দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে পুলিশে নতুন করে ১০ হাজার কনস্টেবল পদ সৃষ্টির কাজ শুরু হয়েছে। বাহিনীর সক্ষমতা বাড়ানো ও মাঠপর্যায়ে টহল জোরদার করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। একই সঙ্গে এর মাধ্যমে দেশের অনেক বেকার তরুণের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।
সম্প্রতি জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে এ সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে একটি আধুনিক ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তোলার কাজ চলছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই ১০ হাজার নতুন কনস্টেবল পদে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।
প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রাথমিক প্রশাসনিক কাজ শুরু করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে আসা পদ সৃষ্টির প্রস্তাবটি পর্যালোচনা করে ছাড়পত্রের জন্য অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব রুহুল আমিন জানান, নির্দেশনা পাওয়ার পরই প্রশাসনিক কাজ শুরু করা হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর নিয়োগপ্রক্রিয়া শুরু করবে পুলিশ সদর দপ্তর।
বর্তমানে নতুন থানা গঠন এবং দেশের জনসংখ্যা বৃদ্ধির কারণে পুলিশে বাড়তি জনবলের প্রয়োজন দেখা দিয়েছে। বিশ্লেষকেরা বলছেন, সাধারণ প্রক্রিয়ায় পদ সৃষ্টির অনুমোদন পেতে দীর্ঘদিন সময় লেগে যায়। তবে সরকার এই উদ্যোগ কত দ্রুত আমলাতান্ত্রিক ধাপ অতিক্রম করে চূড়ান্ত বাস্তবায়নে নিয়ে যেতে পারে, সেটিই এখন দেখার বিষয়।