
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষ ভর্তির জন্য চূড়ান্ত আবেদনের দ্বিতীয় ধাপের আবেদন চলছে। এর আগে গত শনিবার (২৭ মার্চ) বিকেল ৩টা পর্যন্ত প্রথম ধাপের আবেদন শেষ হয়। এই সময়সীমার মধ্যে মোট তিন ইউনিটে ১ লাখ ১ হাজার ২৮৭ জন শিক্ষার্থীর আবেদন জমা পড়েছে।
প্রথম ধাপের আবেদনে বিজ্ঞানের ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সব ইউনিটের চূড়ান্ত আবেদনে জিপিএ-৫ প্রয়োজন হলেও দ্বিতীয় ধাপের আবেদনে একটি ইউনিটে (বি ইউনিট) সর্বনিম্ন যোগ্যতা জিপিএ-৪.৫৮ রাখা হয়েছে। তাছাড়া বাকি দুটি ইউনিটে (এ ও সি ইউনিট) সর্বনিম্ন যোগ্যতা থাকছে জিপিএ-৫।
দ্বিতীয় ধাপের আবেদন চলবে আজ সোমবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত। এরপর রাত ১০টা থেতে শুরু হবে তৃতীয় ও শেষ ধাপের আবেদন। আগামী ৩১ মার্চ রাত ১২টা পর্যন্ত। আসন শূন্য থাকা সাপেক্ষে এ আবেদন চলবে।
দ্বিতীয় ধাপের আবেদনে মানবিক বিভাগের সর্বনিম্ন যোগ্যতা এ ইউনিটে জিপিএ-৪.৪২, বি ইউনিটে জিপিএ-৪.০৮ এবং সি ইউনিটে জিপিএ-৫ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের সর্বনিম্ন যোগ্যতা এ ইউনিটে জিপিএ-৪.৭৫ এবং সি ইউনিটে জিপিএ-৪.৫৮ বেধে দেওয়া হয়েছে।
আগামী ১৪ জুন ‘সি’ ইউনিট, ১৫ জুন ‘এ’ ইউনিট এবং ১৬ জুন ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে । প্রতিটি ইউনিটের পরীক্ষা প্রতিদিন তিনটি পালায় (শিফট) সকাল সাড়ে ৯টা থেকে থেকে সাড়ে ১০টা, দুপুর ১২টা থেকে ১টা এবং বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এ বছর ভর্তি পরীক্ষায় মোট ৪ হাজার ১৯১টি আসনে তিনটি ইউনিটে পরীক্ষা হবে। ‘এ’ (কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট) ইউনিটে আসন ২ হাজার ১৯টি, ‘বি’ (ব্যবসায় শিক্ষা অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট) ইউনিটে ৫৬০টি এবং ‘সি’ (কৃষি ও বিজ্ঞান অনুষদ) ইউনিটে ১ হাজার ৬১২ আসন রয়েছে । প্রতিটি ইউনিটকে তিনটি আলাদা পালায় ভাগ করা হবে। তিন সপ্তাহজুড়ে তিন দিনে তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার ১০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাঁচটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা পড়বে। পরীক্ষায় নূন্যতম পাশ নম্বর ৪০।এবার কেবল ২০২০ সালে উচ্চমাধ্যমিক পাস করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে (সম্মান) ভর্তি পরীক্ষা কেবল এমসিকিউ প্রশ্ন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এবার থাকবে না লিখিত পরীক্ষা। এ ছাড়া শিক্ষার্থীরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না।
২০২০-২১ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের সুযোগ থাকছে । ২০২০ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উচ্চ মাধ্যমিকে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ শিক্ষার্থীরা মানবিক (ইউনিট-অ)/বাণিজ্য (ইউনিট-ই)/বিজ্ঞান (ইউনিট-ঈ) ৩টি ইউনিটেই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন । আবেদনকারী যে ইউনিটে আবেদন করুক না কেন সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
এবারের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন করার জন্য সার্ভিস চার্জসহ ফি নির্ধারণ করা হয়েছে ১১০০ টাকা।