প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি ১৭

বাংলা

প্রকৃতির এক অনিন্দ্যসুন্দর সৃষ্টি মাধবকুণ্ড জলপ্রপাত। ষ ছবি: আনিস মাহমুদ
প্রকৃতির এক অনিন্দ্যসুন্দর সৃষ্টি মাধবকুণ্ড জলপ্রপাত। ষ ছবি: আনিস মাহমুদ

যোগ্যতাভিত্তিক প্রশ্ন: পাঠ্যবই বহির্ভূত
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ৩৫ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন শুধুমাত্র পাঠ্যবই বহির্ভূত অনুচ্ছেদ/ কবিতাংশ থেকে থাকবে। সে হিসেবে আজ দেওয়া হলো যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা।
নিচের অনুচ্ছেদটি পড়ে ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো
বাংলাদেশের একমাত্র জলপ্রপাত মাধবকুণ্ড। এটি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত। প্রায় ১৬২ ফুট উঁচু পাহাড়ের ওপর থেকে জলরাশি এর গা বেয়ে অবিরাম ধারায় শোঁ শোঁ শব্দে নিচে পড়ছে। অবিরাম পতনের ফলে নিচে সৃষ্টি হয়েছে কুণ্ডের আর কুণ্ডের প্রবাহমান স্রোতধারা মাধবছড়া দিয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড়ের ওপর থেকে পাথরের ওপর দিয়ে ছুটে আসা পানির স্রোত দুভাগে বিভক্ত হয়ে হঠাত্ খাড়াভাবে উঁচু পাহাড় থেকে একেবারে নিচে পড়ে যায়। এতে দুটি ধারা সৃষ্টি হয়। বর্ষাকালে ধারা দুটি মিশে যায়। জলরাশি যেখানে পড়ছে তার চর্তুদিকে পাহাড়, নিচে কুণ্ড। কুণ্ডের ডান পাশে একটি পাথরের গহ্বর বা গুহার সৃষ্টি হয়েছে। মূল জলপ্রপাতের বাম পাশে প্রায় ২০০ গজ দূরে আর একটি পরিকুণ্ড নামের জলপ্রপাতের সৃষ্টি হয়েছে। মৌলভীবাজার থেকে এই মাধবকুণ্ড জলপ্রপাতের দূরত্ব ৭০ কিলোমিটার।

১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:
১. মাধবকুণ্ড শব্দটির ‘ণ্ড’ যুক্তবর্ণটিতে আছে—
ক. ণ+ড খ. ন+ড গ. ন+ ঢ ঘ. ণ+ত
২. মাধবকুণ্ডের জলরাশি প্রবাহিত হচ্ছে—
ক. বড়লেখা দিয়ে খ. মাধবছড়া দিয়ে
গ.মৌলভীবাজার দিয়ে ঘ. সিলেট দিয়ে
৩. মৌলভীবাজার থেকে মাধবকুণ্ডের দূরত্ব কত কি.মি.?
ক. ৬০ কি.মি. খ. ৭০ কি.মি গ. ১৬২ কি.মি. ঘ. ২০০ কি.মি.
৪. জলপ্রপাতের বিভক্ত হওয়া ধারা কোন ঋতুতে মিশে যায়?
ক. গ্রীষ্ম খ. বর্ষা গ. শরত্ ঘ. হেমন্ত
৫. মাধবকুণ্ড জলপ্রপাতটি কোথায় অবস্থিত?
ক. চট্টগ্রাম খ. কুমিল্লা গ. মৌলভীবাজার ঘ. হবিগঞ্জ।
১ নং প্রশ্নের উত্তর
১. ক. ণ্+ড ২. খ. মাধবছড়া দিয়ে ৩. খ. ৭০ কি.মি ৪. খ. বর্ষা
৫. গ. মৌলভীবাজার।

২। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। নিচের বাক্যগুলোর শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লেখো:
শব্দ শব্দার্থ
জলরাশি পানির স্রোত, পানির ধারা
গা দেহ, শরীর
গহ্বর গুহা বা গর্ত
অবিরাম বিরতিহীন
বারিধারা বৃষ্টিপাত
প্রবাহিত বয়ে যাওয়া
ক) ইঁদুর ছোট ছোট—তৈরি করে।
খ) রেলগাড়িটি— গতিতে চলছে।
গ) গরমকালে ঠাণ্ডা বাতাসে—জুড়িয়ে যায়।
ঘ) পদ্মা চাঁদপুরের পাশ দিয়ে— হয়েছে।
ঙ) — ঝরছে ঝর ঝর।
২ নং প্রশ্নের উত্তর
ক. গহ্বর খ. অবিরাম গ. গা ঘ. প্রবাহিত ঙ. বারিধারা।

৩। নিচের যুক্তবর্ণগুলো ভেঙে দেখাও এবং একটি করে শব্দ তৈরি করো। তৈরিকৃত শব্দ দিয়ে একটি করে নতুন বাক্য লেখো:
ক্ত, ক্ষ, ল্প, স্থ, দ্দ
৩ নং প্রশ্নের উত্তর
যুক্তবর্ণ যে যে বর্ণ দিয়ে তৈরি গঠিত শব্দ
ক্ত ক্+ত মুক্ত
ক্ষ ক্+ষ অক্ষর
ল্প ল্+প শিল্প
স্থ স্+থ স্থান
দ্দ দ্+দ খদ্দর
বাক্যে প্রয়োগ:
ক. পাখিরা মুক্ত আকাশে উড়তে পছন্দ করে।
খ. প্রত্যেক মানুষের অক্ষর জ্ঞান থাকা উচিত।
গ. আমাদের দেশে শিল্প কারখানা বৃদ্ধি করতে হবে।
ঘ. সোনারগাঁ একটি ঐতিহাসিক স্থান।
ঙ. কুমিল্লা খদ্দর কাপড়ের জন্য বিখ্যাত।

৪। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো:
ক. জলপ্রপাত বলতে কী বোঝ?
খ. মাধবকুণ্ড জলপ্রপাত সম্পর্কে পাঁচটি বাক্য লেখো।
গ. ‘মাধবকুণ্ডের স্রোতধারা শান্তির বারিধারার মতো প্রবাহিত হয়েছে।’ বুঝিয়ে লেখো।
৪ নং প্রশ্নের উত্তর
(ক)
পাহাড়ের ওপর থেকে নিচে সমতল ভূমিতে বিশাল পরিধি নিয়ে জলপড়াকে জলপ্রপাত বলে। পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত হলো নায়াগ্রা। আর বাংলাদেশের একমাত্র জলপ্রপাত হলো মাধবকুণ্ড।
(খ)
মাধবকুণ্ড জলপ্রপাত সম্পর্কে পাঁচটি বাক্য লেখা হল:
১. মাধবকুণ্ড জলপ্রপাতটি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত।
২. এটি বাংলাদেশের একমাত্র জলপ্রপাত।
৩. প্রায় ১৬২ ফুট উঁচু পাহাড়ের ওপর থেকে জলপ্রবাহের মাধ্যমে এটি সৃষ্টি হয়েছে।
৪. এই জলপ্রপাতটির চারপাশ পাহাড় দিয়ে ঘেরা।
৫. মাধবকুণ্ড জলপ্রপাতের বাম পাশে পরিকুণ্ড নামে আরেকটি জলপ্রপাতের সৃষ্টি হয়েছে।
(গ)
প্রকৃতির এক অনিন্দ সুন্দর সৃষ্টি মাধবকুণ্ড ঝর্ণাধারা। এটি একটি জলপ্রপাত। মাধবকুণ্ড জলপ্রপাতটির পানি প্রায় ১৬২ ফুট উঁচু পাহাড়ের ওপর থেকে পাহাড়ের গা বেয়ে নেমে এসেছে। এই জল প্রবাহিত হয়েছে মাধবছড়া এলাকা দিয়ে। আর প্রবাহকালে দুই তীরে প্রকৃতির তৃষ্ণাকে তৃপ্ত করেছে। তাই বলা হয়েছে মাধবকুণ্ডের জলধারা শান্তির ধারার মতো প্রবাহিত হয়েছে।

৫। মনে করো তোমার নাম শিপু/নিপা। তুমি রাজশাহী থাকো। অমিত/অনন্যা তোমার বন্ধু। সে ঢাকায় থাকে। এখন তোমার দেখা, পড়া কিংবা শোনা কোন প্রাকৃতিক জলধারা বা ঝর্ণার বর্ণনা দিয়ে অমিত/অনন্যার নিকট একটি চিঠি লেখো।
৫ নং প্রশ্নের উত্তর
১১/০৯/২০১৪
২, সাহেববাজার, রাজশাহী।

প্রিয় অমিত/অনন্যা,
প্রীতি ও শুভেচ্ছা নিও। গতকাল তোমার চিঠি পেয়েছি। কক্সবাজার বেড়াতে গিয়ে তুমি হিমছড়ি ঝর্ণা দেখে মুগ্ধ হয়েছ। জেনে খুব ভালো লাগলো। কিছুদিন আগে আমিও সিলেটে বেড়াতে গিয়েছিলাম। সেখানে একটি জলপ্রপাত দেখে এসেছি। এই জলপ্রপাতটির নাম মাধবকুণ্ড জলপ্রপাত। এটি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত। তুমি জেনে অবাক হবে যে, প্রায় ১৬২ ফুট উঁচু পাহাড়ের উপর থেকে, পাহাড়ের গা বেয়ে অবিরাম ধারায় শোঁ শোঁ শব্দে জলরাশি নিচে পড়ছে। জলরাশির অবিরাম পতনের ফলে নিচে সৃষ্টি হয়েছে বিরাট গর্ত। আর এই গর্ত থেকে উপচেপড়া পানির স্রোতধারা প্রবাহিত হচ্ছে মাধবছড়া দিয়ে। এই প্রবাহমান স্রোতধারার সৌন্দর্য বলে বা লিখে বর্ণনা করা যাবে না। যদি সম্ভব হয় একবার মাধবকুণ্ড ঘুরে এসো। ভালো লাগবে।
আজ আর নয়। ভালো থেকো। চিঠির উত্তর দিও।
ইতি
তোমারই বন্ধু,
শিপু/নিপা।
দীদার চৌধুরী, শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা