একাদশ শ্রেণিতে ভর্তি হতে তৃতীয় ধাপে আবেদনের সুযোগ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে এবার তৃতীয় ধাপের আবেদনের সুযোগ করা হয়েছে। যেসব শিক্ষার্থী আগে আবেদন করেনি বা করেও কোনো কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়নি, মনোনয়ন পেলেও নিশ্চায়ন করতে পারেনি বা নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারেনি অথবা ভুল কোটা নির্ধারণের কারণে ভর্তি হতে পারেনি—এমন শিক্ষার্থীরা তৃতীয় ধাপে আবেদন করতে পারবে।

২৬ থেকে ২৭ অক্টোবর রাত ৮টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। তৃতীয় ধাপে ফল প্রকাশ করা হবে ৩০ অক্টোবর। এভাবে নির্ধারিত প্রক্রিয়া শেষ করে আগামী ২ ও ৩ নভেম্বর ভর্তির কাজ হবে।

আজ শনিবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রথম ও দ্বিতীয় ধাপের মতোই ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের বিদ্যমান আসন দেখে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে হবে।

এর আগে দুই ধাপে আবেদন নিয়ে ভর্তির কাজ হয়। এর মধ্যে প্রথম ধাপের আবেদন ও নির্বাচনপ্রক্রিয়া শেষে গত ২৪ সেপ্টেম্বর একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে।