
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দরিদ্র ও অসচ্ছল জনগোষ্ঠীর জন্য সরকারি হাসপাতালগুলোতে স্বল্প বা বিনা মূল্যে চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা এবং ওষুধ সরবরাহের ব্যবস্থা অব্যাহত রয়েছে। একই সঙ্গে সরকারি হাসপাতালের জনবলসংকট দূর করতে পর্যায়ক্রমে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। আজ সোমবার জাতীয় সংসদে নওগাঁ-৩ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. ফজলে হুদার লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পর্যায়ক্রমে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করে দেশের সব সরকারি হাসপাতালে বিদ্যমান শূন্য পদে জনবল নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দীর্ঘদিন পদোন্নতিবঞ্চিত ও বৈষম্যের শিকার চিকিৎসকদের পদোন্নতি কার্যক্রম শুরু করেছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে পদোন্নতির ভিত্তিতে সিনিয়র কনসালট্যান্ট ও জুনিয়র কনসালট্যান্টের শূন্য পদে বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের কার্যক্রম চলমান। খুব শিগগির এ পদোন্নতি কার্যক্রম সম্পন্ন করা হবে। তিনি জানান, শূন্য পদে জনবল নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। এর আওতায় ৪৫তম বিসিএসের মাধ্যমে ৪৫০ জন, ৪৬তম বিসিএসের মাধ্যমে ১ হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসের মাধ্যমে ১ হাজার ৩৩১ জন এবং ৫০তম বিসিএসের মাধ্যমে ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগের কার্যক্রম প্রক্রিয়াধীন।
মন্ত্রী আরও জানান, সিনিয়র স্টাফ নার্সের শূন্য পদ পূরণে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগ কার্যক্রমও চলমান।