পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানার অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানার অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক দিলাওয়েজ দুরদানার বিদায় সংবর্ধনা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা সরকারি চাকরি থেকে অবসরে গেছেন। তাঁর অবসর গ্রহণ উপলক্ষে গতকাল রোববার কমিশন সচিবালয়ে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএসসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নাজমুল আমীন মজুমদার। বক্তব্যে তিনি বলেন, দিলাওয়েজ দুরদানা তাঁর দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর বিচক্ষণ নেতৃত্ব, প্রশাসনিক দক্ষতা ও দায়িত্বশীল কাজ পিএসসির কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিশেষ অতিথির বক্তব্যে পিএসসির সদস্যবৃন্দ ও সচিবালয়ের সচিব বিদায়ী কর্মকর্তার কর্মনিষ্ঠা, মানবিক নেতৃত্ব ও সহকর্মীদের প্রতি আন্তরিকতার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বিদায়ী বক্তব্যে দিলাওয়েজ দুরদানা পিএসসির সদস্য ও কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, পিএসসি সচিবালয়ে দায়িত্ব পালন তাঁর কর্মজীবনের একটি অত্যন্ত গৌরবময় অধ্যায়। দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও শুভকামনা তিনি স্মরণে রাখবেন।

অনুষ্ঠান শেষে কমিশনের পক্ষ থেকে বিদায়ী পরীক্ষা নিয়ন্ত্রককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন পিএসসি সচিবালয়ের সচিব মো. ফজলুর রহমান। এ সময় সচিবালয়ের যুগ্ম সচিব, উপসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।