৬ হাজার চিকিৎসক নিয়োগে এখনো নির্দেশনা পায়নি পিএসসি

চলতি বছরের শুরুতেই চিকিৎসকদের জন্য বড় সুখবর দিয়েছে সরকার। গত রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সরকার তিন ধাপে ছয় হাজার চিকিৎসক নিয়োগ দিতে চায়। তবে এ বিষয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কাছে এখনো কোনো নির্দেশনা বা অনুরোধ আসেনি। পিএসসি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে পিএসসির এক সদস্য বলেন, ‘চিকিৎসক নিয়োগে কোনো বিশেষ বিসিএস সম্পর্কে আমরা কিছু জানি না। এ বিষয়ে কোনো কিছু আমাদের কাছে আসেনি।’

রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিকিৎসক নিয়োগসংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান প্রথম আলোকে সভার বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশের উপজেলাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসকের সংকট কাটাতে চলতি বছরেই ছয় হাজার চিকিৎসক নিয়োগ দিতে চায় সরকার। তিন ধাপে এই নিয়োগ হওয়ার কথা জানিয়েছে সরকার।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশে চিকিৎসকের সংকট আছে। করোনার মধ্যে একবার ৩৯তম বিসিএস থেকে বিশেষভাবে ৫ হাজারের বেশি চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। এরপর বিভিন্ন সাধারণ বিসিএসে চিকিৎসক নিয়োগ দিলেও সেটি ছিল সংখ্যায় কম। সর্বশেষ ৪৬তম বিসিএসে চিকিৎসক নেওয়ার কথা জানানো হয়েছে। এই বিসিএসের বিজ্ঞপ্তি অনুসারে প্রায় ১ হাজার ৭০০ চিকিৎসক নিয়োগের কথা রয়েছে।

সভা সূত্রে জানা গেছে, তিন ধাপে চিকিৎসক নিয়োগের বিষয়ে সভা হয়েছে। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে নিয়োগ কীভাবে হবে, তা ঠিক করতে সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) করণীয় ঠিক করতে হবে বলে জানায় ওই সভার সূত্র।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সাধারণ মানুষের যথাযথ চিকিৎসা নিশ্চিতে নতুন করে আরও ছয় হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর মহাখালীর নিপসম অডিটরিয়ামে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিকিৎসক–সংকটের কারণে উপজেলা হাসপাতালগুলোতে সাধারণ মানুষ যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছেন না। সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোয় আট ঘণ্টা সেবা দেওয়া হচ্ছে। এখনো আমাদের ৫০ শতাংশ ডেলিভারি বাসায় হচ্ছে। এসব সংকট উত্তরণে নতুন করে শিগগিরই আরও ছয় হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘প্রাতিষ্ঠানিক ডেলিভারি অনেক কম। এটা বাড়াতে হবে। এখনো ঘরে ৫০ শতাংশ ডেলিভারি হয়। যেখানে কোনো প্রশিক্ষিত কেউ থাকে না। এ ক্ষেত্রে আমাদেরও কিছু করণীয় আছে। সরকারি স্বাস্থ্যকেন্দ্রের আট ঘণ্টা সার্ভিসে কখনোই চলতে পারে না। ইনস্টিটিউশনাল ডেলিভারি বাড়াতে হলে স্বাস্থ্যকেন্দ্রের কর্মঘণ্টা ২৪ ঘণ্টা করতে হবে।’