
অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির তৃতীয় সমাবর্তনে পাঁচ হাজারের বেশি শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়েছে। এর মধ্যে আচার্য পদক, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান পদক ও উপাচার্য পদক পেয়েছেন ৩০ জন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বুধবার অনুষ্ঠিত সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব ও সনদ প্রদান করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বক্তৃতায় দীপু মনি বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলা, জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ ও চতুর্থ শিল্পবিপ্লবের জন্য উপযোগী করে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে।
সমাবর্তন বক্তা ছিলেন অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এস এস মান্থা। তিনি ডিগ্রি পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু সনদলাভের জন্য নয়, সমাজের মানুষের কল্যাণে নিজেদের আত্মনিয়োগ করতে হবে।
সমাবর্তনে আরও বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক মেজবাহ উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির উপাচার্য মো. জাহাঙ্গীর আলম, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. লিয়াকত আলী সিকদার প্রমুখ।