নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসায় আনছে পরিবর্তন, শিক্ষার্থীদের জন্য যে যে সুবিধা

  • ২০ জুলাই থেকে নিউজিল্যান্ড পিএসভি–সংক্রান্ত নিয়মে পরিবর্তন আনছে

  • শিক্ষার্থীরা ভিসার আবেদন ছাড়াই পড়াশোনার বিষয় পরিবর্তন করতে পারবেন

  • শিক্ষার্থীরা মূল কোর্স শুরুর আগে ইংরেজি শিখতে অতিরিক্ত সময় পাবেন

২০ জুলাই থেকে নিউজিল্যান্ড পিএসভি–সংক্রান্ত নিয়মে পরিবর্তন আনছেছবি: এআই

ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন সিলভার ফার্নের দেশ নিউজিল্যান্ড। এটি পৃথিবীর দক্ষিণ গোলার্ধের ওশেনিয়া অঞ্চলে। দেশটিকে ‘শুভ্র মেঘের দেশ’ বলেও ডাকা হয়। প্রাকৃতিক পরিবেশ পরিমণ্ডিত পৃথিবীর অন্যতম শান্তিপূর্ণ দেশটি নানা কারণে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম গন্তব্য হয়ে উঠছে। প্রকৃতির মতোই এখানকার শিক্ষাব্যবস্থারও রয়েছে নিজস্ব মহিমা ও শ্রেষ্ঠত্ব। শিক্ষার্থীদের আকৃষ্ট করতে নানা উদ্যোগ নিচ্ছে নিউজিল্যান্ড।

ফান্ডস ট্রান্সফার স্কিম (এফটিএস), নির্দিষ্ট শর্তে স্বামী বা স্ত্রী ও সন্তানদের সঙ্গে নিতে পারা ও সপ্তাহে সর্বোচ্চ ২৫ ঘণ্টা পর্যন্ত কাজ করাসহ নানা সুযোগ দিয়েছে। এবার পাথওয়ে স্টুডেন্ট ভিসা (পিএসভি)–সংক্রান্ত নিয়মে নতুন পরিবর্তন আনছে। ২০ জুলাই থেকে পিএসভি–সংক্রান্ত নতুন পরিবর্তন কার্যকর হতে যাচ্ছে। এর ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীরা তাঁদের পড়াশোনার পরিকল্পনায় আরও বেশি নমনীয়তার সুযোগ পাবেন।

ইমিগ্রেশন নিউজিল্যান্ড জানিয়েছে, আন্তর্জাতিক শিক্ষার গন্তব্য হিসেবে নিউজিল্যান্ডের আকর্ষণ বাড়াতে সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে পাথওয়ে স্টুডেন্ট ভিসাকে আরও নমনীয় করতে নিয়মে পরিবর্তন আনা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, যোগ্য শিক্ষার্থীরা নতুন ভিসার আবেদন ছাড়াই তাঁদের একাডেমিক বিষয় পরিবর্তন করতে পারবেন। পাশাপাশি এই ভিসার আওতায় আরও বিস্তৃত শিক্ষাপথ যুক্ত করা হয়েছে এবং ইংরেজি ভাষা শেখার জন্য অতিরিক্ত সময় দেওয়া হবে।
শিক্ষার্থীরা ভিসার আবেদন ছাড়াই পড়াশোনার বিষয় পরিবর্তন করতে পারবেন
প্রথম আলো ফাইল ছবি

পাথওয়ে স্টুডেন্ট ভিসা কী

পাথওয়ে স্টুডেন্ট ভিসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের একটি ভিসায় একাধিক কোর্সে পড়াশোনার সুযোগ করে দেয়। উদাহরণ হিসেবে বলা যায়, কোনো শিক্ষার্থী মাধ্যমিক বিদ্যালয় বা ইংরেজি ভাষার কোর্স শেষ করে একই ভিসায় উচ্চশিক্ষার পরবর্তী ধাপে যেতে পারেন। এ ক্ষেত্রে প্রতিটি ধাপের জন্য আলাদা স্টুডেন্ট ভিসার আবেদন করতে হয় না।

ইমিগ্রেশন নিউজিল্যান্ড জানিয়েছে, যেসব শিক্ষার্থীর পড়াশোনার পরিকল্পনা শুরু থেকেই নির্ধারিত থাকে, তাঁদের জন্য এই ভিসা কার্যকরভাবে কাজ করেছে। তবে নতুন পরিবর্তনের উদ্দেশ্য হলো এমন শিক্ষার্থীদেরও সুবিধা দেওয়া, যাঁদের একাডেমিক পরিকল্পনা সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। এতে কোর্স ও শিক্ষাগত যোগ্যতা বেছে নেওয়ার ক্ষেত্রে আরও বেশি নমনীয়তা পাওয়া যাবে।

এখন এনজেডকিউসিএফ–এর লেভেল ১ থেকে ৪–এ পৌঁছানোর জন্য বা ওই স্তরগুলোর মধ্যে অগ্রসর হওয়ার শিক্ষাপথেও এই ভিসা ব্যবহার করতে পারবেন। এর মধ্যে ইংরেজি কোর্স, ফাউন্ডেশন প্রোগ্রাম ও ভোকেশনাল সার্টিফিকেট কোর্স আছে।
আরও পড়ুন
ফাইল ছবি

নতুন ভিসা ছাড়াই বিষয় পরিবর্তনের সুযোগ

সবচেয়ে বড় পরিবর্তনটি এসেছে নিউজিল্যান্ডের মাধ্যমিক বিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নিতে যাওয়া শিক্ষার্থীদের জন্য। এত দিন পাথওয়ে স্টুডেন্ট ভিসায় শিক্ষার্থীরা কোন ডিগ্রি ও কোন বিষয়ে পড়বেন—দুটিই উল্লেখ থাকত। উদাহরণ হিসেবে, কোনো ভিসায় লেখা থাকতে পারত, ‘ইউনিভার্সিটি এক্স–এ ব্যাচেলর অব সায়েন্স’। পরে যদি ওই শিক্ষার্থী ব্যাচেলর অব আর্টস–এ পরিবর্তন করতে চাইতেন, তাহলে নতুন কোর্স শুরু করার আগে তাঁকে নতুন স্টুডেন্ট ভিসার আবেদন করতে হতো। কিন্তু ২০ জুলাই থেকে ভিসার শর্তে শুধু ডিগ্রির ধরন ও শিক্ষাপ্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকবে। যেমন ‘ইউনিভার্সিটি এক্স–এ ব্যাচেলর ডিগ্রি’। এর ফলে যোগ্য শিক্ষার্থীরা তাঁদের শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন সাপেক্ষে নতুন ভিসার আবেদন ছাড়াই পড়াশোনার বিষয় পরিবর্তন করতে পারবেন।

আরও পড়ুন

ইমিগ্রেশন নিউজিল্যান্ড জানিয়েছে, এতে পড়াশোনার পরিকল্পনা পরিবর্তনের সময় ও খরচ কমবে এবং মাধ্যমিক থেকে উচ্চশিক্ষায় উত্তরণের প্রক্রিয়া আরও সহজ হবে।

পরিবর্তিত পাথওয়ে স্টুডেন্ট ভিসা এখন থেকে আরও বিস্তৃত পরিসরে শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ করে দেবে। এখন শিক্ষার্থীরা নিউজিল্যান্ড কোয়ালিফিকেশনস অ্যান্ড ক্রেডেনশিয়ালস ফ্রেমওয়ার্ক (এনজেডকিউসিএফ)–এর লেভেল ১ থেকে ৪–এ পৌঁছানোর জন্য বা ওই স্তরগুলোর মধ্যে অগ্রসর হওয়ার শিক্ষাপথেও এই ভিসা ব্যবহার করতে পারবেন। এর মধ্যে রয়েছে ইংরেজি ভাষার কোর্স, ফাউন্ডেশন প্রোগ্রাম ও ভোকেশনাল সার্টিফিকেট কোর্স।

আরও পড়ুন

ইংরেজি ভাষা শেখার জন্য বাড়তি সময়

সরকার কিছু শিক্ষার্থীর জন্য মূল কোর্সে যাওয়ার আগে ইংরেজি ভাষা শেখার সময়ও বাড়িয়েছে। প্রথমবারের পাথওয়ে স্টুডেন্ট ভিসাধারী যাঁরা এনজেডকিউসিএফ লেভেল ১ থেকে ৮–এ অগ্রসর হবেন, তাঁরা এখন সর্বোচ্চ ৩০ সপ্তাহ পর্যন্ত ইংরেজি ভাষা অধ্যয়ন করতে পারবেন। এর আগে এই সময়সীমা ছিল ২০ সপ্তাহ। সরকার জানিয়েছে, অতিরিক্ত এই সময় শিক্ষার্থীদের মূল কোর্স শুরু করার আগে ইংরেজি ভাষায় দক্ষতা বাড়াতে সহায়তা করবে।

ইমিগ্রেশন নিউজিল্যান্ড জানিয়েছে, এই সংস্কারগুলো সরকারের ‘ইন্টারন্যাশনাল এডুকেশন গোয়িং ফর গ্রোথ’ উদ্যোগের অংশ। এই উদ্যোগের লক্ষ্য হলো ভিসা–সংক্রান্ত নিয়ম সহজ করা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য হিসেবে নিউজিল্যান্ডের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী করা। সংস্থাটি আরও জানিয়েছে, আবেদনকারীদের আগের মতোই পাথওয়ে স্টুডেন্ট ভিসার বিদ্যমান সব শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা, চরিত্রগত যাচাই এবং তিনি প্রকৃত শিক্ষার্থী, এটি প্রমাণ করতে হবে।

আরও পড়ুন
আরও পড়ুন