নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: শিক্ষামন্ত্রী

রাজধানীর রাওয়া হেলমেট কনভেনশন হলে শিক্ষা ও নৈতিকতা শীর্ষক সেমিনারে উপস্থিত অতিথিরা
ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞানমনস্ক শিক্ষাব্যবস্থা ও কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছেন। বর্তমান সরকার যুগোপযোগী ও গতিশীল শিক্ষা কার্যক্রম প্রচলন করতে যাচ্ছে। এ অবস্থায় নতুন শিক্ষাক্রম নিয়ে নানা অপপ্রচার ছড়ানো হচ্ছে। তিনি বলেন, ‘পাঠ্যক্রমে ধর্মকে বাদ দেওয়ার কোনো কারণ নেই। প্রত্যেকেই যার যার ধর্ম পালন করব।’

রোববার বিকেলে রাজধানীর রাওয়া হেলমেট কনভেনশন হলে ‘শিক্ষা ও নৈতিকতা’ শীর্ষক এক সেমিনার শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) গবেষণা প্রতিষ্ঠান রাওয়া রিসার্চ অ্যান্ড স্টাডি ফোরাম (আরআরএসএফ) এ সেমিনারের আয়োজন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিল আফরোজা বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান।

স্বাগত বক্তব্য দেন রাওয়া চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আলাউদ্দিন মোহাম্মদ আবদুল ওয়াদুদ। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধকে গুরুত্ব দিলে সমাজ এগিয়ে যাবে।

অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য দেন শিক্ষাবিদ ও সমাজ বিশ্লেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, কথাসাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান ও খুলনা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক খুরশীদা বেগম।
সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, নিরাপত্তা বিশ্লেষক, সাংবাদিক ও সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।