সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়ভিত্তিক একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
ঘটনা-১: ফরিদা বেগম মেয়েকে হামের টিকা দেওয়ানোর জন্য টিকাদান কেন্দ্রে নিয়ে যাচ্ছেন।
ঘটনা-২: আলেয়া বেগম নারী শ্রমিক হিসেবে বিদেশে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছিলেন। একটি আন্তর্জাতিক সংস্থা এ সমস্যার সমাধান করেছে।
ক. বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
খ. জাতিসংঘের একটি উদ্দেশ্য ব্যাখ্যা করো।
গ. ঘটনা-২-এ কোন আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম পরিলক্ষিত হয়? বর্ণনা দাও।
ঘ. ঘটনা-১ ও ২ কি একই সংস্থার কাজ? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর-ক
বাংলাদেশ ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
উত্তর-খ
বিশ্বশান্তি ও মানুষের অধিকার রক্ষার জন্য জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘ সনদের নিয়মকানুন মেনে চলতে আগ্রহী যেকোনো দেশ জাতিসংঘের সদস্য হতে পারে। জাতিসংঘ সনদে সুস্পষ্টভাবে এর উদ্দেশ্য লিপিবদ্ধ আছে, যার একটি হলো সদস্যরাষ্ট্রের মধ্যে আন্তর্জাতিক আইনের সাহায্যে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা। দুই দেশের মধ্যে কোনো বিষয়ে বিরোধ দেখা দিলে তারা জাতিসংঘের কাছে তা সমাধানের জন্য সাহায্য চাইতে পারে এবং জাতিসংঘ আন্তর্জাতিক আইনের মাধ্যমে তা সমাধানের চেষ্টা করে থাকে।
উত্তর-গ
ঘটনা-২-এ ‘জাতিসংঘ নারী উন্নয়ন তহবিল’ বা ‘ইউনিফেম’-এর কার্যক্রম পরিলক্ষিত হয়।
নারীর উন্নয়নে ও তাঁদের বিভিন্ন অধিকার আদায়ে ইউনিফেম কাজ করে। বিভিন্ন দেশে পাচারকৃত নারীদের সাহায্য করা এবং তাঁদের নিজ দেশে ফিরিয়ে আনতেও ইউনিফেম কাজ করে। এ ছাড়া নিজ দেশের বাইরে নারীদের নিরাপদ শ্রম অভিবাসনসহ বিভিন্ন ইস্যুতে এই সংস্থা অবদান রাখে।
উদ্দীপকে আলেয়া বেগম শ্রমিক হিসেবে বিদেশে গিয়ে বৈষম্যের শিকার হন। এতে তাঁর মানবাধিকার ক্ষুণ্ন হয়। এ ছাড়া তাঁর শ্রম নিরাপত্তাও রক্ষিত হয় না। এসব ক্ষেত্রেই ইউনিফেম কাজ করে এবং আলেয়া বেগমকেও ইউনিফেম সাহায্য প্রদান করে তাঁর সমস্যা সমাধান করেছে। তাই ঘটনা-২-এ ইউনিফেমের কার্যক্রম পরিলক্ষিত হয়।
উত্তর-ঘ
ঘটনা-১ ও ২ একই সংস্থার কাজের সঙ্গে সম্পৃক্ত নয়।
ঘটনা-১-এ দেখা যাচ্ছে, ফরিদা বেগম মেয়েকে টিকাদান কেন্দ্রে টিকা দেওয়াতে নিয়ে যাচ্ছেন। আর ঘটনা-২-এ বিদেশে আলেয়া বেগমের বৈষম্য নিরসনে একটি সংস্থা কাজ করে। এই দুটি কাজের ক্ষেত্রে দুটি ভিন্ন সংস্থা অবদান রাখে। সংস্থা দুটি হলো WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিফেম।
বিশ্বের স্বাস্থ্যক্ষেত্রে যে সংস্থাটি কাজ করে সেটি হলো WHO। স্বাস্থ্য রক্ষার জন্য তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। যেমন: অনুন্নত দেশে টিকাদান, চিকিত্সা, ওষুধ প্রদান করা প্রভৃতি। বাংলাদেশেও WHO শিশুদের বিভিন্ন ধরনের ওষুধ ও টিকা দিয়ে থাকে। ফরিদা বেগমের মেয়েকে টিকা দেওয়ার কাজটি WHO-এর কাজ।
আবার নারীদের অধিকার রক্ষা, কর্মক্ষেত্রে এবং বিদেশে নারীদের নিরাপদ শ্রম অভিবাসন প্রভৃতি ক্ষেত্রে কাজ করে ইউনিফেম নামক আন্তর্জাতিক সংস্থা। আলেয়া বেগম বিদেশে শ্রমবৈষম্যের শিকার হচ্ছিলেন। তাঁর অধিকার রক্ষা করতে এবং বৈষম্য দূর করতে তাই যে সংস্থাটি কাজ করেছে, সেটি হলো ইউনিফেম। অর্থাত্ ঘটনা-১ ও ২-এ WHO ও ইউনিফেম নামক দুটি আলাদা আন্তর্জাতিক সংস্থার কাজ পরিলক্ষিত হয়।
শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা