
অর্থসংকটে জর্জরিত শ্রীলঙ্কা বৃহস্পতিবার ঘোষণা করেছে যে দেউলিয়া হওয়ার পর তারা এই প্রথমবারের মতো একটি বড় বিদেশি বিনিয়োগ পেয়েছে। এই বিনিয়োগ এসেছে আরেক কেলেঙ্কারিতে জর্জরিত কোম্পানি আদানির কাছ থেকে। ভারতীয় এই কোম্পানি একটি বায়ু বিদ্যুৎ প্রকল্পে ৪৪ কোটি ২০ লাখ ডলার বিনিয়োগ করবে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, শ্রীলঙ্কার বিনিয়োগ বোর্ড প্রস্তাবটি অনুমোদন করে জানিয়েছে যে আদানি গ্রিন এনার্জি দ্বীপরাষ্ট্রটির উত্তরে দুটি বায়ুবিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে। এই কোম্পানি ভারতের বিতর্কিত ধনকুবের গৌতম আদানির ব্যবসায়ী-সাম্রাজ্যের অংশ।
এক বিবৃতিতে বোর্ড আরও জানিয়েছে, সব মিলিয়ে বিনিয়োগ হবে ৪৪ কোটি ২০ লাখ ডলার এবং ২০২৫ সাল নাগাদ বায়ুবিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন শুরু হবে।
এর আগে শ্রীলঙ্কা ২০২১ সালে আদানির জন্য ৭০ কোটি ডলার ব্যয়ে কলম্বোতে একটি কৌশলগত সমুদ্রবন্দর নির্মাণ প্রকল্প অনুমোদন করেছিল।
ওই প্রকল্পকে দেখা হচ্ছিল চীনের ব্যাপারে ভারতের ক্রমবর্ধমান উদ্বেগ প্রশমনের একটি চেষ্টা হিসেবে। ভারত সরকারই ওই প্রকল্পের জন্য আদানিকে মনোনীত করেছিল। ভারতের উদ্বেগের কারণ হলো, চীন এই অঞ্চলে তার প্রভাব ধীরে ধীরে বাড়িয়ে চলেছে।
আদানি কলম্বো বন্দরে চীন পরিচালিত একটি টার্মিনালের পাশে ১ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ এবং ২০ মিটার গভীর একটি জেটি নির্মাণ করছে। কলম্বো হলো দুবাই এবং সিঙ্গাপুরের মধ্যে একমাত্র গভীর কনটেইনার সমুদ্রবন্দর।
শ্রীলঙ্কার জ্বালানিমন্ত্রী কাঞ্চানা ভিজেসেকেরা বলেছেন যে বুধবার তিনি কলম্বোতে আদানির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বায়ুবিদ্যুৎকেন্দ্রটির বিষয়ে কথাবার্তা চূড়ান্ত করেন। তিনি বলেন, ‘আমরা আশা করছি, বিদ্যুৎকেন্দ্রটি ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে চালু হবে।’
গত মাসে মার্কিন একটি বিনিয়োগ প্রতিষ্ঠান আদানির বিরুদ্ধে হিসাবে জালিয়াতি এবং শেয়ার নিয়ে ধোঁকাবাজি করার অভিযোগ আনে। এরপর আদানির শেয়ারে ধস নামে এবং গ্রুপটির বাজার মূলধন ১২ হাজার কোটি ডলার কমে যায়। আদানি অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে।
এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে তিনটি বায়ুবিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ শ্রীলঙ্কা ২০১৯ সালে চীনা একটি প্রতিষ্ঠানকে দিয়েছিল। ওই কেন্দ্রগুলো শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার পক প্রণালিতে অবস্থিত ছোট দ্বীপে স্থাপনের কথা থাকলেও পরে ভারতের আপত্তির কারণে প্রকল্পটি বাতিল করা হয়।
শ্রীলঙ্কার সবচেয়ে বড় দ্বিপক্ষীয় ঋণদাতা হলো চীন। এখন পর্যন্ত এমন ঋণের ৫২ শতাংশই এসেছে চীনের কাছ থেকে। শ্রীলঙ্কা চীনের কাছ থেকে আরও আর্থিক সমর্থনের প্রত্যাশা করছে, যাতে আইএমএফের কাছ থেকে তারা ২৯০ কোটি ডলারের একটি ঋণসহায়তা পেতে পারে।