জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে অনলাইন প্রাথমিক আবেদন জমা দেওয়ার সময় আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এ প্রোগ্রামের এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়ে পাঠদান জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারিত ক্যাম্পাসে নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত হবে।
গতকাল শুক্রবার (২৪ জুলাই ২০২৬) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে অথবা পে স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি ১ হাজার টাকা জমা দিয়ে আবেদন ফরমের প্রিন্ট কপি অনলাইন থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে সংগ্রহ করতে হবে। গত ২১ জুন প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির সব শর্ত অপরিবর্তিত থাকবে।
*বাংলাদেশে স্বীকৃত সব শিক্ষা বোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২০২২/২০২৩ খ্রিষ্টাব্দের এসএসসি/সমমান পরীক্ষা ও ২০২৪/২০২৫ খ্রিষ্টাব্দের এইচএসসি/সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ–৩.০ পেতে হবে এবং উভয় পরীক্ষা মিলে ন্যূনতম জিপিএ–৬.৫ হতে হবে।
*স্বীকৃত সব শিক্ষা বোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান শাখা থেকে ২০২২/২০২৩ খ্রিষ্টাব্দের এসএসসি/সমমান পরীক্ষা ও ২০২৪/২০২৫ খ্রিষ্টাব্দের এইচএসসি/সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ–৩.৫ পেতে হবে এবং উভয় পরীক্ষা মিলে ন্যূনতম জিপিএ–৭.৫ হতে হবে।
*বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট) শাখা, ডিপ্লোমা ইন কমার্স শাখা ও এইচএসসি (ভোকেশনাল) শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রাথমিক আবেদন ফরম পূরণের শর্ত ও ভর্তিসংক্রান্ত তথ্য জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে Honours অপশনে গিয়ে NU Undergraduate Program লিংকে ক্লিক করতে হবে। আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই ভর্তি বিজ্ঞপ্তির সব শর্ত মেনে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে।
*বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন