
চীনের রাষ্ট্রীয় আবাসন কোম্পানির ঋণমান হ্রাস করেছে মুডিস। চীনের আবাসন কোম্পানি গ্রিনল্যান্ড হোল্ডিং ও সিনো ওশানের ঋণমান কমিয়েছে তারা। বলা হয়েছে, গ্রিনল্যান্ড গত মাসে একটি বন্ডের কিস্তি পরিশোধ করতে পারেনি, অন্যদিকে সিনো ওশানও খেলাপি হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে শেষ মুহূর্তে অনেক দেনদরবার করছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মুডিস গ্রিনল্যান্ডের করপোরেট ফ্যামিলি রেটিং (সিএফআর) হ্রাস করে ‘সিএ মাইনাস’ করেছে। এর অর্থ হলো, এই কোম্পানি যেকোনো সময় খেলাপি হয়ে যেতে পারে। সেই সঙ্গে মুডিস সিনো ওশানের সিএফআর নির্ধারণ করেছে ‘সিএএ২’, আগে যা ছিল ‘সিএএ১’। অর্থাৎ এই কোম্পানি ঝুঁকিপূর্ণ। উভয় কোম্পানির বিষয়ে মুডিসের আভাস নেতিবাচক।
মুডিসের বিশ্লেষক ড্যানিয়েল ঝা বলেছেন, গ্রিনল্যান্ড হোল্ডিংয়ের ঋণমান হ্রাস এবং তার সম্পর্কে নেতিবাচক আভাসের অর্থ হলো, কোম্পানির তারল্য পরিস্থিতি দুর্বল। ফলে গ্রিনল্যান্ড হোল্ডিংয়ের বন্ড ক্রেতাদের ঋণ ফেরত পাওয়ার সম্ভাবনা দুর্বল।
মুডিসের আরেক বিশ্লেষক কেড্রিক লাই বলেছেন, সিনো ওশানের ঋণমান কমানোর অর্থ হলো, এই কোম্পানির তারল্য ও ঋণের পরিস্থিতি দুর্বল। সেই সঙ্গে তার বৃহত্তম শেয়ারহোল্ডার চায়না লাইফ ইনস্যুরেন্সের কাছ থেকে সময়মতো সহায়তা পাওয়ার সম্ভাবনাও কমে এসেছে।
চীনের আবাসন খাতে আবারও অস্থিরতা শুরু হয়েছে এবং সেখানে আবারও এভারগ্রান্ড ধাঁচের সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জুনের ২৫ তারিখ সাংহাইভিত্তিক গ্রিনল্যান্ডের ২ কোটি ৫০ লাখ ডলারের কিস্তি পরিশোধ করার কথা ছিল। তখন তারা সেই কিস্তি পরিশোধ করতে না পারলেও চলতি সপ্তাহে তা করেছে। মুডিস বলছে, এই বিলম্ব থেকে বোঝা যায়, কোম্পানির অবস্থা ভালো নয়।
এদিকে রয়টার্সের আরেক খবরে বলা হয়েছে, চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো বাজারের চাহিদা ও সরবরাহ পরিবর্তনের সঙ্গে আবাসন খাতের নীতিমালা খাপ খাওয়ানোর কথা বলেছে। এই কথার পর বিনিয়োগকারীরা ধারণা করছেন, পলিটব্যুরো আবাসন খাতে বিধিনিষেধ শিথিল করার ইঙ্গিত দিচ্ছে। এই খবরে সুনাক চায়না ও লংফোর গ্রুপের মতো বড় আবাসন কোম্পানির শেয়ারের দাম গত সপ্তাহে উল্লেখযোগ্য হারে বেড়েছে।
আবাসন খাতের বিশ্লেষকেরা মনে করেন, একদম পাইকারি হারে নীতি পরিবর্তন না–ও হতে পারে এবং সবখানে তা এক রকম হবে না। আশা করা হচ্ছে, কেন্দ্রীয় সরকার আরও যৌক্তিক প্যাকেজ চালু করবে।
সরকার সম্ভবত শহরে দ্বিতীয় বাড়ি কেনার ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করবে।
এদিকে বিনিয়োগকারীরা আবাসন খাতের ঋণসংকট নিয়ে চিন্তিত। সিনো ওশান গ্রুপ ও গ্রিনল্যান্ড হোল্ডিংসের ঋণমান হ্রাসের কারণে আরও শঙ্কা তৈরি হয়েছে। এই বাস্তবতায় দেশটির আবাসন খাতের নিয়ন্ত্রক সংস্থা এই খাতের পুনরুদ্ধারে আর্থিক সহায়তা বৃদ্ধির অঙ্গীকার করেছে।
চীনের মোট দেশজ উৎপাদনে আবাসন খাতের হিস্যা ৩০ শতাংশ। ফলে আবাসন খাতের সংকট দেশটির প্রবৃদ্ধির জন্য ভালো নয়।