অন্ধকারেই ফুটত ছবির আলো

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দেশে একসময় বক্স ক্যামেরার মাধ্যমে সাদাকালো ছবি তোলা হতো। এরপর আসে রঙিন ছবির যুগ। স্টুডিওতে কীভাবে ছবি প্রিন্ট করা হতো তা নিয়ে সব সময়ই মানুষের মধ্যে ছিল কৌতূহল। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে ছবি তোলা ও প্রিন্টের কার্যক্রমেও এসেছে নানা পরিবর্তন।

রাজধানীর মগবাজারের পদ্মা স্টুডিওর স্বত্বাধিকারী আক্কাস মাহমুদ বলেন, বর্তমানে ছবি তোলা ও প্রিন্ট দেওয়াকে যতটা সহজ মনে করা হয়, আগে তেমনটি ছিল না।

একটি ছবি তোলার পরে তা ডার্করুম বা অন্ধকার কক্ষে যতক্ষণ না প্রিন্ট উপযোগী হতো, ততক্ষণ ফটোগ্রাফার চিন্তায় থাকতেন। আগে সনাতন পদ্ধতিতে সাদাকালো ছবি তোলা ও প্রিন্ট করা হতো। ছবি তোলার পর প্রথমে ফিল্ম অন্ধকার কক্ষে নির্দিষ্ট রাসায়নিকে ডুবিয়ে রাখা হতো। এর মাধ্যমে পাওয়া যেত ছবির নেগেটিভ। এরপর তাতে পেনসিলের মাধ্যমে হাতে এঁকে সম্পাদনার কাজ করা হতো। সেখান থেকে আবার অন্ধকার কক্ষে সনাতনী যন্ত্রের মাধ্যমে ছবি প্রক্রিয়াজাত করে প্রিন্ট করা হতো। প্রিন্টের পর সেই ছবি বাতাসে শুকিয়ে দেওয়া হতো গ্রাহকদের।

সাদাকালো ছবির যুগে একটি রিলে ১২টি ফিল্ম থাকত। আর রঙিন ছবির রিলে থাকত ৩৬টি ফিল্ম। কখনো কখনো দুই থেকে তিনটি ফিল্ম বেশিও পাওয়া যেত। এখন যেমন একটি ছবি তুলেই কম্পিউটারে সেটি এডিট করে প্রিন্ট দেওয়া হয়, আগে তেমনটি ছিল না। ফিল্মের পুরো রিল শেষ হওয়ার অপেক্ষায় থাকতে হতো। এতে ফটোগ্রাফার খুব হিসাব করে ছবি তুলতেন। বলা যায়, ফটোগ্রাফি তখন হাতে–কলমে শিখতে হতো।

নিউমার্কেটের ফটোমুভি অ্যান্ড স্টিলস স্টুডিওর কর্মকর্তা জিল্লুর রহমান জানান, সত্তরের দশকে দেশে রঙিন ছবির প্রচলন শুরু হয়। তখনো সাদাকালো ছবির মতো কাজের ধরন মোটামুটি একই ছিল। তবে পেনসিল ও এনলার্জারের কাজের পরিবর্তে স্বয়ংক্রিয় যন্ত্রের সাহায্যে ছবি প্রিন্ট করা শুরু হয়। তাতে বেশ সময় লাগত। ছবির আকারও ছিল সুনির্দিষ্ট।

আগে দেশে রঙিন ছবি তোলা হলেও তা প্রিন্ট করে আনা হতো বিদেশ থেকে। ১৯৭৯ সালে দেশে প্রথম রঙিন ছবির স্টুডিও স্থাপন করা হয়। 

২০০০ সালের দিকে দেশে ফিল্মবিহীন কার্ডভিত্তিক ডিজিটাল ক্যামেরায় ছবি তোলার প্রযুক্তি চালু হয়। ফলে তখন ছবি তোলার পর নেগেটিভের ঝামেলা আর থাকল না।

একই সময়ে ছবি তোলার কাজে কম্পিউটারের ব্যবহারও ব্যাপকভাবে বেড়ে যায়। এতে ছবি সম্পাদনা ও প্রিন্ট করা আরও সহজ হয়ে যায়। আগে ছবি সাধারণত একই আকারে প্রিন্ট করা হতো। কিন্তু কম্পিউটারের ব্যবহার শুরুর পর ছবির আকার ছোট–বড় করা সম্ভব হয়।

এরপর ডিজিটাল ক্যামেরা ও যন্ত্রেও আসে নানা পরিবর্তন। সবচেয়ে বড় পরিবর্তন আসে গত দেড় দশকে অ্যান্ড্রয়েড মুঠোফোনের বিস্তারের মাধ্যমে।