
পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনা পর্বতারোহী নুরুননাহার নিম্নিকে সংবর্ধনা দিয়েছে পূবালী ব্যাংক। নুরুননাহার নিম্নি পূবালী ব্যাংকের একজন প্রিন্সিপাল অফিসার।
আজ সোমবার রাজধানীর দিলকুশায় পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের মিলনায়তনে নুরুননাহার নিম্নিকে সংবর্ধনা দেওয়া হয়।
গত ২৭ মে নেপাল সময় ভোর ৫টা ২৪ মিনিটে নুরুননাহার নিম্নি মাউন্ট এভারেস্ট জয় করেন। দীর্ঘ ১৪ বছর পর কোনো বাংলাদেশি নারী হিসেবে তিনি এভারেস্ট জয় করলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। অনুষ্ঠানে নুরুননাহার নিম্নির হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। এর আগে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রিন্সিপাল শাখার প্রধান সুলতানা সরিফুন নাহার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংক সব সময় মানবসম্পদকে প্রতিষ্ঠানের সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা করে। কর্মীদের পেশাগত সাফল্যের পাশাপাশি তাঁদের ব্যক্তিগত স্বপ্ন ও সম্ভাবনার বিকাশেও ব্যাংক সমানভাবে সহায়ক ভূমিকা পালন করে থাকে।
সংবর্ধনা সভায় নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নুরুননাহার নিম্নি তাঁর এই দুর্গম ও ঐতিহাসিক অভিযাত্রায় পাশে থাকা, সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করার জন্য পূবালী ব্যাংক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাৎ হোসেন, আহমেদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান ও মো. আনিসুজ্জামান। এ ছাড়া মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক, ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও নারী কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।