
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক বা স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার জন্য তৃতীয় পর্যায়ের চূড়ান্ত আবেদনকারী (সিলেকশন) নির্বাচন করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ ফল প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তৃতীয় পর্যায়ের চূড়ান্ত আবেদনকারীর ক্ষেত্রে ‘এ’ ইউনিটের জন্য সর্বনিম্ন জিপিএ বিজ্ঞানে ৩.৮৩, মানবিকে ৪.১৭ ও ব্যবসায় শিক্ষায় ৩.৫০। ‘সি’ ইউনিটের জন্য সর্বনিম্ন জিপিএ বিজ্ঞানে ৪.৪২, মানবিক ও ব্যবসায় শিক্ষায় ৫। এর মধ্য দিয়ে চূড়ান্ত আবেদনের দুটি ধাপ শেষ হলো।
তৃতীয় ধাপে মনোনীত শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুর থেকে চূড়ান্ত আবেদন করতে পারবেন। আবেদনের এ প্রক্রিয়া চলবে ৭ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। তৃতীয় দফা শেষে আবেদন পূর্ণ না হওয়া সাপেক্ষে পরবর্তী একটি ধাপে আবেদন করা যাবে। চতুর্থ দফায় ১০ ও ১১ ফেব্রুয়ারি চূড়ান্ত আবেদন করতে পারবেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা।
চারটি পর্যায়ে চূড়ান্ত আবেদন গ্রহণ করবে ভর্তি কমিটি। যেকোনো পর্যায়ের জন্য নির্বাচিত প্রার্থীকে অবশ্যই সে পর্যায়ের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। পরবর্তীকালে আবেদনের আর কোনো সুযোগ থাকবে না।
এবার তিন ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৫ মার্চ ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ৬ মার্চ ‘এ’ ইউনিট (মানবিক) ও ৭ মার্চ ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে দুপুর ১২টা, বেলা ১টা থেকে ২টা এবং বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মোট চার পালায় অনুষ্ঠিত হবে।
এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রতি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি চারটি ভুলের জন্য ১ নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। এ ছাড়া ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে চূড়ান্ত আবেদনকালে অবশ্যই ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফরম পূরণ করতে হবে। এ ছাড়া ইউনিট/বিভাগ/ইনস্টিটিউট কর্তৃক আরোপিত শর্তও প্রযোজ্য হবে।
পরীক্ষাকক্ষে কোনো ধরনের ইলেকট্রনিকস ডিভাইস (মুঠোফোন, ক্যালকুলেটর, হেডফোন, মেমোরিযুক্ত ঘড়ি ইত্যাদি) সঙ্গে রাখা যাবে না।
২০২৪ সালের ২৫ মার্চের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। ভর্তি চলবে আগামী ১০ মে থেকে ২০ জুন পর্যন্ত। এ ছাড়া ১ জুলাই থেকে ক্লাস শুরু।
*প্রথম পর্যায়: ২৬ জানুয়ারি দুপুর ১২টা হতে ২৯ জানুয়ারি রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত (শেষ)
*দ্বিতীয় পর্যায়: ১ ফেব্রুয়ারি দুপুর ১২টা হতে ৩ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত (শেষ)
*তৃতীয় পর্যায়: ৬ ফেব্রুয়ারি দুপুর ১২টা হতে ৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত *চতুর্থ পর্যায়: ১০ ফেব্রুয়ারি দুপুর ১২টা হতে ১১ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত।