সরকারি কর্ম কমিশন (পিএসসি)
সরকারি কর্ম কমিশন (পিএসসি)

৪৭তম বিসিএসে সংশোধিত ফলাফল প্রকাশ, নতুন করে ক্যাডার ও নন-ক্যাডার হলেন যারা

৪৭তম বিসিএসের সংশোধিত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে প্রাণিসম্পদ (লাইভস্টক) ক্যাডারে নতুন করে ১৪ জনকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। পাশাপাশি নন-ক্যাডারের ফলাফলেও কিছু পরিবর্তন এসেছে।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৮ জুন ২০২৬ প্রকাশিত ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলের বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত অনুযায়ী একটি প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডার পদে আরও ১৪টি রেজিস্ট্রেশন নম্বর সংযোজন করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পশুসম্পদ ক্যাডারে ভেটেরিনারি সার্জন/সায়েন্টিফিক অফিসার/লেকচারার/স্টোর অফিসার/সমমানের পদে নতুন ১৪ প্রার্থীকে সুপারিশ করা হয়েছে। ফলে এই ক্যাডারে মোট সুপারিশপ্রাপ্ত প্রার্থীর সংখ্যা এখন ৬৮।

সংশোধিত ফলাফলের এ অংশটি ২৮ জুন প্রকাশিত আগের বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট অংশের পরিবর্তে কার্যকর হবে বলেও পিএসসির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গত ২৮ জুন ২০২৬ ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে মোট এক হাজার ৫২১ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। তার মধ্যে ক্যাডার পদে এক হাজার ৩০২ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জন মনোনীত হন। নতুন করে আরও ১৪ জনকে সুপারিশ করায় তা বেড়ে দাঁড়ালো এক হাজার ৫৩৫ জন।

*নতুন সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের তালিকা দেখুন এই ঠিকানায়