বেকার সমস্যা নিরসন-বিকল্প কর্মসংস্থান

বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আবেদন শুরু, তরুণেরা পাবেন ২০ লাখ টাকা সহায়তা

দেশের প্রকট বেকার সমস্যা নিরসন এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তরুণদের চাকরিপ্রার্থী না বানিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার অংশ হিসেবে আজ বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) শুরু হচ্ছে ‘উদ্যোগ’ কর্মসূচির আনুষ্ঠানিক আবেদনপ্রক্রিয়া। উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে তাঁদের হাতে ব্যবসার পুঁজি তুলে দিতেই কেন্দ্রীয় ব্যাংকের এই নতুন পদক্ষেপ।

কর্মসূচির প্রাথমিক পর্যায়ে দেশের আট বিভাগের আট জেলা মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনার ৬৪টি উপজেলায় এ কার্যক্রম পরিচালিত হবে।

কর্মসূচির আওতায় নির্বাচিত প্রার্থীরা তাঁদের নতুন বা বিদ্যমান ব্যবসা পরিচালনার জন্য মোট ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। এই অর্থায়নের সবচেয়ে বড় আকর্ষণ হলো এতে ঋণের পাশাপাশি বিনা মূল্যে অনুদানের সুযোগ রাখা হয়েছে। মোট সহায়তার ৫০ শতাংশ, অর্থাৎ সর্বোচ্চ ১০ লাখ টাকা দেওয়া হবে ব্যাংকঋণ হিসেবে। আর বাকি ৫০ শতাংশ বা সর্বোচ্চ ১০ লাখ টাকা দেওয়া হবে এককালীন অনুদান হিসেবে।

বাংলাদেশ ব্যাংক নিশ্চিত করেছে, এই অর্থায়নের জন্য উদ্যোক্তাকে কোনো ধরনের সহায়তামূলক জামানত দিতে হবে না। তবে ব্যাংকের প্রদত্ত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা বাধ্যতামূলক। নির্ধারিত সময়ে ঋণের কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হলে বা অন্য কাজে অর্থ ব্যবহার করা হলে অনুদানের সুবিধাটি বাতিল হয়ে যাবে। সে ক্ষেত্রে অনুদানের টাকাও ঋণে রূপান্তরিত হবে এবং তা পরবর্তী সময়ে সরকারি পাওনা হিসেবে আদায় করা হবে।

আবেদনের যোগ্যতা ও ঋণ পাওয়ার শর্তাবলি

কর্মসূচির আওতায় সুবিধা পেতে আবেদনকারীকে দেশের প্রচলিত আইন অনুযায়ী কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। আবেদন গ্রহণের শেষ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তাঁর কাছে একটি বাস্তবায়নযোগ্য ব্যবসায়িক ধারণা বা পরিকল্পনা থাকতে হবে।

এর আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন—এমন কেউ এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন না। পাশাপাশি ঋণখেলাপি ব্যক্তি বা সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীরা এ প্রকল্পের আওতায় আসবেন না। আবেদনে কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া হলে তা সরাসরি বাতিল করা হবে।

কৃষিভিত্তিক শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, হালকা প্রকৌশল এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের তরুণেরা এ সুবিধার আওতায় আসবেন। এ ছাড়া ই-কমার্স, ফিনটেক, এডটেক, অ্যাগ্রিটেক, হেলথটেকসহ প্রযুক্তিনির্ভর স্টার্টআপ ও যেকোনো আয় উপযোগী বৈধ উদ্যোগে অর্থায়ন করা হবে।

জরুরি তথ্য ও আবেদন নিয়মাবলি

আবেদন শুরুর তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০২৬

আবেদনের শেষ তারিখ: ১৫ অক্টোবর ২০২৬

বয়সসীমা: আবেদন জমা দেওয়ার শেষ তারিখে সর্বোচ্চ ২৮ বছর

অর্থায়নের পরিমাণ: মোট ২০ লাখ টাকা পর্যন্ত (ঋণ ও অনুদান ৫০:৫০ অনুপাত)

ঋণের শর্ত: সম্পূর্ণ জামানতহীন ঋণ ও সহজ শর্ত

আবেদনের প্রক্রিয়া: বাংলাদেশে ব্যাংকে অফিশিয়াল ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং দেশের সব তফসিলি ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট থেকে আবেদন ফরমটি সরাসরি ডাউনলোড করা যাবে।

আবেদন জমা দেওয়ার স্থান: নিজ এলাকার যেকোনো তফসিলি ব্যাংকের শাখা

প্রয়োজনীয় কাগজপত্র: পূরণ করা আবেদন ফরম, জাতীয় পরিচয়পত্র, ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত নাগরিকত্ব সনদ, ছবি এবং শিক্ষাগত ও প্রশিক্ষণ সনদ (যদি থাকে)।