শূন্য পদ পূরণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, প্রশাসনিক কার্যক্রম সচল রাখা, জনগণের ভোগান্তি কমানো ও নাগরিক সেবা নিশ্চিত করতে সারা দেশের বিভিন্ন সরকারি দপ্তরের শূন্য পদ পূরণের লক্ষ্যে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, কর্মপরিকল্পনায় উল্লেখিত ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ’ উদ্যোগ বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগসংক্রান্ত সবশেষ অবস্থা পর্যালোচনা করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার সংসদে কুড়িগ্রাম–১ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলামের টেবিলে উত্থাপিত প্রশ্নের লিখিত জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শূন্য পদের সঠিক তথ্য সংগ্রহ ও নিয়োগের অধিযাচন (রিকুইজিশন) দ্রুত পাঠানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোয় ইতিমধ্যে পত্র প্রেরণ করা হয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেন, দ্রুততম সময়ে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও সময়াবদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা ও প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল রাখতে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সময়োপযোগী নিয়োগের প্রক্রিয়া নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।