ইলন মাস্ক ও জেনসেন হুয়াং
ইলন মাস্ক ও জেনসেন হুয়াং

জেনসেন হুয়াংকে চাকরি দেবেন মাস্ক, বললেন তাঁকে কাজ দেওয়া সম্মানের

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সময়টা ভালো যাচ্ছে না। চীনা গুপ্তচর হিসেবে অভিযুক্ত অ্যালিস হুয়াংয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করার পর তাঁর পরিস্থিতি জটিল হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, এনভিডিয়ার প্রতিষ্ঠাতা সিইওকে শিগগিরই পদ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এমন পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন ইলন মাস্ক।

এক্সের (সাবেক টুইটার) এক ব্যবহারকারী এনভিডিয়ার প্রধান হিসেবে জেনসেন হুয়াংয়ের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় তাঁকে নিয়োগ দেওয়ার জন্য ইলন মাস্ককে অনুরোধ করেন। ইলন মাস্ক তাতে সম্মতি জানান। জবাবে তিনি লেখেন, ‘এটা সম্মানজনক।’ খবর ইন্ডিয়া টুডের

এর আগেও জেনসেন হুয়াংয়ের প্রতি সমর্থন জানিয়েছেন ইলন মাস্ক। এনভিডিয়ার কর্মীদের কাছে পাঠানো অভ্যন্তরীণ বার্তায় হুয়াং প্রথমবারের মতো বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করার পর মাস্ক এক পোস্টে তাঁর প্রতি সমর্থন জানান। ওই পোস্টে তিনি বলেন, হুয়াং ‘অবিশ্বাস্য রকমের বোকামি’ করেছেন, তবে তাঁর খারাপ উদ্দেশ্য ছিল না। যে পোস্টে হুয়াংকে চাকরি দেওয়ার অনুরোধ করা হয়েছে, সেখানে হুয়াংকে এই প্রজন্মের অন্যতম সেরা উদ্যোক্তা ও যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের জন্য অপরিহার্য ব্যক্তি হিসেবে আখ্যা দেওয়া হয়। জবাবে মাস্ক বলেন, তিনি একমত।

ইলন মাস্ক ও জেনসেন হুয়াংয়ের সম্পর্ক দীর্ঘদিনের। তাঁরা বেশ কয়েক বছর ধরে একসঙ্গে কাজ করেছেন। ২০১৬ সালে মাস্ক যখন ওপেনএআইয়ের সঙ্গে যুক্ত ছিলেন, তখন এনভিডিয়ার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুপারকম্পিউটার ডিজিএক্স-১ কেনেন তিনি। এমনকি হুয়াং সেই কম্পিউটার নিজেই সান ফ্রান্সিসকোয় ওপেনএআইয়ের কার্যালয়ে গিয়ে মাস্কের হাতে তুলে দেন।

শুধু ইলন মাস্ক নন, জেনসেন হুয়াংয়ের পক্ষে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। চলতি সপ্তাহের শুরুতে এনভিডিয়ার প্রধানকে ‘সম্মানিত ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেন তিনি। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জন্য হুয়াং অসাধারণ কাজ করেছেন। তিনি আরও বলেন, ‘আমি শুধু জানি, তিনি ভালো মানুষ। আমার তা-ই মনে হয়। তিনি কোনো ভুল করেছেন বলে আমি শুনিনি।’ বলা হচ্ছে, অ্যালিসের সঙ্গে হুয়াংয়ের সম্পর্কের বিষয়ে প্রায় এক বছর ধরেই জানতেন ট্রাম্প। তবে এ বিষয়ে তিনি পদক্ষেপ নেননি।

একাধিক বিবাহবহির্ভূত সম্পর্ক

হুয়াং এর আগেও বিবাহবিহর্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েলের সঙ্গেও বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। চলতি বছরের মার্চে এক সম্মেলন চলাকালে সান হোসের এক হোটেলে তাঁদের ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁদের সেই মুহূর্তের ভিডিও ধারণ করা হয়েছিল। ভিডিও ধারণকারী ব্যক্তিকে এ বিষয়ে গোপনীয়তা রক্ষার চুক্তিতে সই করার প্রস্তাবও দেওয়া হয়েছিল।

এদিকে এনভিডিয়ার শেয়ারের দরপতন অব্যাহত থাকায় হুয়াংকে সরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। সম্ভাব্য উত্তরসূরি খুঁজতে বাইরের একটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে এনভিডিয়া। স্থায়ী সিইও নিয়োগ না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী নিয়োগেরও সম্ভাবনা আছে।

সাম্প্রতিক এসব অভিযোগ নিয়ে এখনো মন্তব্য করেননি জেনসেন হুয়াং। এ বিষয়ে তাঁর একমাত্র প্রকাশ্য বক্তব্য ছিল এনভিডিয়ার কর্মীদের কাছে পাঠানো এক অভ্যন্তরীণ বার্তা। সেখানে স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতার কথা স্বীকার করেন তিনি। হুয়াং লেখেন, ‘আমি আমার স্ত্রীর প্রতি অবিশ্বস্ত আচরণ করেছি। আমার এই আচরণ তাঁকে এবং আমাদের সন্তানদের কষ্ট দিয়েছে। আমি যা করেছি, তার কোনো অজুহাত নেই। আমি গভীরভাবে অনুতপ্ত।’ তবে ওই বার্তায় অ্যালিস হুয়াংয়ের নাম উল্লেখ করেননি তিনি।

এদিকে অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের বিষয়টি তদন্ত করছে এনভিডিয়া। এ ঘটনায় জাতীয় নিরাপত্তার জন্য কোনো ঝুঁকি তৈরি হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের জ্যেষ্ঠ রিপাবলিকান সদস্যরাও এ বিষয়ে হুয়াংয়ের কাছ থেকে বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন। অন্যদিকে গুপ্তচরবৃত্তির অভিযোগকে ‘ভিত্তিহীন অনুমান’ বলে প্রত্যাখ্যান করেছে চীন।