় করে, তা নয়, এই শুল্ক একই সঙ্গে দুর্নীতির সুযোগ তৈরি করে।
এখন যে পরিস্থিতি, তাতে দেশগুলোর মধ্যে আন্তসংযোগের রাজনৈতিক ইচ্ছা তৈরি হলেও দুটি বড় চ্যালেঞ্জ আছে। অভ্যন্তরীণ চ্যালেঞ্জটি হলো মিয়ানমার—দেশটি প্রাকৃতিকভাবে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ–পূর্ব এশিয়ার মধ্যে সংযোগ হিসেবে কাজ করে। সেখানে এখন গৃহযুদ্ধের পরিস্থিতি বিরাজ করছে। এ কারণে সামরিক জান্তার দীর্ঘমেয়াদি পরিকল্পনা করার সংগতি বা ইচ্ছা কোনোটিই নেই।
আরেকটি চ্যালেঞ্জ হলো ভূরাজনীতি। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এখন যে প্রতিদ্বন্দ্বিতা চলছে, তার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে বঙ্গোপসাগর। মিয়ানমারের বিষয়ে চীনের আগ্রহ কেবল বাড়ছেই; ভারত মহাসাগরে প্রবেশের জন্য মিয়ানমার তাদের কাছে গুরুত্বপূর্ণ। চীন প্রতিযোগী দেশগুলোর নৌবাহিনীর ওপর নজরদারি করতে চায়; সে কারণে মিয়ানমারের কোকো দ্বীপ ও শ্রীলঙ্কায় চীনের রাডার স্টেশন নির্মাণের বিষয়ে ভারতের এত আপত্তি। অর্থাৎ বঙ্গোপসাগরের তীরবর্তী দেশগুলো পরস্পরের সঙ্গে আরও সহযোগিতা করতে চাইলেও ভূরাজনৈতিক উত্তেজনা থেকে তারা রেহাই পাচ্ছে না।