২০২৫-২৬ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ৫ম পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) বিশ্ববিদ্যালয় প্রশাসন এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে এ, বি, সি, ডি ও ই ইউনিটে ৫ম পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের বৃহস্পতিবার ২ এপ্রিল দুপুর ১২টা থেকে ৬ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের নিজ নিজ প্যানেলে লগইন করে ভর্তি ফরম পূরণ এবং ভর্তি ফি জমা দিতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের ২ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয় খোলা থাকার দিনগুলোতে সকাল ৮টা থেকে বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট ডিন অফিসে সরাসরি উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে বলা হয়েছে।
কাগজপত্র জমা শেষে শিক্ষার্থীদের জমাদান স্লিপ সংগ্রহ করতে হবে। ভর্তি ফি অনুষদভেদে নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের জন্য ১২ হাজার ৬৩০, বিজনেস স্টাডিজ অনুষদের জন্য ১০ হাজার ৬৩০; কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের জন্য ১০ হাজার ৬৩০; ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সংগীত ও নাট্যকলা এবং চারুকলা অনুষদের জন্য ১২ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র, ভর্তি পরীক্ষার প্রত্যাবেক্ষক স্বাক্ষরিত অ্যাডমিট কার্ড, অনলাইন ভর্তি ফরমের প্রিন্ট কপি এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।
আসন শূন্য থাকা সাপেক্ষে আগামী ৮ এপ্রিল ৬ষ্ঠ মেধাতালিকা প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।