
প্রায় ৫০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’। ছেলেদের জন্য এ প্রতিযোগিতা বাধ্যতামূলক। আর মেয়েদের জন্য তা ঐচ্ছিক। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ১০ সেপ্টেম্বরের মধ্যে এটি শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আর ৩০ অক্টোবরের মধ্যে প্রতিযোগিতাটি শেষ করতে লক্ষ্য ঠিক করা হয়েছে।
আজ সোমবার সচিবালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রতিযোগিতার বিভিন্ন তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
উপদেষ্টা বলেন, ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ভকেশনাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করবে। সব মিলিয়ে প্রায় ৫০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। সব ছেলে শিক্ষার্থীর জন্য এটি বাধ্যতামূলক। আর মেয়ে শিক্ষার্থীদের জন্য এটি ঐচ্ছিক।
উপদেষ্টা বলেন, ‘আমরা চাই দেশজুড়ে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হোক। প্রধানমন্ত্রী সব সময় বলে এসেছেন, আগামী শিক্ষাব্যবস্থা এমন হবে যেখানে আমাদের শিক্ষার্থীদের মেধা, মননশীলতা ও সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটবে। সে লক্ষ্যেই ক্রীড়া মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় একযোগে দেশব্যাপী বছরজুড়ে বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করবে।’
মাহদী আমিন বলেন, শিক্ষাব্যবস্থার লক্ষ্য হলো, সেখানে ন্যায্যতা থাকবে, সমতা থাকবে এবং শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমে আসবে। সে লক্ষ্যেই এ প্রতিযোগিতায় দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে চান তাঁরা। উপদেষ্টা বলেন, প্রথম যে ম্যাচ অনুষ্ঠিত হবে, তাতে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে প্রত্যাশা রয়েছে। পাশাপাশি ফাইনালেও প্রধানমন্ত্রীর উপস্থিতি আশা করছেন তাঁরা।
সভায় আরও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম প্রমুখ।