রুপিতে বাণিজ্য বাড়াতে জোর ভারতের, ২০ ব্যাংককে ভস্ট্র হিসাব খুলতে অনুমতি

ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)
সংগৃহীত

রুপিতে বাণিজ্য বাড়াতে ভারতের জোরেশোরে উদ্যোগ নিচ্ছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) নিজের দেশের ২০টি ব্যাংককে অন্য দেশে তাদের অংশীদার ব্যাংকে ৯২টি বিশেষ ভস্ট্র হিসাব (এসআরভিএএস) খোলার অনুমতি দিয়েছে। এতে বাংলাদেশ, রাশিয়া, মালদ্বীপ, যুক্তরাজ্যসহ ২২টি দেশের সঙ্গে বাণিজ্য রুপিতে করা সম্ভব হবে।

অন্য দেশের সঙ্গে ভারতীয় মুদ্রায় বাণিজ্য বাড়ানোর বিষয়ে লোকসভায় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী সোম প্রকাশ বলেন, ২৩ জুলাই পর্যন্ত আরবিআই বিশ্বের ২২টি দেশের অংশীদার ব্যাংকে ভস্ট্র হিসাব খুলতে ভারতের ২০ এডি ব্যাংকে অনুমতি দিয়েছে। খবর ফরচুন ইন্ডিয়ার।

ভারতীয় ব্যাংকগুলো যে ২২টি দেশের ব্যাংকের সঙ্গে ভস্ট্র হিসাব খুলতে পারবে, সেগুলো হলো বাংলাদেশ, বেলারুশ, বতসোয়ানা, ফিজি, জার্মানি, গায়ানা, ইসরায়েল, কাজাখস্তান, কেনিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরিশাস, মিয়ানমার, নিউজিল্যান্ড, ওমান, রাশিয়া, সেশেলস, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, তানজানিয়া, উগান্ডা ও যুক্তরাজ্য।

এদিকে ১৫ জুলাই আরবিআই ও সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়। এর ফলে রপ্তানি ও আমদানিকারকেরা নিজ নিজ দেশের মুদ্রায় বাণিজ্য করার সুযোগ পাবে। তাতে বৈদেশিক মুদ্রাবাজারের দুই দেশই উপকৃত হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

রিজার্ভ অব ইন্ডিয়া চলতি বছরের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য ভারতীয় রুপিতে ঋণপত্র খোলা ও অর্থ প্রদানের অনুমতি দেয়। এর মাধ্যমে ভারত থেকে রুপিতে পণ্য রপ্তানিকে উৎসাহ দেওয়ার পাশাপাশি বৈশ্বিক ব্যবসা বাড়াতে চায় দেশটি। ভারতের সঙ্গে রুপিতে বাণিজ্য করতে চাওয়া যেকোনো দেশের জন্য এই নীতিকাঠামো প্রযোজ্য। তার আগে দেশটির ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) আন্তর্জাতিক বাণিজ্যনীতিতে একটি বিধান প্রবর্তন করেছিল, যাতে আন্তর্জাতিক বাণিজ্য চালান, অর্থ প্রদান ও রুপিতে রপ্তানি-আমদানি নিষ্পত্তির অনুমতি দেওয়া যায়।

১১ জুলাই ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যে ডলারের পাশাপাশি বিকল্প মাধ্যম হিসেবে টাকা ও রুপিতে লেনদেন শুরু হয়। এর ফলে বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানি এবং ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানি—উভয় কাজ করতেই এখন থেকে মার্কিন ডলারের পাশাপাশি ভারতীয় মুদ্রা রুপিও ব্যবহার করা যাবে।