
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র সেকেন্ডারি (ভোকেশনাল) ও জুনিয়র দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের ২০২৬ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। ২৩ জুলাই পর্যন্ত এ রেজিস্ট্রেশন প্রক্রিয়া ও ফি জমা দেওয়ার কার্যক্রম চলমান থাকবে। গতকাল রোববার কারিগরি বোর্ডের এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এ সময়সূচি অনুযায়ী দ্রুত রেজিস্ট্রেশন সম্পাদন করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদিত বিদ্যালয় বা মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এ ভোকেশনাল শিক্ষাক্রমে ভর্তি ও রেজিস্ট্রেশনের যোগ্য বলে বিবেচিত হবে। ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে ৯ থেকে ১৫ বছরের মধ্যে হতে হবে। তবে দ্বিতীয় শিফট ও বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা শিথিল করা হয়েছে।
বোর্ড নির্ধারিত ফির বিবরণে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীপ্রতি রেজিস্ট্রেশন ফি ৫০ টাকা, স্কাউট/গার্লস গাইড ফি ৪০ টাকা, রেড ক্রিসেন্ট ফি ৮ টাকাসহ মোট ৯৮ টাকা সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রতিষ্ঠানভিত্তিক জমা দিতে হবে।
সময়সূচি অনুযায়ী, ১২ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত অনলাইনে ডেটা এন্ট্রি ও পেমেন্ট সম্পন্ন করা যাবে। এরপর ২৬ থেকে ৩০ জুলাইয়ের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন কার্ড ও চূড়ান্ত তালিকার হার্ড কপি প্রিন্ট করতে হবে।
বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানের ডেটা এন্ট্রির স্বচ্ছতা নিশ্চিত করতে তিন সদস্যবিশিষ্ট একটি ‘রেজিস্ট্রেশন কমিটি’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটি প্রতিষ্ঠানে রক্ষিত মূল ভর্তি ফরম ও সনদের সঙ্গে মিলিয়ে তথ্য যাচাইয়ের পর চূড়ান্ত সাবমিট করবে।
কারিগরি বোর্ড বিশেষভাবে সতর্ক করে জানিয়েছে, রেজিস্ট্রেশনের এ ডেটা এন্ট্রির কাজে কোনোভাবেই শিক্ষার্থীদের নিযুক্ত করা যাবে না। এ ছাড়া যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত বোর্ডের অ্যাফিলিয়েশন ফি পরিশোধ রয়েছে, কেবল তারাই এ রেজিস্ট্রেশনের প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে তার সমুদয় দায় প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।