
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতালে দশম গ্রেডের ‘সিনিয়র স্টাফ নার্স’ ও ‘ওটি নার্স’ পদের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দুই পদে মোট ৯ হাজার ২৭৩ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘সিনিয়র স্টাফ নার্স’ পদের বাছাই পরীক্ষায় অংশ নিয়ে লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন ৮ হাজার ৫৩৯ জন প্রার্থী। এই পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত ৩ আগস্ট।
অন্যদিকে, ‘ও.টি. নার্স’ পদের বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭৩৪ জন প্রার্থী। এই পদের এমসিকিউ পরীক্ষা গত ২৭ জুলাই ২০২৬ অনুষ্ঠিত হয়।
পিএসসি জানিয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো ত্রুটি থাকলে তা সংশোধনের অধিকার কমিশন সংরক্ষণ করে। এ ছাড়া পরে বিজ্ঞপ্তির কোনো শর্তে উল্লেখযোগ্য ঘাটতি দেখা গেলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে।
উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরে পিএসসির ওয়েবসাইট ও দৈনিক পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার বিস্তারিত তথ্য কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।