পিএসসিকে আরও তৎপর হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির

পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২২ পেশ করেন
ছবি: বাসস

নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সম্ভাব্য স্বল্প সময়ে চূড়ান্ত সুপারিশ করতে সরকারি কর্মকমিশনকে (পিএসসি) আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল রোববার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২২ পেশ করেন। সাক্ষাৎকালে পিএসসি চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কাযক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সম্ভাব্য স্বল্প সময়ে চূড়ান্ত সুপারিশ করতে পিএসসিকে আরও তৎপর হওয়ার নির্দেশ দেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিংয়ে এসব কথা জানান। রাষ্ট্রপতি বলেন, কলা, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যাতে সমান সুযোগ পান, সেজন্য সিলেবাস ও প্রশ্নপত্র প্রণয়নে আরও সচেতন হতে হবে।

সাক্ষাৎকালে পিএসসির সদস্যরা এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।