আগামী সপ্তাহে শুরু হতে যাচ্ছে ৫০তম বিসিএস মৌখিক পরীক্ষা। প্রতিটি বিসিএস মৌখিক পরীক্ষায় প্রশ্নের একটি ধরন থাকে। এটি সময়ের সঙ্গে, কর্মকমিশনের সদস্য পরিবর্তনের সঙ্গে এবং সরকারের নীতি ও কর্মপরিকল্পনার সঙ্গে নির্দিষ্ট হয়। পূর্বের বিসিএস মৌখিক পরীক্ষার সঙ্গে চলতি বিসিএস মৌখিক পরীক্ষার প্রশ্নের ধরনের পার্থক্য বিশ্লেষণ করে সব প্রস্তুতি সম্পন্ন করতে হবে।
১. সর্বশেষ অনুষ্ঠিত ৪৭তম বিসিএস মৌখিক পরীক্ষার প্রশ্নগুলো দেখুন। বোর্ড ও ক্যাডারভিত্তিক প্রশ্নগুলো বিশ্লেষণ করুন ও কয়েকজন মিলে গ্রুপ স্টাডি করে উত্তর প্রস্তুত করুন। দৈনিক সংবাদপত্র, প্রচলিত গাইড বই ও ফেসবুকের বিসিএস ভাইভা গ্রুপগুলোয় অনেক প্রার্থীর ভাইভা অভিজ্ঞতা শেয়ার করা আছে।
২. বিসিএস ভাইভাতে বাংলা ও ইংরেজি যেসব প্রশ্ন সচরাচর করা হয়, সেগুলোর উত্তর অন্যদের মতো বা গাইড বই থেকে নয়, বরং নিজে নিজে নোট করুন ও বাসায় বলার চর্চা করুন। যেমন- Introduce yourself, Describe your district, Activities from last night to viva board, অমুক ক্যাডার প্রথম পছন্দ কেন, অনার্স সাবজেক্টের সঙ্গে ক্যাডার চয়েসের মিল, নিজের নামের অর্থ, নিজের নামে স্বনামধন্য ব্যক্তিত্ব, তাঁর জীবন ও কর্ম ইত্যাদি।
৩. ৪০তম বিসিএস থেকে ইনফরমেটিভ প্রশ্নের পাশাপাশি অসংখ্য এনালাইটিক্যাল, সিচ্যুয়েশনাল ও সাইকোলজিক্যাল প্রশ্ন করা হচ্ছে। এ ক্ষেত্রে ২/৩ মাসের মৌখিক পরীক্ষার প্রস্তুতির চেয়ে আপনার বুদ্ধিমত্তা, সারা জীবনের শিক্ষা ও কথা বলার সাবলীলতা বেশি কাজে দেয়। যেমন- ‘চাকরি পেলে সৎ থাকবেন প্রমাণ দিন’ প্রশ্নোত্তরে আপনার জীবনের সততার কোনো বাস্তব দৃষ্টান্ত তুলে ধরতে পারেন। এর পাশাপাশি ‘ভিক্ষুক কীভাবে ট্যাক্স দেয়?’, ‘আঠারো হাজার আঠারো শ আঠারো অঙ্কে লিখো’, ‘Suppose I am an US investor, convince me to invest in your country’ প্রভৃতির মতো প্রশ্নগুলো মাথায় রেখে ভাইভা বোর্ড মোকাবিলা করতে হবে।
৪. আপনার প্রথম পছন্দ প্রশাসন ক্যাডার হলে ‘নারী দিবসে জেলা প্রশাসকের বক্তব্য’, আপনার প্রথম পছন্দ পুলিশ ক্যাডার হলে ‘মাদকবিরোধী অনুষ্ঠানে পুলিশ সুপারের বক্তব্য’, আপনার পছন্দ সাধারণ শিক্ষা ক্যাডার হলে ‘ডেমো ক্লাস’ প্রভৃতি বিষয়ে উপস্থিত বক্তব্য দিতে হতে পারে। তাই গতানুগতিক প্রস্তুতির সঙ্গে এসব বিষয়ক তথ্য, উপস্থাপনা ও মানসিক প্রস্তুতি রাখা প্রয়োজন।
৫. নতুন সরকার, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, আপনার পছন্দের ক্যাডার সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারের গত ৬ মাসের উন্নয়ন, সরকারের আগামীর কর্মপরিকল্পনা প্রভৃতি বিষয়ে সরকারের প্রেস ব্রিফিং, সরকারি ওয়েবসাইট, সংবাদপত্রের খবর ও নিবন্ধ থেকে তথ্য সংগ্রহ করে গুছিয়ে নিতে হবে। একজন ভাবি সরকারি কর্মকর্তা হিসেবে সরকারের সামগ্রিক কর্মকাণ্ডের ধারণা রাখা ও এর বিশ্লেষণ দক্ষতা যাচাই করা হতে পারে।
৬. দেশের ঐতিহাসিক ও স্বনামধন্য ব্যক্তিত্ব যেমন- সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, মেজর জেনারেল আতাউল গণি ওসমানীসহ মুক্তিযুদ্ধ, জুলাই অভ্যুত্থান ও বাংলাদেশের ইতিহাস ও উন্নয়নের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিত্ব, তাঁদের জীবন ও কর্ম সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে।
৭. বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ ও জুলাই গণ–অভ্যুত্থান সম্পর্কিত তথ্যগুলো জেনে নিতে হবে। যেকোনো রাজনৈতিক প্রশ্নোত্তরে ও ইতিহাস বিশ্লেষণে বিচক্ষণ দৃষ্টিভঙ্গিতে উত্তর প্রদান করতে হবে।
৮. আপনার ব্যক্তিগত তথ্য, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, জেলা, অনার্স বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্য নিজে নিজেই নোট করবেন। ভাইভা বোর্ডে নিজের নামের অর্থ, আপনার নামে স্বনামধন্য ব্যক্তি, আপনার জন্মতারিখ বা সালের গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্ম ও ঘটনা; আপনার স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানপ্রধানের নাম, সেখানে পড়াশোনা করা বিখ্যাত ব্যক্তি, ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয়; আপনার নিজ জেলা সম্পর্কে বিস্তারিত তথ্য, জেলার উপজেলা সংখ্যা, বিখ্যাত ব্যক্তি, নদী, দর্শনীয় স্থান, সংসদের আসন ও সংসদ সদস্যদের নাম; আপনার অনার্সে পঠিত বিষয়ের কোর্সগুলোর নাম ও কোর্সভিত্তিক বেসিক তথ্য থেকে প্রশ্ন করা হতে পারে।
৯. আপনার ক্যাডার পছন্দক্রমের তালিকা ও তালিকার প্রথমে থাকা ৩টি ক্যাডার সম্পর্কিত তথ্যগুলো ভালোভাবে পড়াশোনা করতে হবে। আপনার পছন্দ প্রশাসন ক্যাডার হলে জনপ্রশাসনমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিব, ক্যাডারের পদসোপান ও প্রতিটি পদের দায়িত্ব, ভূমি–সম্পর্কিত ধারণাসমূহ, সংশ্লিষ্ট আইনগুলো (যেমন- দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধি, মোবাইল কোর্ট আইন) প্রভৃতি জানতে হবে। আপনার পছন্দ পুলিশ ক্যাডার হলে পদসোপান, দায়িত্ব, সংশ্লিষ্ট আইন (যেমন পুলিশ আইন, পুলিশ রেগুলেশন অব বেঙ্গল ইত্যাদি) পাশাপাশি পুলিশ সংস্কার কমিশন, পুলিশকে অধিকতর জনবান্ধব করতে করণীয়, পুলিশের আধুনিকায়ন প্রভৃতি সম্পর্কে ধারণা নিতে হবে। আপনার পছন্দ স্বাস্থ্য ক্যাডার হলে, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি রোগীর চিকিৎসা, উপজেলা পর্যায়ে সাধারণত কোন ধরনের রোগী বেশি আসে এবং কোন পর্যায়ে গেলে তাকে হায়ার সেন্টারে পাঠাতে হবে, বিভিন্ন রোগ ও এর চিকিৎসা, মেডিক্যাল ইনস্ট্রুমেন্টগুলোর ব্যবহার, স্যালাইনের কম্পোজিশন এবং ক্যাডারের পদসোপান প্রভৃতি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে।
১০. বাংলাদেশ ও আন্তর্জাতিক সমসাময়িক ইস্যু, যেমন সরকারের সাম্প্রতিক গৃহীত পদক্ষেপসমূহ, বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা কার্ড ও সংশ্লিষ্ট সুবিধাদি, জাতীয় বেতন স্কেল, জুলাই গণহত্যার বিচার কার্যক্রম, প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও চুক্তিসমূহ, বাংলাদেশ- ভারত সম্পর্ক ইত্যাদি সম্পর্কে সঠিক তথ্য জানা থাকা জরুরি। এ ছাড়া বিশ্বকাপ ফুটবল-২০২৬, রোহিঙ্গা প্রত্যাবর্তন, যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক, রাশিয়া-ইউক্রেন সম্পর্ক, অর্থনৈতিক ও জলবায়ু সম্মেলন প্রভৃতি তথ্যগুলো গুরুত্বসহকারে ও বিস্তারিত জানতে হবে। মৌখিক পরীক্ষার দিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদপত্রের শিরোনাম একনজরে চোখ বুলিয়ে নিতে হবে; কারণ, ভাইভার দিনের সংবাদপত্র এমনকি বোর্ডের টিভি স্ক্রিন থেকেও হতে পারে প্রশ্ন।
*লেখক: রবিউল আলম লুইপা, বিসিএস, সাধারণ শিক্ষা