৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (সাধারণ) পদে আবেদন করা প্রার্থীদের মধ্যে ২ হাজার ১১৪ জনের সিভিতে ছবি ও স্বাক্ষরসংক্রান্ত ত্রুটি পাওয়া গেছে। এসব প্রার্থীকে ৩১ আগস্টের মধ্যে ত্রুটি সংশোধনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ মে ২০২৬ তারিখে প্রকাশিত নিয়োগর বিপরীতে অনলাইনে আবেদনকারীদের মধ্যে ২ হাজার ১১৪ জনের সিভিতে ছবি ও স্বাক্ষরসংক্রান্ত ত্রুটি পাওয়া যায়। ত্রুটিপূর্ণ ছবি ও স্বাক্ষর সরিয়ে ফেলা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রার্থীদের ইতিমধ্যে খুদে বার্তার মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
প্রার্থীদের ৩১ আগস্টের মধ্যে নির্ধারিত নিয়মে নতুন ছবি ও স্বাক্ষর আপলোড করে ত্রুটি সংশোধন করতে বলা হয়েছে।
ছবির ক্ষেত্রে পাসপোর্ট সাইজের ৬০০*৬০০ পিক্সেল এবং সর্বোচ্চ ১০০ কিলোবাইটের রঙিন ছবি আপলোড করতে হবে। ছবিটি অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডে, ফরমাল পোশাকে এবং আবেদন করার আগের এক মাসের মধ্যে তোলা হতে হবে। ছবিতে প্রার্থীর সম্পূর্ণ মুখমণ্ডল, কপাল ও দুই কান স্পষ্টভাবে দৃশ্যমান থাকতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সাদাকালো, অনানুষ্ঠানিক, অস্পষ্ট বা ঘোলাটে ছবি আপলোড করলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
স্বাক্ষরের ক্ষেত্রে ৩০০*৮০ পিক্সেলের এবং সর্বোচ্চ ৬০ কিলোবাইটের ফাইল আপলোড করতে হবে। স্বাক্ষরটি প্রার্থীর নিজের হতে হবে এবং সাদা কাগজে কালো কালি দিয়ে করা থাকতে হবে। স্ক্যান করার সময় স্বাক্ষরটি স্পষ্ট ও উজ্জ্বল এবং নির্ধারিত স্থানের পুরোটা জুড়ে রয়েছে কি না, তা নিশ্চিত করতে বলা হয়েছে।