বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

শিগগির ৫ হাজার চিকিৎসক ও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ: বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী

দেশের সরকারি হাসপাতালগুলোয় দীর্ঘদিনের শূন্য পদ পূরণ এবং জনবলসংকট দূর করতে স্বাস্থ্য খাতে বড় ধরনের নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দিয়ে জানান, অবিলম্বে ৫ হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। একই সঙ্গে দেশব্যাপী মানসম্মত ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন করে আরও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাকে অত্যন্ত ব্যথিত হৃদয়ে বলতে হচ্ছে যে বিগত সরকারগুলোর টিকা সংগ্রহ ও টিকাদান কার্যক্রম বাস্তবায়নে অবহেলা ও যথাযথ পরিকল্পনার অভাবে দেশজুড়ে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং শিশুমৃত্যুর মতো হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করে প্রথম ১০০ দিনের মধ্যেই প্রায় শতভাগ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করছে।’

নারীদের কর্মসংস্থান ও ক্ষমতায়নের বিষয়টি মাথায় রেখে এই বিশাল নিয়োগের ৮০ শতাংশই নারী কর্মী থেকে পূরণ করা হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘নার্সিং ও মিডওয়াইফারি খাতে উচ্চশিক্ষা ও পেশাগত উন্নয়নের অংশ হিসেবে ব্যাচেলর ও মাস্টার্স কোর্সের সুযোগ বৃদ্ধি করা হচ্ছে। শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয়-বৈদেশিক চাহিদা পূরণের লক্ষ্যে চার মাসমেয়াদি জেনারেল কেয়ারগিভার প্রশিক্ষণ কার্যক্রমও চালু করেছে সরকার। তিনি বলেন, ইন্টেগ্রেটেড মডিউলার পদ্ধতি, আধুনিক ক্লিনিক্যাল শিক্ষাব্যবস্থা এবং এআইভিত্তিক চিকিৎসা জ্ঞান ও প্রযুক্তির ব্যবহার অন্তর্ভুক্ত করে একটি আধুনিক, দক্ষতাভিত্তিক ও ভবিষ্যৎমুখী নতুন এমবিবিএস কারিকুলাম চালু করা হবে।’