সরকারি এমএম কলেজ

যশোরের প্রাণ

ক্লাসের ফাঁকে চলছে শিক্ষার্থীদের আড্ডা। ছবি: এহসান–উদ–দৌলা
ক্লাসের ফাঁকে চলছে শিক্ষার্থীদের আড্ডা। ছবি: এহসান–উদ–দৌলা

৩০ হাজার শিক্ষার্থীর পদচারণে মুখর যশোর সরকারি এমএম কলেজ (মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়)। গাছ-গাছালিতে ঢাকা ছায়াসুনিবিড় প্রিয় ক্যাম্পাস সকাল থেকেই প্রাণবন্ত হয়ে ওঠে। বেলা ১১টা থেকে ক্যাম্পাসের সংগীতপাড়ায় চলতে থাকে শুদ্ধ সংস্কৃতিচর্চা, ছোট ছোট দলের পাঠচক্র আর তরুণ-তরুণীদের আড্ডা। সন্ধ্যা গড়িয়ে যায়, ক্যাম্পাসের আড্ডা যেন ভাঙতেই চায় না!
গত রোববার ক্যাম্পাসের ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের পাদদেশে গিয়ে দেখা গেল, একদল নাট্যকর্মী তাদের নাট্যোৎসবের প্রচারপত্র দিয়ে সবাইকে নাটক দেখার আমন্ত্রণ জানাচ্ছেন। উৎসব সফল করার জন্য তারা সবার সহযোগিতাও কামনা করছে। দুই-পাঁচ টাকা দিচ্ছেনও কেউ কেউ।
তাঁরা সবাই নাট্য সংগঠন ‘বিবর্তন যশোর’ এম এম কলেজ শাখার সদস্য। বিবর্তন ছাড়াও এ কলেজে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ও উচ্চারণ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠী নামে আরও দুটি সমৃদ্ধ সাংস্কৃতিক সংগঠন রয়েছে। নতুন বিজ্ঞান ভবনের সামনে কলেজ কর্তৃপক্ষ তিনটি কক্ষ দিয়েছে তিন সংগঠনের সাংস্কৃতিক অনুশীলনের জন্য। প্রতিদিনই এখানে নাটক, গান ও আবৃত্তির মহড়া চলে।
নাট্যদলের কর্মী আশিকুর রহমান বলেন, ‘সারা বছর আমরা ক্যাম্পাসে নাটক ও কবিতা আবৃত্তির চর্চা করি। প্রতিবছর বিবর্তনের প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্যাম্পাসের মধুমঞ্চে নাট্য উৎসবের আয়োজন করা হয়। এ কলেজের ছেলেমেয়েদের অংশগ্রহণে উৎসবে একাধিক নাটক মঞ্চস্থ ও সমবেত আবৃত্তি পরিবেশিত হয়। নাটকের মাধ্যমে আমরা ক্যাম্পাসে শুদ্ধ সংস্কৃতির কথা বলি।’
এ দলের আরেক কর্মী হিসাববিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্বের ছাত্র দেবাশীষ বলেন, ‘ক্যাম্পাসের তিন সংগঠনের যৌথ আয়োজনে প্রতিবছর বাংলা বর্ষবরণ, বসন্তবরণ, শরৎ উৎসব ও মধু কবির জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়। এসব কর্মসূচির মাধ্যমে আমরা একদিকে বাঙালি সংস্কৃতিকে যেমন লালন করি অন্যদিকে ছেলেমেয়েদের আনন্দের মধ্যে রাখার চেষ্টা করি। যাতে জিঙ্গবাদ-মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।’
ক্যাম্পাসে প্রায় প্রতিদিনই আসেন ইসলামি শিক্ষা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাবিনা আফরিন তন্বী। তিনিও সাংস্কৃতিক কর্মী। তন্বী বলেন, ‘ক্যাম্পাসের হাবলা চত্বরের (ছাত্রী হলের সামনে) পুকুর পাড়ের শিকড় বেরোনো গাছের ছায়ায় বসতে খুবই ভালো লাগে। পুকুরের শান্ত পানি, ভেসে বেড়ানো মাছ, পানিতে শিশু-কিশোরদের লম্ফঝম্ফ দেখতে দেখতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে ভীষণ লাগে।’
কলেজ সূত্রে জানা গেছে, এই কলেজে ১৯টি বিভাগে অনার্স-মাস্টার্স, স্নাতক পাস কোর্স ও উচ্চমাধ্যমিক বিভাগে মোট ৩০ হাজারের মতো ছেলেমেয়ে অধ্যয়ন করছে। লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়েরা সহপাঠ্য বিষয়েও মনোযোগী। এই কলেজে তিনটি সাংস্কৃতিক সংগঠন ছাড়াও স্কাউট ও স্বেচ্ছাসেবী আরও কয়েকটি সংগঠনের কার্যক্রম রয়েছে। উল্লেখযোগ্য সংগঠনগুলোর মধ্যে রয়েছে: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সেনা ও বিমান শাখা, রোভার স্কাউট, রেঞ্জার, রেড ক্রিসেন্ট সোসাইটি ও বাঁধন রক্তদান কেন্দ্র। এসব সংগঠনের কার্যক্রমের সঙ্গে নিয়মিতভাবে পাঁচ শর বেশি ছেলেমেয়ে জড়িত। এসব সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য কলেজ কর্তৃপক্ষ সব সংগঠনের জন্য একটি করে কক্ষ বরাদ্দ দিয়েছে। বিভিন্ন বিভাগের শিক্ষকেরা এসব সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক নমিতা রানী বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘আমি নিজে এই কলেজের ছাত্রী ছিলাম। যে কারণে এ কলেজ নিয়ে আমার অনেক বড় স্বপ্ন। আমি চাই, কলেজের গ্রন্থাগারটি ডিজিটালাইজ হবে। প্রত্যেকটি শ্রেণিকক্ষ মাল্টিমিডিয়ার আওতায় আসবে। একই ক্যাম্পাসে অনার্স-মাস্টার্সের ছেলেমেয়েদের সঙ্গে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা থাকে। এতে কিছুটা সমস্যা হয়। তাই উচ্চমাধ্যমিকের ছেলেমেয়েদের জন্য আলাদা একটি ভবন নির্মাণের ইচ্ছা রয়েছে। সম্ভব হলে কলেজের পুরোনো ক্যাম্পাসে ওই ভবনটি নির্মাণের ব্যবস্থা করব। এসব বিষয়ে প্রস্তাবনা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো আছে।’