দেশে শিক্ষায় প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। তবে সবার কাছে এবং সবখানে প্রযুক্তির সুবিধা না পৌঁছানোয় বৈষম্যও আছে। কিছু কাজে আছে ধীরগতি। এসব নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন সাবেক শিক্ষা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচিব নজরুল ইসলাম খান (এন আই খান নামে পরিচিত)। সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিবেদক মোশতাক আহমেদ।

বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বিষয়ে কয়েকটি বড় সিদ্ধান্তের সঙ্গে আপনি যুক্ত ছিলেন। যেমন অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি। সেসব বিষয়ে আপনার কিছু অভিজ্ঞতা শুনতে চাই।
নজরুল ইসলাম খান: অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু আমার পরিকল্পনা ছিল অনলাইনে ভর্তির টাকাও পরিশোধ করা হবে। তাহলে শিক্ষার্থীকে ভর্তির টাকা জমা দেওয়ার জন্য কলেজে যেতে হবে না। এর ফলে সময়ও বাঁচবে। শিখন শেখানোর সময়ও বাড়বে। কিন্তু সেই সময় বাড়েনি, ভর্তির টাকা এখনো কলেজে নেওয়া হয়। আরেকটি পরিকল্পনা ছিল শিক্ষকদের মাধ্যমে ডিজিটাল কনটেন্ট (আধেয়) উন্নয়ন করা। কারণ, শিক্ষকেরা পড়ান, তাঁরাই বোঝেন কনটেন্ট কেমন হলে তা শিক্ষার্থীরা সহজে বুঝতে পারে। আমি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে আসার আগে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব ছিলাম। তখন আইসিটি নীতির মধ্যে একটি বিষয় যুক্ত করেছিলাম। সেটি হলো কোন সালের মধ্যে কতগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চগতির ইন্টারনেট সংযোগ হবে। এ ছাড়া প্রতিটি বাড়িতে ইন্টারনেট সংযোগ থাকবে। স্কুল ও বাড়িতে ইন্টারনেট সংযোগ হলে কোনো পার্থক্য থাকত না। কিন্তু সব বাড়িতে এবং সব বিদ্যালয়ে এখনো ইন্টারনেট সংযোগ হয়নি। কনটেন্ট উন্নয়নের ক্ষেত্রেও খুব বেশি অগ্রগতি হয়নি।
শিক্ষায় ডিজিটালব্যবস্থার বর্তমান অবস্থা নিয়ে যদি কিছু বলেন।
নজরুল ইসলাম খান: কোনো একটি বিষয় ঠিক করার আগে তা সামগ্রিক বিবেচনায় বোঝা দরকার। কেন করব, কী লাভ হবে, ভবিষ্যতে কোন ধরনের অসুবিধা আসতে পারে, তা বিবেচনায় নিতে হয়। এখন প্রায় সব বিদ্যালয়ে কম্পিউটার হয়েছে। কিন্তু দেখা যায় এ বিষয়ে শিক্ষকেরা খুব বেশি দূর এগোয়নি। আমি চাপ দিয়েছিলাম, প্রতিটি বিদ্যালয়ের একটি ওয়েবসাইট থাকবে। শিক্ষকদের ইউটিউব চ্যানেল থাকবে, যা পড়াবেন তা সেখানে আপলোড করবেন। তাহলে শিক্ষার্থীরা ক্লাসের বাইরেও তা দেখতে পাবে। শিক্ষার্থীরা যদি বাড়িতে বসে তা (ক্লাস) দেখতে পারত, তাহলে অনেক সুবিধা হতো। তাহলে শিক্ষায় অগ্রগতিও বেশি হতো। কিন্তু এখনো সব বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ হয়নি, সবাই ওয়েবসাইটও করেনি। কোভিড-১৯ আসার পর কিন্তু হঠাৎ করে ওই সব চাহিদা দেখা দিল।
এটা তো ঠিক যে করোনাকালে শিক্ষাব্যবস্থা বিপর্যয়ের মুখে পড়লে প্রযুক্তির সহযোগিতায় অনলাইন ক্লাসের মাধ্যমে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর একটি চেষ্টা ছিল। বিষয়টিকে কীভাবে দেখেন।
নজরুল ইসলাম খান: অনেক শিক্ষাবিদ আশঙ্কা করেছিলেন, করোনাকালে অনলাইনে শিক্ষা কার্যক্রম সচল রাখা কঠিন হবে। কিন্তু সেই সময়ে কিছু সীমাবদ্ধতা থাকলেও অনলাইনে শিক্ষা কার্যক্রম সচল রাখার চেষ্টা ছিল। তবে নতুন কিছু চালু করলে তদারকি ও ধারাবাহিকভাবে উন্নয়ন দরকার হয়। ত্রুটিগুলো বাদ দিতে হয়। তা না হলে ভালো ফল পাওয়া যায় না।
করোনাকালে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানোর অভিজ্ঞতাকে কীভাবে কাজে লাগানো যায়?
নজরুল ইসলাম খান: অনলাইনে শিক্ষা কার্যক্রম টেকসই করতে হলে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়িতে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে হবে। বইগুলোর ডিজিটাল সংস্করণ করতে হবে। আর শিক্ষকদের প্রশিক্ষণ জোরদার করতে হবে। শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোকে অনেক বেশি সচল করতে হবে। শুধু প্রশিক্ষণ করালেও হবে না, প্রযুক্তি ঠিকমতো ব্যবহৃত হচ্ছে কি না, তা তদারক করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী নির্দেশনা দিতে হবে।
আমাদের শিক্ষার্থীরা শিশু থেকে তরুণ বয়সী। অভিভাবকদের অনেকের অভিযোগ হলো, সন্তানেরা ডিভাইসের প্রতি আসক্ত হয়ে পড়ছে। সেখানে কী করা যেতে পারে।
নজরুল ইসলাম খান:দেখুন, উন্নত দেশে তো এসব সমস্যা হয় না। এখানে একটি সফটওয়্যার বানিয়ে দিতে হবে। একজন শিক্ষার্থী কোথায় ঢুকতে পারবে এবং কোথায় ঢুকতে পারবে না, সেটি ঠিক করে দিতে হবে। যেখানেই ঢুকবে, তার সামনে শিক্ষাবিষয়ক কনটেন্ট আসবে। তবে তার অভিজ্ঞতা যাতে একঘেয়েমি হয়ে না ওঠে, সে বিষয়েও আমাদের দৃষ্টি রাখতে হবে।