প্রকৌশলী ও চিকিৎসকদের অনেকেই এখন বিসিএসে তাঁদের জন্য নির্ধারিত কারিগরি পেশার ক্যাডার ছেড়ে প্রশাসন, পুলিশ ও পররাষ্ট্র ক্যাডারের চাকরির দিকে ঝুঁকছেন। ৪০তম বিসিএসে শুধু প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৫০ জন স্নাতক ডিগ্রিধারী। প্রকৌশলীদের অন্য ক্যাডারের দিকে ঝুঁকে পড়ার ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বুয়েটের বন্যা ও পানি ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক এ কে এম সাইফুল ইসলাম। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আসিফ হাওলাদার।

প্রথম আলো: সাম্প্রতিক সময়ে বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্নাতকেরা প্রকৌশল পেশায় উল্লেখযোগ্য হারে পেশা বদল করছেন। যাচ্ছেন প্রশাসন, পুলিশ ও পররাষ্ট্রের মতো ক্যাডারে। এর কারণ কী বলে মনে করেন?
সাইফুল ইসলাম: পৃথিবীর অনেক দেশেই প্রকৌশলীরা প্রশাসন বা অন্যান্য জায়গায় দক্ষতার সঙ্গে কাজ করছেন। ব্যাকগ্রাউন্ড বিজ্ঞান-প্রকৌশল ও গণিতে ভালো থাকায় তাঁরা যেকোনো কাজ দক্ষতার সঙ্গে করতে পারেন। বুয়েটে দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের একটা অংশ আসে। সেদিক থেকে দেখলে দক্ষ ও মেধাবী শিক্ষার্থীরা প্রকৌশল পেশার পাশাপাশি অন্য পেশায়ও শ্রম দিচ্ছেন।
প্রকৌশলীদের পেশাবদলের কিছু আর্থসামাজিক কারণ আছে। দেশে এখন অনেক বেশি উন্নয়ন প্রকল্প হচ্ছে। সে ক্ষেত্রে একজন প্রকৌশলী প্রশাসনে থাকলে দুটিকে ব্যালান্স করতে পারেন। অন্যদিকে বিভিন্ন ক্যাডারের মধ্যে সুযোগ-সুবিধাসহ কিছু ক্ষেত্রে বৈষম্য আছে। সব ক্যাডারের মধ্যে সামঞ্জস্য আছে কি না, তা চিহ্নিত করা সরকারের দায়িত্ব। দ্বিতীয়ত, প্রতিবছর প্রকৌশলবিদ্যায় যে পরিমাণ স্নাতক ডিগ্রিধারী বের হচ্ছেন, সেই পরিমাণ প্রকৌশলীকে অ্যাকোমোডেট করার ক্ষমতা সরকারের নেই৷ ফলে বাধ্য হয়েই প্রকৌশলবিদ্যার স্নাতকেরা অন্য ক্যাডারের দিকে যাচ্ছেন।
অর্থনৈতিক, সামাজিক ও চাকরির নিশ্চয়তা—সব দিক থেকেই সরকারি চাকরি অনেক আকর্ষণীয়। তৃতীয়ত, দক্ষ প্রকৌশলীদের সেভাবে মূল্যায়ন করা হয় না। তাঁদের বেতন, পদায়ন, ইনক্রিমেন্টসহ বিভিন্ন ইনসেনটিভ অন্যান্য ক্যাডারের (প্রশাসন, পুলিশ, পররাষ্ট্র) চেয়ে কম। দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরাই প্রকৌশল ও চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করে থাকেন। কিন্তু চাকরির ক্ষেত্রে তাঁরা যথাযথ ট্রিটমেন্ট পাচ্ছেন না। যেমন হাইলি টেকনিক্যাল (প্রকৌশল, চিকিৎসা) বিভাগেও অন্য ক্যাডার থেকে পদায়ন হয়।
প্রথম আলো: প্রকৌশলবিদ্যার স্নাতকেরা অন্য ক্যাডারের দিকে ঝুঁকে পড়ায় সামগ্রিকভাবে দেশের ক্ষতি নাকি লাভ হচ্ছে? ক্ষতি হলে, তা ঠেকানোর উপায় কী?
সাইফুল ইসলাম: প্রকৌশলীদের পেশাবদলে সামগ্রিকভাবে দেশের লাভ হওয়ার কথা নয়। কারণ, একজন মানুষ যে পেশায় দক্ষতা অর্জন করছেন, তিনি যদি সেখানে তাঁর শ্রম দিতে পারতেন, তাহলে দেশ আরও ভালো সার্ভিস পেত। একজন প্রকৌশলী তাঁর পেশায় যদি সর্বোচ্চ জায়গায় না যেতে পারেন, তাহলে তাঁর স্যাটিসফ্যাকশন আসে না। প্রকৌশল, চিকিৎসা ইত্যাদি বিষয়ে কোনো ধারণা না থাকা ব্যক্তিদের পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে। তিনি আবার প্রকৌশল ও চিকিৎসাবিদ্যার স্নাতকদের ওপর খবরদারি করছেন। এ বৈষম্যের কারণেও পেশাবদল ঘটছে। এতে দেশের ক্ষতি হচ্ছে। এ ক্ষেত্রে সরকারের মনোযোগ দেওয়া জরুরি।
প্রথম আলো: বুয়েটের স্নাতকেরা শুধু দেশেই পেশা বদল করছেন, নাকি উল্লেখযোগ্যসংখ্যক বিদেশেও যাচ্ছেন?
সাইফুল ইসলাম: যে পরিমাণ কাজ করা দরকার, দেশে তাঁরা তা করতে পারেন না। বুয়েটের শিক্ষার্থীরা যেহেতু মেধাবী, তাঁদের অনেকেই টোয়েফল, জিআরই ইত্যাদি পরীক্ষায় ভালো করেন। অনেকেই বিদেশে চলে যান। অনেকে বিদেশের ডিগ্রির মূল্যায়ন থাকায় বিদেশে যান। যাঁরা বিদেশে যান, তাঁদের অনেকেই সেখানে থেকে যান। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অনেকে ফিরে আসেন। কিন্তু ইলেকট্রিক্যাল ও কম্পিউটার সায়েন্সে ওখানে অনেক আকর্ষণীয় চাকরির সুযোগ থাকায় এসব বিষয়ের শিক্ষার্থীরা থেকে যান। ওভার অল ফিরে আসার হার শতকরা ৫০ ভাগ হতে পারে।
প্রথম আলো: এতে দেশের ওপর সামগ্রিকভাবে কী প্রভাব পড়ছে?
সাইফুল ইসলাম: এতে দেশের ক্ষতিই হচ্ছে। বাইরে উচ্চশিক্ষা নেওয়া শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে আনা গেলে ভালো হতো। চীনের প্রকৌশলীরা উন্নত ডিগ্রি নিয়ে দেশে ফেরেন এবং ফেরার জন্য সরকার তাঁদের অনেক ধরনের (একটি গাড়ি ও বাড়ির জন্য ঋণ) ইনসেনটিভ দেয়। আমাদের দেশে এ ধরনের উদ্যোগ নেই। যদিও সরকারি চাকরির কয়েকটি ক্যাডারে এ ধরনের ব্যবস্থা আছে। ভালো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করা শিক্ষার্থীদের ইনসেনটিভ দিয়ে দেশে ফিরিয়ে আনা গেলে দেশের চেহারা পাল্টে যেত।