ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ মে। ৫ মে ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পরীক্ষার মাত্র ১০ দিন আগে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নতুন সিলেবাস ও মানবণ্টন প্রকাশ করা হয়েছে। মোট নম্বর অপরিবর্তিত থাকলেও একাধিক বিষয় ও নম্বরে পরিবর্তন এসেছে।
যা পরিবর্তন হলো—
আগে পাঁচটি বিষয়ে পরীক্ষা হলেও এখন থেকে ছয়টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পূর্বের সিলেবাস থেকে বাদ পড়েছে সাধারণ জ্ঞান। নতুন যুক্ত হয়েছে আর্থিক ও ব্যাংকিং জ্ঞান এবং বিশ্লেষণাত্মক দক্ষতা। মৌলিক কম্পিউটার জ্ঞান পরিবর্তিত হয়ে যুক্ত হয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি)।
এ ছাড়া নম্বর কমেছে বাংলা ও ইংরেজি বিষয়ে। উভয় বিষয়ে ২৫ নম্বরের পরিবর্তে ২০ নম্বর করে নির্ধারণ করা হয়েছে। সাধারণ গণিত ও পরিমাণগত দক্ষতা পরিবর্তিত হয়ে বিষয়টির নাম উল্লেখ করা হয়েছে সাধারণ গণিত।
পূর্বের সিলেবাস অনুযায়ী বিষয় ও নম্বর:
১. বাংলা–২৫
২. ইংরেজি–২৫
৩. সাধারণ গণিত ও পরিমাণগত দক্ষতা–২০
৪. সাধারণ জ্ঞান–২০
৫. মৌলিক কম্পিউটারজ্ঞান–১০
১. বাংলা ব্যাকরণ ও ভাষা ২০
২. ইংরেজি ব্যাকরণ ও ভাষা–২০
৩. সাধারণ গণিত–২০
৪. আর্থিক ও ব্যাংকিং জ্ঞান–১০
৫. বিশ্লেষণাত্মক দক্ষতা–২০
৬. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি)–১০
নিয়োগ পরীক্ষার মাত্র ১০ দিন আগে সিলেবাস ও মানবণ্টন পরিবর্তন করায় ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে পরীক্ষার্থীদের। চাকরির প্রস্তুতিসংক্রান্ত বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজে পরীক্ষার আগমুহূর্তে সিলেবাস পরিবর্তন করায় উদ্বেগ প্রকাশ করছেন তাঁরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক চাকরিপ্রার্থী প্রথম আলোকে বলেন, ‘সিলেবাস পরিবর্তন করা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু পরীক্ষার মাত্র ১০ দিন আগে পরিবর্তন করাটা ঠিক হয়নি। প্রস্তুতির সুবিধার জন্য অন্তত এক মাস আগে জানানো উচিত ছিল।’
এ ছাড়া লিখিত পরীক্ষার সিলেবাসেও পরিবর্তন এসেছে। মোট নম্বর (২০০) অপরিবর্তিত থাকলেও কয়েকটি বিষয় এবং মানবণ্টন পরিবর্তন করা হয়েছে।