
চীনা প্রতিষ্ঠানে চাকরির সুযোগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আজ সোমবার অনুষ্ঠিত হচ্ছে ‘সিনো-বাংলা ডে ২০২৬’। দিনব্যাপী এ আয়োজনে অংশ নিয়েছে প্রায় ৩০ থেকে ৪০টি চীনা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য রয়েছে ৪৩০টি চাকরির সুযোগ।
সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে এ আয়োজন চলছে। বাংলাদেশে চীনা দূতাবাস ও ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথভাবে ‘সিনো-বাংলা ডে’ আয়োজনের উদ্যোগ নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এর আয়োজক।
আগ্রহী চাকরিপ্রার্থীরা অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের কাছে সরাসরি এবং অনলাইনে জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিতে পারছেন। পাশাপাশি সংশ্লিষ্ট পদে প্রয়োজনীয় যোগ্যতা, কাজের ধরন ও নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ রয়েছে।
আয়োজকেরা জানিয়েছেন, জমা দেওয়া সিভির ভিত্তিতে প্রাথমিকভাবে প্রার্থী বাছাইও করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এ চাকরির মেলায় অংশ নিতে পারছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ইয়ান হুয়ি বলেন, ‘এই আয়োজন দুই দেশের সম্পর্কে নতুন দাঁড় উন্মোচন করবে। অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে চীন-বাংলাদেশের সম্পর্কে সবসময়ই গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশে শুধু বিনিয়োগ না, তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানেরও ব্যবস্থা করতে কাজ করছে চীনের প্রতিষ্ঠানগুলো।’
চাকরি মেলায় আগত ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশতিয়াক সৌরভ বলেন, ‘চীনের প্রতিষ্ঠানগুলোর প্রতি আমাদের আগ্রহ বাড়ছে। তবে ভাষা একটি বড় বাধা মনে হয়। তাই আগ্রহের জায়গা থেকেই এসেছি, চীনের প্রতিষ্ঠান এবং সুযোগ সম্পর্কে জানতে। এখান থেকে হয়তো চাকরি হবে না, তবে নতুন কিছু জানতে পারব, যা পরবর্তী সময়ে কাজে লাগবে।’
অনুষ্ঠানটির সহ-আয়োজক হিসেবে রয়েছে বাংলাদেশ চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশে ওভারসিজ চায়নিজ অ্যাসোসিয়েশন এবং আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার।